মহা তারকার মহাপ্রয়াণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ মাইকেল
জর্জ মাইকেল

বড়দিনের আমেজ ধরে রাখতে কত জন কত কিছুই তো করে। খুব বেশি আগের কথা নয়, ২০১৫ সালের বড়দিনে অস্ট্রিয়ার একজন রেডিও জকি রেডিওতে একটি গান বাজিয়েছিলেন এক বা দুই বার নয়, টানা ২৪ বার! কোন গান আন্দাজ করতে পারেন?

সেই অন্যরকম আমেজ আনা বড়দিনের গানের নাম ছিল ‘লাস্ট ক্রিসমাস’, গানের স্রষ্টা গায়ক জর্জ মাইকেল। লাস্ট ক্রিসমাস গানে যিনি মাতিয়েছিলেন বিশ্বের কোটি সংগীতপ্রেমীর মন, সেই তিনিই পৃথিবী ছেড়ে চলে গেলেন ২০১৬-এর ক্রিসমাসের দিন। খুব বেশি তো বয়স হয়নি, মাত্র ৫৩ বছরেই তিনি পাড়ি জমালেন আরেক ভুবনে।

জর্জ মাইকেল, আশি আর নব্বইয়ের দশকে পৃথিবী কাঁপানো সেই তরুণ জর্জ মাইকেল। পুরো নাম ছিল জিওরগোস কিরিয়াকোস পানাইয়োতু। চার দশকের বেশি সময় ধরে তিনি মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন, গান গেয়েছেন, গান লিখেছেন, সুর করেছেন। জন্ম নিয়েছিলেন ১৯৬৩ সালের ২৫ জুন। স্কুলে যখন ভর্তি হবেন, তখন বাবা নিজেই বড় নামটা কেটেছেঁটে ছোট করে রেখেছিলেন জর্জ মাইকেল। কে তখন জানত, আর মাত্র কয়েকটা বছর পরই এই ছোট দুটি শব্দ ঝড় তুলবে ভক্তদের কানে?

স্কুলে পড়তে পড়তেই বন্ধু অ্যান্ড্রু রিজলের সঙ্গে পরিচয়, সেখান থেকেই দুজনের গানের নেশা ভাগাভাগি। দুজনে বিভিন্ন স্থানীয় ক্লাবে গান গেয়েছেন, স্কুলের অনুষ্ঠানও বাদ যায়নি। শেষে ১৯৮১ সালে বয়স যখন ১৮, তখন দুজন মিলে গঠন করলেন গানের দল ‘হোয়াম!’। দলের নামের শেষে যেমন বিস্ময়বোধক আছে, তেমনি এই জুটিও বিস্ময়করভাবে উপহার দিয়েছেন একের পর এক অসাধারণ গান। ‘ফ্রিডম’, ‘লাস্ট ক্রিসমাস’, ‘কেয়ারলেস হুইসপার’সহ শ্রোতাদের পছন্দের আরও অনেক জনপ্রিয় গান এসেছে এই জুটি থেকে। এক ‘লাস্ট ক্রিসমাস’ গানই পৃথিবীতে বিভিন্ন জন গেয়েছেন ৪০০-এর বেশি বার। ‘হোয়াম!’ এতটাই জনপ্রিয় হয়েছিল যে চীনের কঠিন বিধিনিষেধের বেড়াজাল এড়িয়ে সেখানেও পৌঁছে গিয়েছিল ব্যান্ডটি।

‘হোয়াম!’ ভেঙে যায় ১৯৮৭ সালে। তত দিনে জর্জ মাইকেল জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। এরপর তিনি উপহার দিয়েছেন আরও অনেক জনপ্রিয় সব গান, ‘ফেইথ’, ‘অ্যামেজিং’, ‘ফাস্ট লাভ’, ‘জেসাস টু আ চাইল্ড’। সারা বিশ্বে তাঁর অ্যালবাম ও রেকর্ড বিক্রি হয়েছে ১০ কোটির বেশি বার।

শুধু গানই নয়, তিনি কাজ করেছেন মানুষের জন্যও। ইথিওপিয়াতে সাহায্য পাঠাতে গান গেয়েছেন, এইচআইভি/এইডস নিয়ে মানুষকে সচেতন করতে গান গেয়ে টাকা তুলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির বিপক্ষে আঙুল তুলেছেন।

জীবনের শেষ কটা বছরে স্বাস্থ্য ভেঙে গিয়েছিল, ২০১১ সালে নিউমোনিয়া হয়ে মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছিলেন। কিন্তু সেই চিরচেনা তারুণ্যভরা কণ্ঠ, ভক্তরা ভালোবেসে যে কণ্ঠের নাম দিয়েছিলেন ‘গোল্ডেন ভয়েস’, সেই কণ্ঠ অটুট ছিল। আবার নতুন গান উপহার দেবেন এমনটাও কথা ছিল...কিন্তু ‘ওয়েক মি আপ বিফোর ইউ গো’-এর স্রষ্টা না ফেরার দেশে চলে গেলেন তার আগেই।

নাজিয়া শারমিন

দ্য ইনডিপেনডেন্ট, দ্য টেলিগ্রাফ, উইকিপিডিয়া অবলম্বনে