মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ফ্রেমে উৎসবের এবারের আসরের বিচারকেরা l ছবি: প্রথম আলো
এক ফ্রেমে উৎসবের এবারের আসরের বিচারকেরা l ছবি: প্রথম আলো

বিশ্বের ৭০টি দেশের নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় শুরু হয়েছে ৩৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত বৃহস্পতিবার বিকেলে ঐতিহ্যবাহী রাশিয়া সিনেমা হলে আট দিনের এই উৎসবের উদ্বোধন করেন মস্কোর মেয়র সের্গেই সাবইয়ানিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ভ্লাদিমির মেদিনস্কি, ডাচ্ চলচ্চিত্রনির্মাতা পুক গ্রাস্টেন, জার্মানির পরিচালক উলরিকে আত্তিনগের প্রমুখ।
শারীরিক অসুস্থতার কারণে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট নিকিতা মিখালকোভ।
রুশ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও মস্কো নগর কর্তৃপক্ষের সহযোগিতায় এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এটি চলবে ৩০ জুন পর্যন্ত।
উৎসবের বিচারক প্যানেলের প্রধান বুলগেরিয়ান চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক ইভাইলো ক্রিস্তোভ বলেন, ‘সিনেমা দেখার দর্শক এখনো কমেনি, যা নির্মাতাদের জন্য খুবই আশাব্যঞ্জক সংবাদ।’ এবারের আসরে বিচারকের দায়িত্বে আরও আছেন জার্মানির পরিচালক উলরিকে আত্তিনগের, বলিউড অভিনেতা, প্রযোজক ও পরিচালক রণধীর কাপুর, রুশ চলচ্চিত্র অভিনেত্রী ভিক্তোরিয়া ইসাকোভা প্রমুখ।
আন্তর্জাতিক মস্কো চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজনে ১৬টি বিভাগে ১৮০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী ছবি হিসেবে এ বছর প্রদর্শিত হয়েছে আন্দ্রেই গেলাসিমোভের প্যারাডাইস ফাউন্ড উপন্যাস অবলম্বনে নির্মিত রুশ পরিচালক সের্গেই সালাভিওভের স্নিকার্স। উডি অ্যালেনের ছবি ক্যাফে সোসাইটির প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে পূর্ব ইউরোপের নামকরা এই চলচ্চিত্র উৎসব।
উল্লেখ্য, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রথম অনুষ্ঠিত হয় ১৯৩৫ সালে। সর্বশেষ ২০১২ সালে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত বাংলাদেশের ছবি গেরিলা প্রদর্শিত হয়েছিল এই উৎসবে।