মহানগর নাট্যোৎসবে মলিয়ের
অশিক্ষিত কাঠমিস্ত্রির কবিরাজ হয়ে ওঠা এবং উচ্চবিত্ত পরিবারের এক মেয়ের ভুল চিকিৎসার মধ্য দিয়ে সাত্ত্বিক নাট্যসম্প্রদায়ের পেজগী নাটকের কাহিনি এগোতে থাকে। ভুল চিকিৎসা করেও চালাকির মাধ্যমে কবিরাজ বহুবার বেঁচে যায়। তবে শেষ রক্ষা হয় না। তাকে ধরা পড়তে হয়। কবিরাজের চালাকি ধরা পড়ার মধ্য দিয়ে নাটকের সমাপ্তি ঘটে।গতকাল রোববার সন্ধ্যায় মহানগর নাট্যোৎসবের আওতায় নাটকটি প্রদর্শিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। ফরাসি নাট্যকার মলিয়েরের মালকে লুই লা মেডিসিনা থেকে এর রূপান্তর করেন অপু আমান। নির্দেশনা দেন কামরুজ্জামান। নাটকটির মাধ্যমে নাট্যকার মূলত অশিক্ষা যে কী ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে, সেই বার্তাই দিতে চেয়েছেন।এ ছাড়া গতকাল এ উৎসবে ছায়ানট সংস্কৃতি ভবনে বঙ্গরঙ্গ নাট্যদল আসিফ মুনিরের নির্দেশনায় মঞ্চায়ন করে মুনীর চৌধুরীর নাটক কবর। জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে গ্রন্থিক নাট্যগোষ্ঠী মঞ্চায়ন করে গিরগিটি। এর রচনা ও নির্দেশনা দেন মতিউর রহমান। মহিলা সমিতিতে ঢাকা ড্রামা মঞ্চায়ন করে নাটক সি-মোরগ।উৎসব চলবে ৬ এপ্রিল পর্যন্ত। উল্লিখিত মিলনায়তনগুলোয় প্রতিদিন সন্ধ্যায় একটি করে নাটক মঞ্চায়িত হবে।শিল্পী হাশেম খানের স্বাধীনতা পদক পাওয়ায় প্রীতি সম্মিলনবন্ধু ও সুহূদদের নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আয়োজন। উপলক্ষ, দেশের বরেণ্য শিল্পী হাশেম খানের মর্যাদাপূর্ণ ‘স্বাধীনতা দিবস’ পুরস্কার পাওয়া। গতকাল রোববার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে এই আয়োজনে দেশের নবীন-প্রবীণ শিল্পী ও কলানুরাগীরা উপস্থিত ছিলেন। বেঙ্গল ফাউন্ডেশন ও শিল্পীর সুহূদেরা এই প্রীতি সম্মিলনের আয়োজন করেছিলেন।সন্ধ্যায় আয়োজিত আনন্দঘন প্রীতি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, শিল্পসমালোচক প্রণবরঞ্জন রায়, মুনতাসীর মামুন, শামসুজ্জামান খান, মফিদুল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন ‘সুরের ধারা’র শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালন করেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।চিত্র ও স্থাপনাশিল্পে ঢাকার নানা রূপ‘ঢাকা’ নগরের কথা ভাবলে অনেকের মনে যে চিত্রকল্প তৈরি হয়, তেমনি কিছু খণ্ডচিত্র প্রদর্শিত হচ্ছে জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পালয়ে। তিন শিল্পী এসব উপস্থাপন করেছেন চিত্রকর্ম এবং কিছু স্থাপনাশিল্পের মাধ্যমে। যৌথ এ প্রদর্শনীর শিরোনাম ‘ঢাকা সিকস সলিচিউড’। আয়োজক জার্মান সাংস্কৃতিক কেন্দ্র। শিল্পীরা হলেন মুস্তাফা জামান, রোকেয়া সুলতানা ও রনি আহম্মেদ। কিউরেটরের দায়িত্ব পালন করেন শিল্পী মুর্শিদা আরজু।