মল্লিকাকে নিবেদিত ‘শুভম তোমাকে’
সদ্য প্রয়াত কবি মল্লিকা সেনগুপ্তকে নিবেদিত আবৃত্তি প্রযোজনা ‘শুভম তোমাকে’ শুরু হয় তাঁরই লেখা একটি কবিতার কিছু কথা উচ্চারণ করে। কথাগুলো হচ্ছে: ‘শুভম তোমাকে অনেকদিন পরে/ হঠাৎ দেখেছি বইমেলার মাঠে/ গত জনমের স্মৃতির মতন/ ভুলে যাওয়া গানের মতন’।গতকাল শুক্রবার সন্ধ্যায় বেগম সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আবৃত্তি সন্ধ্যাটির আয়োজন করে আবৃত্তি সংগঠন স্বরবৃত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমার সৃষ্টির পথ’, জীবনানন্দ দাশের ‘আকাশলীনা’, শক্তি চট্টোপাধ্যায়ের ‘একবার তুমি’, নির্মলেন্দু গুণের ‘মধ্যরাতে ক্ষণস্থায়ী বৃষ্টির প্রতি’সহ বিভিন্ন কবির কুড়িটি কবিতা নিয়ে এই আবৃত্তি প্রযোজনাটির নির্দেশনা দেন সুসিমতা হক। আবৃত্তিতে অংশ নেন আকতার হোসেন, জাসিয়া বিনেত শামীম, শুভ্রা বৈদ্য, ববি আকতার, প্রিয়াংকা সালাম, ফারজানা আফজা প্রমুখ। আমন্ত্রিত শিল্পী হিসেবে একক আবৃত্তি করেন হাসান আরিফ, মাহিদুল ইসলাম, লায়লা আফরোজ, রীআ মাহমুদ, ঝর্না সরকার, নায়লা তারান্নুম চৌধুরী প্রমুখ।