মহাকালের ৩১ বছর

লিঙ্গ প্রতিবন্ধীদের সুখ-দুঃখ নিয়ে মহাকাল নাট্য সম্প্রদায়ের আলোচিত নাটক শিখণ্ডী কথা মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল সোমবার উদ্যাপিত হয় সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে দলটি ‘তিরিশটি শ্রাবণের মেঘশঙ্খে মহাকালের নাটসুর’ শীর্ষক বছরব্যাপী কর্মসূচির পরিকল্পনা করেছে। এ ধারাবাহিকতায় গতকাল দলটি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আয়োজন করেছিল ‘মহাকালের নাট্যসহযোদ্ধাদের মিলনমেলা, মহাকালের গর্বিত ৩১ বছর’ শীর্ষক আলোচনা, ইফতার আয়োজন এবং সবশেষে নাটক মঞ্চায়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী এবং বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা বক্তব্য দেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান ও নাট্যকার আনন জামান। স্বাগত বক্তব্য দেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ। সভাপতিত্ব করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য আফজাল হোসেন, সঞ্চালনা করেন মীর জাহিদ হাসান। আলোচনার ফাঁকে ফাঁকে বিভিন্ন নাট্যদলসহ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতিষ্ঠাবার্ষিকীর ফুলেল শুভেচ্ছা। বক্তারা বলেন, মহাকালের ৩১ বছর পাড়ি দেওয়ার চেয়ে বড় বিষয় হচ্ছে, মঞ্চে দলটির সক্রিয়। এই দীর্ঘ সময়ে নানা পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে অনেক বৈচিত্র্যময় নাটক নিয়ে এগিয়ে চলেছে এই নাট্যদল। আর প্রতিটি নাটকের বিষয়বস্তুতে ছিল সমাজের দায়বদ্ধতা। আলোচনা অনুষ্ঠান শেষে ছিল ইফতার মাহফিল। পরে স্টুডিও থিয়েটারে ছিল হিজড়া সমাজের মানুষদের সুখ-দুঃখ কথামালায় গাঁথা গবেষণা নাট্য আনন জামান রচিত ও রশীদ হারুন নির্দেশিত শিখণ্ডী কথার ১৪৭তম মঞ্চায়ন।
কালজয়ী উপন্যাস ‘আনোয়ারা’র শর্তবর্ষ পূর্তি আজ: বাংলা সাহিত্যের ধ্রুপদি উপন্যাস আনোয়ারা প্রকাশের শতবর্ষ পূর্তি হচ্ছে আজ। মোহাম্মদ নজিবর রহমানের আনোয়ারা উপন্যাসটি কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল ১৯১৪ সালের ১৫ জুলাই। প্রকাশের পরপরই উপন্যাসটি পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করে এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করে। আনোয়ারা গ্রামীণ মুসলমান মধ্যবিত্তের জীবনভিত্তিক প্রথম উপন্যাস।
কলকাতা ও ঢাকা থেকে এ পর্যন্ত উপন্যাসটির ৬০টির বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে। আনোয়ারা শতবর্ষ উদ্যাপন কমিটি উপন্যাসটির প্রথম সংস্করণের হুবহু পুনর্মুদ্রণের উদ্যোগ নিয়েছে। কমিটির আহ্বায়ক সৈয়দ আবুল মকসুদ জানান, ঈদুল ফিতরের পর উপন্যাসটির শতবর্ষপূর্তি উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হবে।