উপস্থাপিত খণ্ডচিত্রগুলোর মধ্যে রয়েছে রিকশা, যানজট, মতিঝিলের শাপলা চত্বর, লালবাগের কেল্লা, মধুর ক্যানটিন. সিএনজিচালিত অটোরিকশা, বেশ কিছু অপরিকল্পিত স্থাপনা, পাইপের ভেতরে মানুষের বসবাস ইত্যাদি।এসবের পাশাপাশি শিল্পীরা পরিকল্পিত এবং স্বপ্নের ঢাকাও উপস্থাপন করেছেন। তেমনি একটি চিত্রকর্মে দেখা যায়, ঢাকার রাস্তার দুই ধারে সবুজ গাছপালা, সেসব গাছের কোনো কোনোটিতে ফুল ও পাখির সহাবস্থান। সেই রাস্তায় চলছে ‘ঢাকা মেট্রো’ লেখা নম্বরফলকযুক্ত সিএনজিচালিত অটোরিকশা। অন্য একটিতে দেখা যায় লালবাগের কেল্লার চার ধারে অনেক ফাঁকা জায়গা, সেখানে রয়েছে সবুজ বনানী। আছে একটি হ্রদও; সেই হ্রদে আছে নানা রঙের ফুল এবং হ্রদের পাড়ে বসে আছে কয়েকটি বক। মধুর ক্যানটিন আর লিওনার্দো দ্য ভিঞ্চির দ্য লাস্ট সাফার-এর সমন্বয়ে ঢাকার অন্য রকম এক খণ্ডচিত্র এঁকেছেন শিল্পী রনি আহম্মেদ। আরও আছে বেশ কিছু চলচ্চিত্রের প্রচারপত্র, আছে চলচ্চিত্র ও টিভি নাটকের বেশ কয়েকজন নায়ক-নায়িকা এবং স্বনামখ্যাত ব্যক্তিত্বের প্রতিকৃতি। প্রদর্শনী চলবে ৭ এপ্রিল পর্যন্ত।প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটগৌড়ের ন’মানুষনাটকের দল নাটগৌড়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটগৌড় সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আয়োজন করে প্রীতি নাট্যপ্রদর্শনীর। এতে তাদের নতুন প্রযোজনা ন’মানুষ মঞ্চায়িত হয়।ন’মানুষ আর্জেন্টিনার লেখক হোরাসিও কিরোগার সাড়া জাগানো গল্প ‘উয়ান দারিয়েন’-এর নাট্যরূপ। এর নাট্যপরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন তুহিন অবন্ত। নাটকটিতে মানুষের জন্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানবসমাজে একটি পশুর বেড়ে ওঠা ও তাকে ঘিরে নগরের মানুষের হাসি, কান্না, আনন্দ, দুঃখ-বেদনার রূপ পরিগ্রহ হলেও ন’মানুষ মূলত সর্বপ্রাণবাদী একটি নাটক। নাটকের শুরু ও শেষে সর্বপ্রাণবাদের জয়কীর্তন করা হয়েছে। মানবাধিকারই এই নাটকের মূলসুর।লোকজ আঙ্গিকে উপস্থাপিত হয়েছে নাটকটি।জাদু উৎসব শুরুএক হাতে বল, অন্য হাতে কাপ। বলটি কাপে রাখতেই মিলিয়ে যায়। হাতটা একবার ঘুরিয়ে কাপে রাখতেই আবার হাতে চলে আসে বলটি। তারপর মুহূর্তেই বলটি পরিণত হয় আপেলে, পরক্ষণে হয়ে যায় কমলা। গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এমনই একটি জাদু প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় জাদু উৎসবের সূচনা করেন জাদুশিল্পী মনিরুজ্জামান। তিন দিনব্যাপী এ উৎসব আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জাদুশিল্পী পরিষদ। উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।উৎসবে এম এ বাশার, আক্তার হোসেন, আলীরাজ, মইনুল খান, বাবুল হোসেন, বদিউজ্জামানসহ প্রায় অর্ধশত জাদুকর জাদু প্রদর্শন করবেন। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন সন্ধ্যা সাতটায় প্রদর্শনী শুরু হবে।