মহানগর নাট্যোৎসব নাটক দেখার নতুন সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যার পর মহিলা সমিতির নাটক সরণি এখন কিছুটা নিরিবিলিই থাকে। কর্মীদের তুমুল নাট্য-আড্ডার সঙ্গে দর্শকের আনাগোনায় থিতিয়ে গেছে। নাটক সরণি থেকে নাটক এখন শিল্পকলা একাডেমির পথ ধরেছে, তাই এ অবস্থা। তবে আজকের পরিবেশ ভিন্ন। মহিলা সমিতির ফটকমুখে কিছুটা জটলা। কেউ বের হচ্ছে, কেউ ঢুকছে। বাইরে নাটকের পোস্টার-ব্যানার দেখে যে কেউ-ই বুঝে নেবে ভেতরের নাটকের খবর। মহানগর নাট্যোৎসব ২০১১-এর একটা অংশ মহিলা সমিতি মিলনায়তনেও স্থান পেয়েছে। এ খবর দর্শকও পেয়েছে। উৎসবের তৃতীয় দিন ৩ এপ্রিল। বাইরে ব্যানারে নাটকের নাম লেখা—আজকের নাটক ঢাকা ড্রামার এখন দুঃসময়। তখনো নাটক শুরু হয়নি। দর্শকের সাড়াও খুব একটা নেই। পারভেজ ও পিকলুর হাতে টিকিট। নাটক দেখার উদ্দেশ্যেই আসা। এর আগে দুজনের মধ্যে চলছে খণ্ডকালীন আড্ডা। কাছে গেলাম। পারভেজের কথায় উঠে এল, আগে তিনি দুবার ঢাকার মঞ্চে নাটক দেখেছেন। ‘কয়েক দিন আগে থেকেই পত্রিকায় দেখছি উৎসবের খবর—ঢাকার বেশ কয়েকটি জায়গায় নাটক হচ্ছে। কাছাকাছি ছিলাম। চলে এলাম। তবে শিডিউলে ঢাকার নামডাকওয়ালা দলের নাম নেই।’ বললেন পারভেজ। কথা না বাড়িয়ে সোজা ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন। ওখানেও উৎসবের আমেজ। এবারই এখানে প্রথম নাট্যোৎসব। দর্শকের কাছে নাটকের নতুন মিলনায়তন হিসেবে এটি আত্মপ্রকাশ করেছে। ধরা যায়, ধানমন্ডির দর্শককে আর বাড়তি ঝামেলা নিয়ে যানজট পেরিয়ে নাটক সরণি বা শিল্পকলা একাডেমীতে যেতে হবে না। সবে শেষ হয়েছে বঙ্গরঙ্গ নাট্যদলের কবর নাটকটি। মহসিন আলী ও তাঁর স্ত্রী শায়লা নাজনীন এবং ১২ বছরের একমাত্র সন্তান রহিত। পুরো পরিবার নিয়েই ছায়ানট ভবনে নাটক দেখতে এসেছিলেন। নাটক শেষে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামছিলেন। ‘পুরো পরিবার মিলেই নাটক দেখলাম। ভালো লেগেছে। ধানমন্ডি এলাকায় তো নাটকের হল নেই। আর দূরে গিয়ে নাটক দেখাও হয়ে ওঠে না। এখানে নিয়মিত নাটক মঞ্চস্থ হলে দেখার সুযোগ হবে।’ নামতে নামতে কথাগুলো বললেন মহসিন আলী।উৎসবটির মাধ্যমে নাট্যপ্রেমী দর্শকের একটু সুবিধাই হয়েছে। বিশেষ করে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন বা পুরান ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এ ধরনের উৎসব হওয়ায় দর্শকের নাটক দেখার বাড়তি সুযোগ হয়েছে।পরদিন ৪ এপ্রিল নাটমণ্ডলে নাটক শুরু হওয়ার আগমুহূর্তের কথা। এখানেও উৎসবের আমেজ। দর্শক সারিবদ্ধভাবে মিলনায়তনে ঢুকছে। বেশির ভাগ দর্শকই ছাত্রছাত্রী। এর মধ্যে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র নঈমের সঙ্গে। তিনি একটু হতাশার সুরেই বললেন, ‘ঢাকার এতগুলো জায়গায় এ ধরনের উৎসব প্রথম হচ্ছে। অথচ নাগরিক, ঢাকা থিয়েটার, আরণ্যকের মতো দলগুলোর নাটক নেই।’ নঈমের কথার সঙ্গে সুর মেলালেন নাট্যকর্মী অনি। তিনি বললেন, যেসব মিলনায়তনে প্রথম নাটক হচ্ছে, দর্শকও নাটক প্রথম দেখতে আসছে, সেসব জায়গায় বড় দলগুলোর নাটক মঞ্চস্থ হলে ভালো হতো।’ কথাগুলো মাথায় নিয়ে বেরিয়ে পড়ি জাতীয় নাট্যশালার উদ্দেশে। জাতীয় নাট্যশালার ওপরের চত্বরে ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীসহ বেশ কয়েকজন সদস্য পাওয়া গেল। সভাপতির উদ্দেশেই নাটমণ্ডলের দর্শকের কথাগুলো নিয়ে প্রশ্ন করি। উত্তরে লিয়াকত আলী লাকী বলেন, ‘আমরা চেয়েছি, সব রকমের নাটকের দলই এসব জায়গায় নাটক করবে। এসব দল নাট্য প্রদর্শনীতে উদ্বুদ্ধ করার জন্যই রাখা হয়েছে। উৎসব শেষ হলে বড় দলের ভালো নাটক এসব মিলনায়তনে মঞ্চস্থ হবে।’ উৎসব নিয়ে তাঁর মধ্যে যেন আলাদা উত্তেজনা কাজ করছে। সে কথা তাঁর মুখ থেকে বেরিয়ে এল, ‘আমরা সব অঞ্চলে থিয়েটারচর্চার আবহ তৈরি করতে চাই। সবার জন্য থিয়েটার। ঢাকার দুই কোটি মানুষের জন্য আমাদের এই আয়োজন। হয়তো এখন এমন হবে না। তবে একদিন না একদিন আমাদের এই স্বপ্ন পূরণ হবে। আমি মনে করি, এই মুহূর্তে ঢাকায় ২৫টি মঞ্চ জরুরি দরকার।’ঢাকার চারটি জায়গায় পাঁচ দিনের নাট্যোৎসবে দর্শকের তেমন একটা সাড়া মেলেনি। মহিলা সমিতি, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র, ছায়ানট মিলনায়তন ও নাটমণ্ডল ঘুরে মহানগরের নাট্যোৎসবে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়নি। সাধারণত জাতীয় নাট্যশালা ঘিরে প্রথম সারির দল নিয়ে বিগত দিনে যেসব উৎসব হয়েছে, সেখানে দর্শকের যে আমেজ পাওয়া গেছে, তা এই উৎসবকে ঘিরে হয়নি। ‘এ ধরনের উৎসব আমরা প্রথম আয়োজন করেছি। নতুন নতুন মিলনায়তনে নাটক মঞ্চস্থ হচ্ছে। দর্শকের কাছে মিলনায়তনগুলো পরিচিত হতেও তো সময় লাগবে।’ বললেন ফেডারেশনের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আকতারুজ্জামান। তবে বিষয়টিকে একটু অন্যভাবে বললেন নাট্যকর্মী জুনায়েদ। ‘এত বড় একটা উৎসব, অথচ প্রচার-প্রচারণা কম। আর দর্শক উৎসবের খবর না পেলে আসবে কীভাবে? আমার কাছে মনে হয়, ফেডারেশনের নাট্যোৎসবগুলোয় প্রচারের ক্ষেত্রে তেমন গুরুত্ব পায় না।’‘ঢাকা হবে থিয়েটার নগরী’ স্ল্লোগান নিয়ে গত ৩১ মার্চ ছায়ানট মিলনায়তনে উৎসবটির উদ্বোধন করেন সন্জীদা খাতুন। লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বক্তব্য দেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, নাট্যজন ইসরাফিল শাহীন, শাহ আলম দুলাল প্রমুখ। উৎসব শুরু হয় ১ এপ্রিল। মাঝখানে ২ এপ্রিল বাদ রেখে টানা ৬ এপ্রিল পর্যন্ত চলে উৎসবটি। এটি ঢাকার চারটি মিলনায়তন—মহিলা সমিতি, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র, ছায়ানট মিলনায়তন ও নাটমণ্ডল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একযোগে চলে। উৎসবে ২০টি নাটক মঞ্চস্থ হয়।