মহানগর পথনাট্যোৎসবে ‘উদ্বাস্তু’
ঘর-পালানো যুবক কাশীনাথ। পার্কের বেঞ্চ আর বহুতল ভবনের বারান্দাই এখন তার ঘর। দিনে ঝলমুড়ি বিক্রি করে। একদিন তার পরিচয় ঘটে এক ছিন্নমূল কিশোর কামালের সঙ্গে। দুজনের মধ্যে তৈরি হয় আত্মার বন্ধন। নানা কারণে একসময় এই বন্ধনে ফাটল ধরে। এমন গল্প নিয়ে বাবলু ভট্টাচার্য রচিত নাটক উদ্বাস্তু। নাটকটির নির্দেশনা দিয়েছেন শওকত আলী মনসুর। ব্যবস্থাপনায় ছিলেন আজিজুল পারভেজ। গতকাল সন্ধ্যায় ইউনিভার্সেল থিয়েটার প্রযোজিত এ নাটক পরিবেশিত হয় মহানগর পথনাট্যোৎসবে। বাংলাদেশ পথনাটক পরিষদ সপ্তাহব্যাপী এ উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমীর সহযোগিতায়। সোহরাওয়ার্দী উদ্যানের সোনার বাংলা সাংস্কৃতিক বলয় মুক্তমঞ্চে গতকাল এ উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। উৎসব চলবে ৭ জুন পর্যন্ত। এবারের উৎসবের স্লোগান ‘নাটক হবে রাজপথে/জীবনযুদ্ধ একই সাথে’।উৎসবে প্রতিদিন পরিবেশিত হবে ছয়টির মতো নাটক। প্রথম দিন উদ্বাস্তু ছাড়াও পরিবেশিত হয় অপু আমান নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী। পরিবেশন করে নাট্যদল অপেরা। পদাতিক নাট্য সংসদ পরিবেশন করে সাক্ষী। ফারুক প্রধান রচিত এ নাটকের নির্দেশনা দেন তোসাদ্দেক হোসেন। মঞ্চকথা নাট্যসংঘ পরিবেশন করে নাটক কি গ্রাম কি শহর। সফদার হাশমির লেখা এ নাটকের নির্দেশনা দেন মোস্তফা শরীফ।আজ পরিবেশিত হবে ছয়টি নাটক। গাজীপুরের নাট্যভূমি পরিবেশন করবে নাটক ঝংকার। ইমন শিকদার রচিত এ নাটকের নির্দেশনা দেন শাজাহান শোভন। মুন্সিগঞ্জের সঞ্চালক পরিবেশন করবে আলমগীর মাহমুদ রচিত ও নির্দেশিত নাটক টুল। শাহ রাশেদ আহমেদ নির্দেশিত নাটক সবুজ পরী পরিবেশন করবে নারায়নগঞ্জের নাট্যদল এই বাংলায়। এইচ আর অনিক রচিত ও নির্দেশিত নাটক আজব বাঙলা পরিবেশন করবে চন্দ্রকলা থিয়েটার। মোস্তুফা কামাল নির্দেশিত যুদ্ধ, স্বাধীনতা পরিবেশন করবে শব্দ নাট্যচর্চা কেন্দ্র। এটি রচনা করেন তৌফিক হাসান। হামিদুর রহমান রচিত জ্বলো চিতা বাঘ পরিবেশন করে নাট্যরথ। এর নির্দেশনা দেন গাজী মাহবুব হাসান। বাংলা নাটক করবে বিশ্ব ভ্রমণ ‘বাংলা নাটক করবে বিশ্ব ভ্রমণ’ স্লোগান নিয়ে কাল শুক্রবার শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর আয়োজন করবে শিল্পকলা একাডেমীর সহযোগিতায়। উৎসবে ভারতের কলকাতা, ওডিশা ও বহরমপুরের তিনটি দলসহ বাংলাদেশের ২৭টি দল অংশ নেবে।আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উৎসব উদ্বোধন করবেন প্রধান অতিথি বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যজন সারা যাকের এবং ঢাকার জেলা প্রশাসক মো. মোহিবুল হক।গতকাল বুধবার সকালে গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা। জাতীয় নাট্যশালার থিয়েটার ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক কেরামত মাওলা প্রমুখ। প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক প্রদর্শিত হবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটারে। উৎসবে ১০০ এবং ৫০ টাকা মূল্যের টিকিট থাকবে। তবে নাট্যকর্মী ও শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে ২০ টাকায় টিকিট পাবেন।শিল্পকলায় চমকপ্রদ সার্কাসতারের ওপর দাঁড়িয়ে আছে এক বালিকা। পাশে রাখা আছে চারটি পেয়ালা, চারটি পাত্র ও একটি চামচ। বালিকা চমকপ্রদ কৌশলে পায়ের সাহায্যে পেয়ালা ও পাত্রগুলো সাজিয়ে রাখছিল তার মাথার ওপর। এমন প্রায় ১৫টি পরিবেশনা ছিল উদ্বোধনী দিনের সার্কাস প্রদর্শনীতে। পরিবেশন করে দ্য লায়ন সার্কাস। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে গতকাল বিকেলে আট দিনব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ অনুন্নয়ন বাজেটে ‘নাটক, নৃত্য, সংগীত ও যাত্রাশিল্পের পৃষ্ঠপোষকতা ও মানোন্নয়ন’ শীর্ষক কর্মসূচির আওতায় এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।প্রদর্শনীতে লায়ন সার্কাস ছাড়াও সার্কাস দেখাবে দ্য রওশন সার্কাস। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়।