মরুর আকাশে বাংলাদেশের তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ জানুয়ারি কাতারের দোহার আল আরাবি মাঠে অনুষ্ঠিত হলো ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। কাতার থেকে ফিরে এই আয়োজন নিয়ে লিখেছেন সাজ্জাদ শরিফ

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ছিল অপু বিশ্বাসের পরিবেশনা
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ছিল অপু বিশ্বাসের পরিবেশনা

ওরিক্স রোটানার বড়সড় হলরুমটিতে ঢুকলে কে বলবে আমরা কাতারের বুকে আছি। এ তো দিব্যি বাংলাদেশ। দেশের সংস্কৃতি ও বিনোদনজগতের একঝাঁক ঝলমলে তারা ছায়াপথের মতো গুচ্ছ বেঁধেছেন এখানে। ব্যাপারটা কী? না, ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠের দীর্ঘ আট মাসের উত্তেজনাময় প্রতিযোগিতার নিষ্পত্তি হতে যাচ্ছে পরের দিন। দোহার আল আরাবি মাঠে আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) এর গ্র্যান্ড ফিনালে।
কিন্তু মূল অনুষ্ঠানের আগে আগে এই হলঘরে যা হচ্ছে, তাকেই বা এলাহি কাণ্ড না বলে উপায় কী? ঘরটির কোণে কোণে চলছে হরেক রঙের টুকরো টুকরো ম্যাগাজিন শো। খাবারের জন্য বসানো হয়েছে অনেকগুলো গোলটেবিল। কয়েকজন প্রতিযোগীকে বগলদাবা করে ফাহমিদা নবী বসেছেন তার একটিতে। এক একজন করে প্রতিযোগী গান গাইছেন। সমস্যা দেখলেই সবেগে মাথা নাড়ছেন ফাহমিদা। সস্নেহ তর্জনে বলছেন, ‘খালি সুর ঠিক হলেই হবে, আবেগ কোথায়?’

আরিফিন শুভ ও লাক্স তারকা নাদিয়া
আরিফিন শুভ ও লাক্স তারকা নাদিয়া

সামিনা চৌধুরী সেরাকণ্ঠের আর কয়েকজনকে নিয়ে শুরু করে দিয়েছেন অন্ত্যাক্ষরী। প্রতিযোগিতা চলছে বিরাট উত্তেজনা নিয়ে।
আরেক টেবিলে টুকটাক কী যেন খাচ্ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সরু লাল পাড় নীল শাড়িতে সব সময়ের মতোই স্নিগ্ধ। তাঁর সঙ্গে এসে যোগ দিলেন কমলা বসনে দীপ্তিময় শাহনাজ রহমতুল্লাহ। এখনো কী সপ্রাণ! রফিকুল আলম, আবিদা সুলতানা, সুবীর নন্দী আর অভিনেত্রী দিতিও এসে বসলেন টেবিলে।
এস আই টুটুল, তানিয়া আহমেদ, মেহের আফরোজ শাওন, কনাদের টেবিল থেকে কথা তেমন কানে আসছে না। কথা সেখানে হচ্ছেও কম। কিন্তু মুহুর্মুহু সশব্দে ফাটছে হাসির বোমা। চোখ বন্ধ করেই বলে দেওয়া যাচ্ছে, টুটুল তাঁর কৌতুকের ঝাঁপি খুলে বসেছেন। অন্য আরও টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে বসেছেন চঞ্চল চৌধুরী, ইমন, বিদ্যা সিনহা মিম। কেউ আছেন নির্জনে। কারও চলছে অফুরান আড্ডা।
নৃত্যশিল্পীর দলটি কি একটু বেশি সিরিয়াস? হলঘরের এক কোনায় সেই যে তারা শুরু করেছে নাচের মহড়া, তার যেন আর শেষ নেই।
কথা, কৌতুক, আড্ডা আর মহড়ার পাশাপাশি চলছে ভোজনপর্ব। ঘরে সার বেঁধে রাখা হয়েছে বিস্তর খাবার। বাঙালি রসনার কথা ভেবে উপমহাদেশীয় রান্না। এখন অবশ্য ঠিক খাওয়ার সময় নয়। না দুপুরের, না রাতের। কিন্তু চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের প্রবল হস্তক্ষেপে এই হলঘর চলে এসেছে হোটেলের নিজস্ব নিয়মকানুনের বাইরে। প্রতিটি মানুষের সুবিধা–অসুবিধার দিকে তাঁর প্রখর নজর।
রাত গভীর হতে হতে পরপর দেখা মিলল অপু বিশ্বাস আর আইয়ুব বাচ্চুর। তাঁরা কি ভিন্ন ফ্লাইটে এলেন?

