মহাপ্রলয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবিক আবেগ আর মগজের চেয়ে নবপ্রযুক্তিকে নিয়ে মাতামাতির দুর্নাম হলিউডের জন্য নতুন নয়। হালের হলিউড নিয়ে অন্য অভিযোগও আছে। এই তো বছর কয়েক আগে শন কনারি স্বয়ং বলছিলেন, হলিউড নাকি চলে গেছে সব মেধাহীনের দখলে। এককালের হলিউডি ছবির পোকাদেরও বিস্তর হাপিত্যেশ করতে শুনি, না রে ভাই, হলিউডে আর সে রকম ছবি হচ্ছে কই? ২০১২ ছবিটা দেখার আগে এসব টুকরো বিষয়-আশয়ই ঘুরপাক খাচ্ছিল মাথায়। পরিচালক অবশ্য হলিউডের সেই ধুন্দুমার সময়কারই একজন—রোলান্ড অ্যামেরিক। আজ থেকে প্রায় ১৪ বছর আগে তাঁর ইনডিপেনডেন্স ডে হইচই ফেলে দিয়েছিল সারা দুনিয়ায়। হলিউডে ডিজাস্টার ফিল্ম বা দুর্যোগ ঘরানার চলচ্চিত্রের গুরু বলা যেতে পারে রোলান্ডকে।এক নিঃশ্বাসে ২০১২ দেখলাম। বহুদিন পর যেন তাঁর সব শক্তিমত্তা নিয়ে জেগে ওঠা হলিউডকে দেখলাম। ইনডিপেনডেন্স ডে ছবিতে ভিনগ্রহবাসীর আক্রমণের মুখে পড়েছিল পৃথিবী। এবার একদম সত্যিকার অর্থে মহাপ্রলয়। ছবি শুরু হয় ভারতের একটি প্রত্যন্ত এলাকা থেকে। খনিতে কর্মরত ভারতীয় একজন বিশেষজ্ঞ প্রথম টের পান, পৃথিবীতে ঘনিয়ে আসছে মহাবিপর্যয়। যে বিপর্যয়ে তছনছ হয়ে যাবে গোটা দুনিয়া। খবর পৌঁছে যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অবধি। বিস্ময়করভাবে এই মহাবিপর্যয়ের খবর গোপন রেখে চলতে থাকে পৃথিবীর মানবসম্প্রদায়কে টিকিয়ে রাখার প্রস্তুতি। ভূমিকম্প-পরবর্তী মহাপ্লাবন থেকে রেহাই পেতে হিমালয় পর্বত এলাকায় তৈরি হয় সুবিশাল নৌযান এবং গোপনে খুব চড়া দামে চলতে থাকে টিকিট বিক্রির প্রস্তুতি। লস অ্যাঞ্জেলেসের এক স্বল্প পরিচিত লেখক এবং এক রাশিয়ান ধনকুবেরের পার্টটাইম লিমুজিন চালক জ্যাকসন কার্টিস (জন ক্যুজেক) মূলত এই ছবির কেন্দ্রীয় চরিত্র। ছেলেমেয়ে ও স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছে। স্বাভাবিকভাবেই তাঁর মতো ছাপোষা মানুষের কানে পৃথিবীর এসব দৈবদুর্বিপাকের খবর পৌঁছায় না। দুই ছেলেমেয়েকে নিয়ে ইয়েলো স্টোন ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েই জ্যাকসন জড়িয়ে যান মানব সভ্যতাকে বাঁচানোর এই মহা পরিকল্পনায়।ছবিটা যাঁরা দেখেননি, তাঁদের বাকিটা বলে দিয়ে এখনই কাহিনির মজা নষ্ট করতে চাই না। এটুকুই শুধু বলতে পারি, ছবিটা যদি এ মুহূর্তে দেখতে বসেন, তবে নিশ্চিতভাবে ঘুরেফিরে আসবে ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া হাইতির দৃশ্যমালা। একের পর এক অভাবনীয় রকমের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে ধরণী। চোখের নিমেষে ফেঁড়ে ফালাফালা হয়ে যাচ্ছে সজ্জিত রাস্তাঘাট। মুড়িমুড়কির মতো হাওয়ায় উড়ছে রাস্তার যত দামি গাড়ি। বিলাসবহুল বাসাবাড়ি, সুউচ্চ ভবন—সব চূর্ণবিচূর্ণ হয়ে চোখের পলকে তলিয়ে যাচ্ছে অতল গহ্বরে। হিমালয় পর্বত ডিঙিয়ে ধেয়ে আসছে জলোচ্ছ্বাস। এমন শ্বাসরুদ্ধকর দৃশ্য বুঝি শুধু হলিউডেই মেলে। ছবিতে ছোটখাটো কিছু অসংগতি আছে, হলিউডি ছবির চিরায়ত রুশ-বিদ্বেষী মনোভাবও বড় চোখে লাগে। তার পরও সবকিছুকে ছাপিয়ে ২০১২ সত্যিই মন ভরিয়ে দেয়। শুধু নবতর প্রযুক্তির ঝনঝনানি নয়, রোলান্ড অ্যামেরিক যে মানুষের চিরায়ত সম্পর্ক আর মানবিক আবেগকেও পুরোপুরি মাথায় রেখেছেন।ইকবাল হোসাইন চৌধুরী