বিদিত লাল দাসকে আমরা সবাই পটলদা বলে ডাকতাম। ওনার যমজ আরেক ভাই ছিলেন। ওনাকে আলুদা বলতাম। পটলদা ছিলেন আমার চেয়ে বয়সে সাত-আট বছরের বড়। সিলেটের শেখঘাট এলাকার জমিদার পরিবারে ওনার জন্ম। তাঁদের দুটি সিনেমা হলও ছিল। পাশের এলাকায় থাকতাম আমরা। সিলেটে আমার জন্ম হওয়ায় আমাদের দুই পরিবারের মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক ছিল। জমিদার পরিবারে প্রচুর প্রাচুর্যের মধ্যে বড় হলেও সেসব তাঁকে মোহবিষ্ট করত না। সাত-আট বছর বয়সে ওনার সঙ্গে আমার সখ্য তৈরি হয়। একটা সময় তিনি লেখাপড়া করতে চলে যান শিলংয়ে। সেখানে ওস্তাদ পরেশ চক্রবর্তীর কাছে গানের হাতেখড়ি হয়। এরপর তিনি আবার সিলেটে ফিরে আসেন। সিলেটে এসে ওস্তাদ ফুল মোহাম্মাদ খান, প্রাণেশ দাশের কাছে সংগীতের শিক্ষা নেন।ছোটবেলায় যখন তাঁদের বাড়িতে যেতাম, তখন দেখতাম বিভিন্ন জায়গা থেকে তিনি বাউলদের নিয়ে আসতেন। সিলেটের আরকুম শাহ, কালা শাহ, শীতলং শাহ, দুরবিন শাহ, রাধারমণ, শাহ আবদুল করিম—এসব শিল্পীর গান বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচারের কাজ করতেন। বিশাল প্রাচুর্য নিয়ে ওনার কোনো মাথাব্যথা ছিল না। শুনেছিলাম, গানের কারণে জমিদারি প্রথার দিকে মনোযোগ না থাকায় নাকি পটলদার বাবা তাঁকে ত্যাজ্যপুত্র করার ঘোষণা দিয়েছিলেন। তার পরও লোকগানের প্রচারের ক্ষেত্রে তিনি দমে যাননি।১৯৫০ সালের দিকে আমাদের দেশে ভারতীয় গানের একটা বিশাল প্রভাব ছিল। সে সময় সন্ধ্যা মুখার্জি, মান্না দে, হেমন্ত মুখার্জির গান অনেক বেশি শুনত সবাই। ভারতীয় গানের জোয়ারের সময়ও তিনি বিভিন্ন মঞ্চে বাংলা লোকগানের প্রচারের কাজটিই করে যেতেন। এ জন্য বিভিন্ন জায়গায় তাঁকে অপমানিতও হতে হয়েছে। লোকগানের প্রতি ভালোবাসার কারণে এসব অপমান তিনি কখনো গায়ে মাখাননি।গানের পাশাপাশি পটলদা নাটকের সঙ্গেও জড়িত ছিলেন। সে সময় ওনার নাটকে আমি গিটার বাজাতাম। সেখান থেকেই আমি আবহসংগীতের কাজটা শিখে নিই। আজকে আমি চলচ্চিত্রে কাজ করছি, এটার পুরো কৃতিত্ব কিন্তু পটলদারই। শুধু তা-ই নয়, আজ যে আমি টুকটাক গানবাজনা করছি, এর কৃতিত্বও কিন্তু বিদিত লাল দাসের। তাঁর মৃত্যুতে আমরা মেধাবী একজন সংগীতকর্মী হারালাম।হাসন রাজা, রাধারমণ, গিয়াস উদ্দিনসহ অনেক গীতিকারের গানে তিনি সুর করেন। বিভিন্ন সময়ে নাটক ও নৃত্যনাট্যের সংগীত পরিচালনা করেছেন পটলদা।দেশ স্বাধীনের পরই ১৯৭৩ সালে বেতার ট্রান্সক্রিপশন সার্ভিস আয়োজিত লোকসংগীত উৎসবে বিদিত লাল দাসের কণ্ঠে লোকসংগীত শুনে মুগ্ধ হন পল্লিকবি জসীমউদ্দীন। সে সময় তিনি দর্শকসারি থেকে উঠে এসে তাঁকে মালা পরিয়ে দেন। ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’, ‘সিলট প্রথম আজানধ্বনি বাবায় দিয়াছে’, ‘মারিয়া ভজুঙ্গ তীর’, ‘মরিলে কান্দিস না আমার দায়’, ‘কারে দেখাব মনের দুঃখ গো’, ‘বাবা শাহজালাল আউলিয়া’, ‘প্রাণ কান্দে মন কান্দে রে’, ‘বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি’, ‘আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু’—এমন বহু জনপ্রিয় গানের সুরস্রষ্টা বিদিত লাল দাস তথা আমাদের প্রিয় পটলদাকে আমরা কিন্তু শেষ পর্যন্ত মূল্যায়ন করতে পারিনি। আমি একটি কথা বলতে চাই। আর তা হলো, বাংলাদেশের লোকসংগীতের মরুভূমিতে যে কজন দু-ফোঁটা বৃষ্টি ঝরিয়েছিলেন, তাঁদেরই একজন বিদিত লাল দাস। কিন্তু আজ খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ তাঁর মূল্যায়ন করতে পারিনি। দিতে পারিনি রাষ্ট্রীয় কোনো সম্মান। আমি মনে করি, একজন বিদিত লাল দাসকে সম্মান দিতে না পারাতে দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনাকে সম্মান দিতে পারলে আমরা নিজেরাই সম্মানিত হতে পারতাম। (অনুলিখিত) সুজেয় শ্যাম: শিল্পী ও সংগীত পরিচালক