মিম
মিম

মূল চমক এল গভীরতর রাতে। ট্রেতে করে হঠাৎই হাজির হলো গাদা গাদা স্ট্রবেরি বসানো লোভনীয় এক কেক। সেটি নিয়ে যাওয়া হলো শাহনাজ রহমতুল্লাহর কাছে। ঘোষণা করা হলো, আজ তাঁর জন্মদিন। সবাই মিলে ঘিরে ধরলেন তাঁকে। ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গানটি যে এত সুমধুর, তা কে জানত? দেশের সেরা সেরা শিল্পীরা যদি সেই গানে কণ্ঠ মেলান, তা মধুর হবে নাই-বা কেন?
কেকটি কাটতে কাটতে জানা গেল, রফিকুল আলমেরও আজ জন্মদিন। কেক আনা হলো আরও একটি। সেটিও আয়োজন করে কাটা হলো। খুনসুটিও কম চলল না। কে যেন প্রশ্ন করলেন রফিকুল আলমকে, ১ জানুয়ারি কি তাঁর আসল জন্মতারিখ, নাকি স্কুলে দেওয়া। তাঁর জবাব, ‘আনুষ্ঠানিক জন্মতারিখ মানলে আমার ছোট ভাই আমার চেয়ে বয়সে বড়।’
অনুষ্ঠানের দিন সন্ধ্যায় আল আরাবি মাঠ চিনতে অসুবিধা কোথায়? ঝাঁকে ঝাঁকে বাঙালি যে পথটি ধরে এগিয়ে চলেছেন, সেদিকে এগিয়ে গেলেই হলো। অনুষ্ঠানের বহু আগেই মাঠ পূর্ণ। দীর্ঘদিন বিভূঁইয়ে থাকা এই মানুষগুলো পাগলের মতো ছুটে এসেছেন শুধু সামান্য কিছুক্ষণের জন্য বাংলাদেশের স্পর্শ পেতে।
কাতারপ্রবাসী বাংলাদেশিদের ওপর একটি প্রামাণ্যচিত্র দিয়ে সূচনা হলো অনুষ্ঠানের। এরপর মঞ্চে উঠলেন প্রতিযোগিতার বিচারক শাহনাজ রহমতুল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপু। তাঁদের উদ্দেশ করে ফরিদুর রেজা সাগর বললেন, ‘কাতারের আকাশে আজ চাঁদ। মঞ্চে আছেন আরও চারটি চাঁদ। আজ অনুষ্ঠানজুড়ে থাকবে এই পাঁচটি চাঁদ।’ অনুষ্ঠানটি আলোময় করে রাখলেন এই চাঁদেরা। তাঁদের সঙ্গে দোহার রাত ঝকমকিয়ে রাখলেন বাংলাদেশ থেকে যাওয়া অন্য তারারাও।
নাচে, গানে, স্ফূর্তিতে পাঁচ ঘণ্টাজুড়ে যা হলো, সেটি নিছক প্রতিযোগিতা নয়। সেটি বাংলাদেশের আনন্দময় উদযাপন। মঞ্চে যেমন, মাঠেও তার চেয়ে কম নয়। হেসে, গেয়ে, নেচে, উল্লাস করে প্রবাসীরা শীতের মাঠটিকে তপ্ত করে রাখলেন পুরোটা সময়।
কেমন ছিল সে আনন্দ, তা তো আর মুখে বলা যাবে না। প্রিয় দর্শক, তার স্বাদ নিতে ১৬ জানুয়ারি বেলা ৩টায় বসুন চ্যানেল আইয়ের পর্দার সামনে।