মল্লিকার বিরুদ্ধে আদালতের সমন
অশ্লীলতার অভিযোগে বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের বিরুদ্ধে সমন জারি করলেন গুজরাটের ভাদুদারা আদালত। আগামী ২০ এপ্রিল আদালতে তলব করা হয়েছে তাঁকে।২০০৭ সালে এক বর্ষবরণ অনুষ্ঠানে মুম্বাইয়ের জে ডব্লিউ ম্যারিওট হোটেলে অশ্লীল মঞ্চ পরিবেশনার জন্য মল্লিকা এবং হোটেলটির মালিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তত্কালীন বারোদা বার কাউন্সিলের প্রেসিডেন্ট নরেন্দ্র তিওয়ারি। তিনি ভারতীয় পেনাল কোডের ২৯৪ ধারায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনও করেছিলেন।এ প্রসঙ্গে নরেন্দ্রর উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, অভিযোগ দায়েরের পর পুলিশকে তদন্তের আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু পরবর্তী সময়ে পুলিশি প্রতিবেদনে বলা হয়, এ-সংক্রান্ত কোনো মামলা নাকি তাঁদের হাতে নেই। পরে গুজরাট উচ্চ আদালতে পিটিশন দায়ের করেন নরেন্দ্র। তাঁর অভিযোগকে আবার খতিয়ে দেখার জন্য ভাদুদারা আদালতকে নির্দেশনা দেওয়া হয় উচ্চ আদালতের পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভাদুদারা আদালতের একজন ম্যাজিস্ট্রেট মল্লিকা এবং জে ডব্লিউ ম্যারিওট হোটেল মালিকদের বিরুদ্ধে সমন জারি করেছেন।