মহানায়িকার মহাপ্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্ম: ৬ এপ্রিল ১৯৩১   মৃত্যু: ১৭ জানুয়ারি ২০১৪| ছবি: সংগৃহীত
জন্ম: ৬ এপ্রিল ১৯৩১ মৃত্যু: ১৭ জানুয়ারি ২০১৪| ছবি: সংগৃহীত

টানা ২৬ দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন। অবসান ঘটল বাংলা তথা ভারতীয় সিনেমার একটা যুগের। গতকাল ১৭ জানুয়ারি সকাল আটটা ২৫ মিনিটে হূদেরাগে আক্রান্ত হন মহানায়িকা। এর কিছুক্ষণ পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতার বেল ভিউ ক্লিনিকে ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মিন্টো পার্কের বেল ভিউ ক্লিনিক থেকে বালিগঞ্জের বাড়ি হয়ে কেওড়াতলা শ্মশানের পথে যাত্রা করলেন তিনি। কলকাতার রাজপথে শবযাত্রার সঙ্গে সঙ্গে যেন অগণিত মানুষের কৈশোর, যৌবনের আবেগের মৃত্যু ঘটল। জীবন-মৃত্যুর লড়াইয়ে আগের দিন কিছুটা সুস্থ হয়েও গতকাল সকালে তাঁর চলে যাওয়া মেনে নিতে পারেননি কেউই। কনকনে শীতের সকালে ক্লিনিকের অনতিদূরে এক তরুণ মনের অজান্তেই গেয়ে উঠলেন ‘আরও কিছুটা সময় না রহিতে...’। চোখ তাঁর ছলছল।
২২ ডিসেম্বর কলকাতার মিন্টো রোডের ক্লিনিকে ভর্তি হন তিনি। সেখানে তাঁর দীর্ঘদিনের চিকিৎসক সুব্রত মৈত্রর অধীনে চিকিৎসা শুরু হয়। মহানায়িকা পরিজনদের বলেছিলেন, তাঁর মৃত্যুর পর যেন কোনো আড়ম্বর না হয়, দ্রুত করা হয় শেষকৃত্য। কথা রেখেছেন পরিজনেরা, কথা রেখেছে স্থানীয় প্রশাসনও।
সকালে সুচিত্রা সেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্তব্ধ হয়ে পড়ে নগরবাসী। খবর শুনেই হাজার হাজার মানুষ ছুটে যান ক্লিনিকে। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় জনস্রোতে।
আগের দিন মধ্যরাত থেকেই মহানায়িকার শরীর সংকটের খবর ছিল সংবাদমাধ্যমে। তাই গতকাল ভোর থেকেই ক্লিনিকের সামনে
ছিলেন শহরের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা। মিনিট দশেকের মধ্যে ক্লিনিকে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই আনুষ্ঠানিকভাবে মহানায়িকার মৃত্যুর খবর ঘোষণা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় মহানায়িকার ভক্তদের অনুরোধ করেছেন, যেন তার অন্তরালে থাকার সিদ্ধান্তকে সবাই সম্মান জানান। কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয়, সেদিকেও বিশেষ নজর রাখতে বলেন। সুচিত্রা সেনের পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। কথা বলতে বলতে আবেগে আপ্লুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। এই কান্না মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। ব্যথাতুর হূদয়ের নিভৃত রক্তক্ষরণে বৃদ্ধ, যুবক এমনকি একালের কিশোর-কিশোরীকেও দেখা গেল চোখ মুছতে। সবারই অনুরোধ—একবার দেখতে চাই দিদিকে। কিন্তু সে অনুরোধ রাখা হয়নি যুক্তিসংগত কারণেই।
দ্রুতই যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। মেয়ে মুনমুন সেনের মুখোমুখি শত ক্যামেরার বুম। মুনমুন বললেন, শুধু একটি বাক্য, ‘আপনারা আমার মায়ের নমস্কার জানবেন।’
ঘড়ির কাঁটায় শেষযাত্রা
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০১৪
সকাল ৮-২৫: শেষনিঃশ্ব্বাস ত্যাগ করেন সুচিত্রা সেন।
৮-৩০: সংবাদমাধ্যমে প্রথম প্রচারিত হয় মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুসংবাদ। কলকাতাবাসী এই সংবাদ শুনে শোকে স্তব্ধ হয়ে পড়ে। সুচিত্রাভক্তরা ছুটতে থাকে হাসপাতালের দিকে।
৮-৩৫: মৃত্যুসংবাদ ঘোষণা নিয়ে দ্বিধাবিভক্ত চিকিৎসকেরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এখনই মৃত্যুসংবাদ ঘোষণা করতে চান না তাঁরা।
৯-০০: সংবাদমাধ্যমকে এড়িয়ে গোপনে হাসপাতাল থেকে মৃতদেহ বের করার চেষ্টা করা হয়।
৯-৩৫: হাসপাতালে আসেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১০-১৫: মুখ্যমন্ত্রী সুচিত্রা সেনের মৃত্যুসংবাদ ঘোষণা করে বলেন, পতন হলো এক মহিরুহের।
১১-৩৫: মুখ্যমন্ত্রীর ঘোষণা: মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর বালিগঞ্জের বাসভবনে।
১২-০০: কফিনবন্দী করা হয় মহানায়িকার দেহ।
১২-৩০: বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র হাসপাতালে বলেন, মানুষের মনে সুচিত্রা সেন চিরদিন জেগে থাকবেন।
১২-৪৩: হাসপাতাল থেকে শববাহী কালো কাচে থাকা গাড়ি মহানায়িকার বাড়ির পথে রওনা হয়। বাইরে থেকে কিছুই দেখা যায় না। গাড়িটি ঢেকে রাখা হয় ফুল দিয়ে।
১২-৫০: শববাহী গাড়ি পৌঁছায় মহানায়িকার বালিগঞ্জ প্লেসের বাড়িতে। এখানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের তরফে জানানো হয় শেষ শ্রদ্ধা।
১২-৫৫: বালিগঞ্জ বাড়ি থেকে শববাহী গাড়ি রওনা হয় কেওড়াতলা মহাশ্মশানের দিকে। শববাহী শকটের পেছনে কন্যা মুনমুন সেন, নাতনি রাইমা ও রিয়া সেনের গাড়ি। তার পেছনে মুখ্যমন্ত্রী মমতার গাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুনমুন সেন এবং রাইমা ও রিয়া সেনের পরনে ছিল সাদা শাড়ি।
১-১০: কেওড়াতলা শ্মশানে পৌঁছায় মরদেহ। রাখা হয় চিত্তরঞ্জন দাশের সমাধির পেছনে নবনির্মিত একটি মঞ্চে।
১-১৭: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুনমুন সেন, চিকিৎসক সুব্রত মৈত্র শেষ শ্রদ্ধা জানান মহানায়িকাকে। এ সময় কান্নায় ভেঙে পড়েন মুনমুন সেন।
১-২০: রাজ্য সরকারের পক্ষ থেকে গানস্যালুট দেওয়া হয় মহানায়িকাকে। বেজে ওঠে বিউগলের করুণ সুর।
১-৩০: কফিনের ওপর অংশ খোলা হয়। এখানেই পালন করা হয় ধর্মীয় আচার-রীতি।
১-৩৮: কফিন থেকে শবদেহ বের করা হয়। সমস্ত দেহ ঢাকা।
১-৪৬: মহানায়িকাকে মুখাগ্নি করেন তাঁর একমাত্র কন্যা মুনমুন সেন। শুরু হয় মহানায়িকার শেষকৃত্য। কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের কলাকুশলীরা। ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, কলকাতার মেয়রসহ কলকাতার বিশিষ্টজনেরা। ছিলেন বিশ্বজিৎ, প্রসেনজিৎ, হরনাথ চক্রবর্তী, দেব প্রমুখ তারকাও।
৫-৩৯: শেষ হলো শেষকৃত্য। কাঁদতে কাঁদতে শ্মশানঘাট থেকে বেরিয়ে এলেন মুনমুন সেন। মহানায়িকার মহাপ্রস্থান।