মহাকাশ নিয়ে শিশুদের ছবি
কেউ আঁকছে নভোযান, কেউ নভোচারী। এসব নভোযানের কোনোটি মহাকাশে, কোনোটি পৃথিবীতে, কোনোটি আবার নেমেছে চন্দ্রপৃষ্ঠে। রয়েছে উড্ডয়ন আর অবতরণের দৃশ্যও। কেউ কেউ বাংলার মাঠ, ঘাট, পথ, নদী, নিসর্গ, পতাকাও আঁকছে। রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এসব ছবি এঁকেছে শিশুরা। প্রথম নভোচারী ইউরি গ্যাগারিনের মহাকাশ যাত্রার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও রুশ বিজ্ঞান সংস্কৃতি কেন্দ্র যৌথভাবে যে বিজ্ঞান মেলার আয়োজন করে তারই আওতায় এ প্রতিযোগিতা। গতকাল রোববার সন্ধ্যায় মেলা উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ শামসুল হক। এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন, মেলা পরিচালক আতিফ মাহবুব ও সংগঠনের অন্যান্য সদস্য।চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও ছিল মহাকাশ-সম্পর্কিত রচনা প্রতিযাগিতা। মেলায় প্রদর্শিত হয় মহাকাশ বিজ্ঞান-সম্পর্কিত রাশিয়ার কার্টুন চলচ্চিত্র বেলকা ও স্ট্রেলকা: স্টার ডগস। কেন্দ্রের গ্যালারিতে চলছে আলোকচিত্র প্রদর্শনীও। আলোকচিত্রের মধ্যে রয়েছে প্রথম নভোচারী ইউরি গ্যাগারি যে নভোযানে চড়ে মহাকাশ যাত্রা করেছিলেন সেই ভস্টক-১। মহাকাশ যাত্রী প্রথম প্রাণী কুকুর লাইকা, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস), প্রথম যাঁরা মহাকাশ যাত্রার প্রচেষ্টা চালিয়েছেন তাঁদের অন্যতম মহাকাশ বিজ্ঞানী সের্গেই করলইয়ভের প্রতিকৃতি। আরও আছে বেশকিছু নভোযান, নভোচারী ও মহাকাশ বিজ্ঞান-সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ছবি। প্রদর্শনী চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।