মস্কো চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল
বিশ্বের ৬৪ দেশের ছবি নিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় শুরু হয়েছে ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত বৃহস্পতিবার বিকেলে সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন রাশিয়ার পার্লামেন্ট ডুমার ডেপুটি চেয়ারম্যান আলেক্সান্দর ঝুকোভ। রুশ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও মস্কো নগর কর্তৃপক্ষের সহযোগিতায় উৎসব চলবে ২৯ জুন পর্যন্ত।
রুশ চলচ্চিত্রের দুই পরিচিত মুখ দারিয়া মারোজ ও ইগর ক্লিমোভিচ উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন। উৎসবের সফলতা কামনা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ বার্তা পড়ে শোনানো হয়। আন্তর্জাতিক চলচ্চিত্রশিল্পের উন্নয়নে অবদান রাখায় ইতালীয় অভিনেতা ফ্রাঙ্কো নেরোকে এ বছর দেওয়া হয় সম্মাননা পুরস্কার।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা জোটের নিষেধাজ্ঞা চলমান থাকায় এ বছর উৎসবে বিদেশি অতিথিদের উপস্থিতি আগের চেয়ে কমেছে। উৎসবপ্রধান নিকিতা মিখালকোভ বলেন, নিষেধাজ্ঞার কারণে অনেকে বিভিন্ন কারণ দেখিয়ে মস্কো আসতে অপারগতা জানিয়েছেন।
এবারের উৎসবে ২৪৭টি ছবি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির লড়াইয়ে আছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি মোস্তফা সরয়ার ফারুকীর ডুব। ২৭ জুন মস্কো যাবেন ফারুকী। ছবিটি ২৮ ও ২৯ জুন উৎসবের দুটি হলে দেখানো হবে।