মহাকাশে মধুচন্দ্রিমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করে থিতু হওয়ার সিদ্ধান্তের পাশাপাশি তারকা-অভিনয়শিল্পী অ্যাস্টন কুচার ও মিলা কুনিস মধুচন্দ্রিমার পরিকল্পনাও করে ফেলেছেন। পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশে মধুচন্দ্রিমার পর্ব সারতে চান তাঁরা। সেই মোতাবেক প্রস্তুতিও চলছে।
এরই মধ্যে এক লাখ ২৪ হাজার পাউন্ড খরচ করে রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযানের টিকিট কিনেছেন কুচার। এই ভ্রমণে অবশ্যই সঙ্গে থাকছেন মিলা। এ তথ্য নিশ্চিত করেছেন কুচার। ঘনিষ্ঠ সূত্রের বরাতে সম্প্রতি এ চাঞ্চল্যকর খবর জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা।
স্পেসশিপ ২ (এসএস২) নামের একটি নভোযানে আগামী বছর থেকে মহাকাশ ভ্রমণের এ বাণিজ্যিক যাত্রা শুরু হতে যাচ্ছে। প্রথম ভ্রমণে ভার্জিন গ্যালাকটিকের প্রধান হিসেবে ব্র্যানসন ও তাঁর পরিবার, কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবার, হলিউডের তারকা যুগল ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিসহ বেশ কিছু বিত্তশালী তারকাও মহাকাশ ভ্রমণে যাচ্ছেন।
ভার্জিন গ্যালাকটিকের প্রথম যাত্রায় মহাকাশে দুই ঘণ্টায় ৬০ মাইল ভ্রমণের সুযোগ পাবেন ভ্রমণকারীরা। দুজন চালক ও ছয়জন যাত্রীসহ মহাকাশে উড়বে এসএস২।