মহানায়ক স্মরণে

মহানায়ক উত্তমকুমারের ৩৭তম প্রয়াণ দিবস আজ। এই দিনটিকে স্মরণে রাখার জন্য কলকাতার বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। মহানায়কের গড়া শিল্পী সংসদের উদ্যোগে নেওয়া হয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি। থাকছে নন্দনে সপ্তাহব্যাপী উত্তম চলচ্চিত্র প্রদর্শনী। আরও থাকছে মহানায়ক অভিনীত বিভিন্ন ছবির পোস্টার প্রদর্শনী। নন্দনে আয়োজিত সপ্তাহব্যাপী চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ ও অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।
নন্দনে আয়োজিত চলচ্চিত্র উত্সবে প্রতিদিন প্রদর্শিত হবে উত্তম অভিনীত চলচ্চিত্র। এখানে থাকছে সাড়ে চুয়াত্তর, মৌচাক, থানা থেকে আসছি, সোনার হরিণ, বন পলাশীর পদাবলী, জীবন তৃষ্ণা, শিল্পী ইত্যাদি ছবি।
গত শুক্রবার এই দিনটির স্মরণে কলকাতার আর্ট মিকাডো উত্তমকুমারের বিভিন্ন ভঙ্গিমার ছবি প্রদর্শনীর আয়োজন করে। এসব ছবি এঁকেছেন আর্ট মিকাডোর ছাত্রছাত্রীরা। মুক্তি ওয়ার্ল্ডে এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রনায়ক প্রসেনজিৎ।