মলয় বালার 'শকুন্তলার পুনর্মিলনী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মলয় বালার ‘শকুন্তলার পুনর্মিলনী’ প্রদর্শনী ঘুরে দেখছেন দুজন শিল্পরসিক l প্রথম আলো
মলয় বালার ‘শকুন্তলার পুনর্মিলনী’ প্রদর্শনী ঘুরে দেখছেন দুজন শিল্পরসিক l প্রথম আলো

মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক অবলম্বনে ‘শকুন্তলা’ উপাখ্যান লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রকৃতির মতো সৌন্দর্য, প্রেমময় ও সহিষ্ণুতায় ভরা শকুন্তলার জীবনকাহিনি। রাজা রবি বর্মাসহ অনেক শিল্পী শকুন্তলার কাহিনি চিত্রিত করেছেন। তপোবনের প্রাণিকুল, বৃক্ষরাজির সঙ্গে শকুন্তলার নিরন্তর মানবপ্রেম ও অকৃত্রিম সৌহার্দ্য ফুটে উঠেছে শিল্পী মলয় বালার শকুন্তলা ধারাবাহিক চিত্রে।
শিল্পী মলয় বালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যধারা বিভাগের চেয়ারম্যান। সেখানকার জয়নুল গ্যালারিতে গতকাল বিকেলে শুরু হয়েছে তাঁর একক চিত্রকর্ম প্রদর্শনী। ‘শকুন্তলার পুনর্মিলনী’ শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক রতন চন্দ্র পাল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
মন ভরিয়ে দেয় কাজগুলো। ছবিগুলো দেখেই বোঝা যায় প্রকৃতির বটগাছের ঝুরির সৌন্দর্য শিল্পী মলয় বালাকে প্রবলভাবে আকৃষ্ট করে। প্রকৃতির শোভা ও শকুন্তলার সৌন্দর্য একীভূত করে শকুন্তলা সিরিজ চিত্র এঁকেছেন জলরং ওয়াশ পদ্ধতিতে হাতে তৈরি কাগজে। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ছবিগুলো। গাছের ওপর জড়িয়ে থাকা শিকড়, গাছের বাকল একে অপরের সঙ্গে জড়িয়ে থেকে যে প্রতিমূর্তি ফুটে ওঠে, তাতে শকুন্তলাকে দেখা যায়। তাই তো আপাতদৃষ্টিতে তার চিত্রে গাছের শিকড়, বটের ঝুরি দেখলেও একটু লক্ষ করলে খুঁজে পাওয়া যায় নৃত্যরত, সখীদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত, হরিণশাবক আদর করতে ব্যস্ত, দুষ্মন্তের সঙ্গে গল্পে মগ্ন শকুন্তলাকে।
শিল্পীর মোট ১৮টি কাজ প্রদর্শনীতে স্থান পেয়েছে। সব কাজই জলরং, অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম ব্যবহার করে ওয়াশ পদ্ধতিতে করা।
প্রদর্শনীটি চলবে ২২ নভেম্বর পর্যন্ত।