মহড়ায় ব্যস্ত...

জমে উঠেছে মহড়া। ফাঁকে ফাঁকে চলছে আড্ডা আর ছবি তোলা। রাজধানীর নিকেতনে ঈগলস ডান্স কোম্পানির কার্যালয়ে তারকারা ব্যস্ত শেষবেলার প্রস্তুতি নিতে। কারণ, দিন পেরোলেই তাঁরা নাচবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে।
এ বছর ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বয়স ৪০ পূর্ণ হলো। এ উপলক্ষে ‘গৌরবময় সেবার ৪০ বছর’ শিরোনামে আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এতে সন্ধ্যার পর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছেন বিনোদনজগতের একঝাঁক তারকা। সন্ধ্যার পর রাজারবাগ পুলিশ লাইনের মাঠে তাঁরা মঞ্চ মাতাবেন। অনুষ্ঠানে জুটি বেঁধে অংশ নিচ্ছেন ফেরদৌস-শখ, শুভ-মিম, আইরিন-নিরব-অহনা, ইমন-মেহজাবিন ও নায়লা নাঈম-প্রীতম।
নতুন ও পুরোনো দিনের একাধিক গানের সঙ্গে নাচবেন এসব তারকা।
অনুষ্ঠানের সব পরিবেশনা পরিচালনা করছেন ঈগলস ডান্স কোম্পানির তানজিল। আজ অনুষ্ঠানটি ধারণ করবে বেসরকারি চ্যানেল গান বাংলা, যা তারা পরে প্রচার করবে।