মহা চক্করে'ঘনচক্কর'

আর মাত্র কয়েক দিন বাদেই মুক্তি পাওয়ার কথা বিদ্যা বালান ও ইমরান হাশমি অভিনীত ‘ঘনচক্কর’ ছবিটির। মুক্তির সব প্রক্রিয়া যখন চূড়ান্ত ঠিক তখনই চিত্রনাট্য চুরির অভিযোগে আইনি নোটিশ পেয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা। সম্প্রতি স্বল্প-পরিচিত এক নেপালি লেখক ধীরেন্দ্র কুমার দাবি করেছেন, তাঁর চিত্রনাট্য চুরি করে নির্মিত হয়েছে ‘ঘনচক্কর’। এ জন্য ছবিটির মুক্তি স্থগিত করার কথা জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
ধীরেন্দ্র কুমারের দাবি, দুই-তিন বছর আগে তিনি একটি চিত্রনাট্য লেখেন। ২০১১ সালে সেটির নিবন্ধনও করেছেন; কিন্তু তাঁকে কিছু না জানিয়ে তাঁর লেখা গল্প চুরি করেছেন ‘ঘনচক্কর’ ছবির নির্মাতারা। তাঁর লেখা বিষয়বস্তু নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে।
‘ঘনচক্কর’ ছবির বিভিন্ন প্রচারণামূলক বিজ্ঞাপন দেখার পর ধীরেন্দ্র বুঝতে পারেন ছবিটি আসলে তাঁর লেখা চিত্রনাট্য অবলম্বনেই নির্মিত হয়েছে। এ জন্য গত মাসের ২০ তারিখে ফিল্ম রাইটারস অ্যাসোসিয়েশন বরাবর তিনি একটি অভিযোগপত্র পাঠান। ‘ঘনচক্কর’ ছবির পরিচালক রাজকুমার গুপ্তর সঙ্গেও দেখা করেন তিনি।
এ প্রসঙ্গে ধীরেন্দ্র বলেন, ‘ফিল্ম রাইটারস অ্যাসোসিয়েশন বরাবর অভিযোগপত্র পাঠানোর পর রাজকুমার গুপ্তর সঙ্গে আমি দেখা করেছিলাম। তিনি আমার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি হঠাত্ করেই জানান যে আলোচনা স্থগিত করা হয়েছে। এ জন্য সম্প্রতি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি আমি। ‘‘ঘনচক্কর’’ ছবিটির মুক্তি স্থগিত করার কথা জানিয়ে এর পরিবেশক সংস্থা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছি।’
এদিকে ‘ঘনচক্কর’ ছবির পরিবেশক সংস্থা ইউটিভি মোশন পিকচার্সের মুখপাত্র জানান, ‘হ্যাঁ, আমরা আইনি নোটিশ পেয়েছি। শিগগির এর জবাব দেওয়া হবে। আমি হলফ করে বলতে পারি, এই অভিযোগের বিন্দুমাত্র সত্যতাও নেই।’