মলকা বানুর দেশে রে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়েবাড়িতে এলাহি কাণ্ড। খাওয়া-দাওয়ার ধুম লেগেছে। দুলার (বর) বাপের হাঁকডাক, কন্যার মায়ের বিষণ্ন মন। তালতো ভাই-তালতো বোনের (বেয়াই-বেয়াইন) ‘হরেক রকম মশকরা’ চলছেই। লাল টুকটুকে শাড়ি পরে বরের পাশে লাজরাঙা বউ। উঠোনের এক কোণে পালকি। মাইকে বেজে উঠল সেই গান, ‘মলকা বানুর দেশে রে/ বিয়ার বাদ্য আল্লাহ্ বাজে রে...।’ সেই সুরে জেগে উঠল গোটা ডিসি হিল, হাজার দশেক দর্শক। চট্টগ্রামের পুরোনো এই বিয়েরীতির আয়োজন তাঁদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই পুরোনো দিনে—যখন মাঝির মুখে-চাষির বুকে গান ছিল। ‘চলো অস্তিত্বের শেকড় যাত্রায়’ শিরোনামে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী জমজমাট লোক উত্সব। সমাজ সমীক্ষা সংঘের উদ্যোগে ২৯ ও ৩০ জানুয়ারি উত্সবে সারা দেশ থেকে এসেছিলেন লোকশিল্পীরা। গান, নাচ আর কথায় তাঁরা মাতিয়ে গেছেন বন্দর শহর চট্টগ্রাম। প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে রাঙামাটির জুম ইসথেটিকস কাউন্সিল, মাইজভান্ডারি মরমি শিল্পীগোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, কক্সবাজারের ওয়াঁ ওয়াঁ রাখাইন সাংস্কৃতিক দল ও কুষ্টিয়ার সাঁইয়ের বাউল দল অংশ নেয়। শুক্রবার বিকেলে নগরের ডিসি হিল চত্বরে উত্সবের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। শহীদ মিনার চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কাজী মাহমুদ ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। বিচারপতি হাবিবুর রহমান বলেন, ‘আকাশ-সংস্কৃতির আগ্রাসন মোকাবিলা করে বাংলার লোকসংস্কৃতি মাথা উঁচু করে বেঁচে থাকবে। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই।’ আরও বক্তব্য দেন দেবাশীষ রায়, আহমেদ সাইফুদ্দিন খালেদ, শিহাব চৌধুরী। উত্সব ঘোষণা পাঠ করেন মিন্টু চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন কল্লোল দাশ। দ্বিতীয় দিনে প্রথম পর্বের অনুষ্ঠানে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমেই রংপুরের ভাওয়াইয়া গান পরিবেশন করেন রণজিত রায়। এরপর শাহ আবদুল করিমের গান নিয়ে মঞ্চে আসেন শাহ আবদুর রহমান। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না’ গান আর বাবুল জলদাশের ঢোল নাচিয়েছে দর্শকদের।হাসনরত্ন আবদুল লতিফ মঞ্চে এসে বললেন, ‘৬৪ সালে আমি ছিলাম চট্টগ্রাম বেতারের শিল্পী। এখন আমার বয়স ৭৫ বছর। এই বয়সে আবার চট্টগ্রামে গান গাওয়ার সুযোগ হলো। এটা আমার জীবনের বড় পাওয়া।’ হাসন রাজার তিনটি গান করলেন তিনি। ‘একদিন তোর হইব রে মরণ’ গাওয়ার সময় শিল্পীর চোখে ছিল জল। সিলেটের মণিপুরি নৃত্যের মুগ্ধতার রেশ না কাটতেই মঞ্চে এলেন বারী সিদ্দিকী। হাজারো দর্শক দেখে অভিভূত বারী বললেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বায়নায় যাওয়ার আগে আয়োজকদের জিজ্ঞেস করি, দর্শক-শ্রোতা কত? তাঁরা বলেন, ১৫০ বা ২০০। কিন্তু চট্টগ্রামের মতো এত দর্শক আমি কোথাও দেখিনি। এ জন্যই তো আমি ভালোবাসি চাটগাঁকে।’ তিনি প্রথমে ধরলেন, ‘আমি তোর পিরিতির মরা বন্ধু রে/ চাইয়া দেখ না এক নজর।’ একে একে গাইলেন, ‘আমি একটা জিন্দা লাশ’, ‘মানুষ ধরো মানুষ ভজো’, ‘ভবের দেশে চলো’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’। ‘সুয়া চান পাখি’ গেয়ে কাঁদালেন দর্শকদের, কাঁদলেন বারী নিজেও।