মসজিদ নিয়ে শাকুর মজিদের প্রামাণ্যচিত্র
গত ৭০০ বছরে বাংলাদেশে মসজিদ স্থাপত্যের উদ্ভব এবং এর বিকাশ নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র বাংলার মসজিদ নির্মাণ করেছেন শাকুর মজিদ। পবিত্র রমজান মাসে বাংলাদেশ টেলিভিশনে মাগরিবের আজানের আগে ধারাবাহিকভাবে দেখানো হবে প্রামাণ্যচিত্রটি।প্রামাণ্যচিত্রটির পরিচালক ও স্থপতি শাকুর মজিদ জানান, চতুর্দশ শতাব্দীর শেষ থেকে সুলতানী, প্রাক-মোগল, মোগল, ব্রিটিশ, স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা-উত্তর সময়ে নির্মিত ৩০টি মসজিদ নিয়ে তিনি তৈরি করেছেন বাংলার মসজিদ। এর মধ্য দিয়ে বাংলার মসজিদকেন্দ্রিক মুসলিম স্থাপত্যরীতির বিবর্তনের চিত্র তুলে ধরেছেন তিনি। গ্রন্থনা করেছেন হোসনে আরা জলী।শাকুর মজিদ আরও জানান, এক হাজার ৪০০ বছর ধরে ইসলামি বিশ্বে মসজিদ স্থাপত্যের যে বিবর্তন ঘটেছিল, তা নিয়ে মসজিদের ইতিকথা নামে ৩০ পর্বের আরেকটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন তিনি। পবিত্র রমজান মাসে ইফতারের আগে ধারাবাহিকভাবে তা দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে।