মহা দুশ্চিন্তায় আমিশা প্যাটেল
পূর্বসূরি অভিনয়শিল্পীদের পথ ধরে অভিনয়ের পাশাপাশি আমিশা প্যাটেল কিছুদিন আগে ছবি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক অবশ্য আমিশা একা নন। তাঁর সঙ্গে আরও আছেন দীর্ঘদিনের বন্ধু কুনাল। যে কিনা এরই মধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সফলভাবে করার মাধ্যমে বিভিন্ন মহলে সুনাম কুড়িয়েছেন। সর্বশেষ তিনি দুবাইয়ে বলিউডের পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের ভাগ্নে ইমরান খানের বিয়ের অনুষ্ঠানটি সফলভাবে করেছেন বলে জানা গেছে।খবরটি কিন্তু বেশ পুরোনোই। কিন্তু আসল খবর হলো অভিনেত্রী আমিশা প্রযোজক হলেও ছবি প্রযোজনার জন্য মনের মতো কোনো পরিচালকই পাচ্ছেন না তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, প্রযোজকের খাতার নাম লেখানোর পর থেকে বলিউডের বড় মাপের বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন আমিশা। কিন্তু এখন পর্যন্ত কোনো বৈঠকই আমিশার জন্য সুখবর বয়ে আনতে পারেনি। এ নিয়ে মহা দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।আমিশার সর্বশেষ টার্গেট ছিল জব উই মেট খ্যাত ছবির পরিচালক ইমতিয়াজ আলী। কয়েক দফা বৈঠকের পরও বেচারি আমিশা তাঁকেও রাজি করতে পারলেন না।জানা গেছে, ইমতিয়াজ আলী বর্তমানে রকস্টার ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছবিটির কাজ শেষ না হওয়া পর্যন্ত আপাতত কোনো নতুন ছবির শুটিং করতে পারছেন না তিনি। তবে বলিউড সংশ্লিষ্ট সবাই আশা করছেন, খুব শিগগিরই আমিশা তাঁর মনের মতো পরিচালক খুঁজে পাবেন।