বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মিলনায়তন উপচানো সমাবেশ সচরাচর চোখে পড়ে না। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আসনে যতজন উপবিষ্ট ছিলেন, বাইরে সমাগম তার চেয়ে কম নয়। শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতজন এতে শামিল হয়েছিলেন। উপলক্ষ যদিও বইয়ের প্রকাশন, তবে তাঁরা এসেছিলেন যাঁকে নিয়ে এই বই ‘দানবীর’খ্যাত মহাপ্রাণ ব্যক্তিত্ব রণদাপ্রসাদ সাহার অবদান স্মরণ করে তাঁর প্রতি হূদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করতে।মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে শহীদ হওয়ার ৪২ বছর পর প্রকাশিত হলো দেশের নারীশিক্ষা, জনকল্যাণ ও আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদাপ্রসাদ সাহা স্মারকগ্রন্থ। রণদাপ্রসাদ সাহা, যিনি আরপি সাহা নামেই পরিচিত তিনি এবং তাঁর বড় ছেলে ভবানী প্রসাদ সাহাকে বাড়ি থেকে পাকিস্তানি ঘাতক বাহিনী তুলে নিয়ে গিয়েছিল নারায়ণগঞ্জে তাঁদের বাড়ি থেকে। তার পর আর তাঁরা ফেরেননি। পরিবারের সদস্যরা প্রতীক্ষায় দিন গুনেছেন তাঁরা ফিরবেন। অবশেষে ২০০২ সালে তাঁদের ফেরার আশা ত্যাগ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিলেন তাঁরা। প্রকাশনা অনুষ্ঠানে সংগত কারণেই এ মহানুভব মানুষটির দেশ ও মানবপ্রেম, তাঁর কর্মময় জীবনীর পাশাপাশি উঠে এসেছিল মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এবং সেই সূত্রে মানবতাবিরোধীদের বিচার নিয়ে জেগে ওঠা নতুন প্রজন্মের দাবি আর দেশজুড়ে সাম্প্রদায়িক শক্তির তাণ্ডবকে প্রতিহত করার প্রত্যয়ও।কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, আলোচনা করেন অধ্যাপক করুণাময় গোস্বামী, কথাশিল্পী সেলিনা হোসেন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, প্রাবন্ধিক মফিদুল হক ও প্রতিভা মুৎসুদ্দি।প্রধান অতিথি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘হিন্দু-মুসলমানের প্রশ্ন তাঁর কাছে ছিল না। আমাদের কাছেও থাকা উচিত নয়। কিন্তু দেশজুড়ে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে বিষয়টি আমাদের ভাবিত করে তুলেছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে আজ আরপি সাহার আদর্শ প্রতিষ্ঠা করা খুব জরুরি হয়ে উঠেছে। তাঁর মতো মানুষ আমাদের দেশে জন্মেছিলেন, এটা ভেবে দেশকে আরও ভালোবাসতে ইচ্ছে জাগছে।’বক্তারা বলেন, ‘কিছু মানুষ দেশ-সমাজকে ছাপিয়ে বিশ্বমানতায় পৌঁছে যান। আরপি সাহা ছিলেন তেমনি এক মহাপ্রাণ ব্যক্তি। দেশ ত্যাগ করে ভারতে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। নিজের হিন্দু পরিচয়কে অতিক্রম করে সব মানুষের একজন হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন। তাঁর প্রতিষ্ঠান তাঁর সেবার প্রায় শতকরা ৯০ ভাগই ভোগ করছেন মুসলমানেরা। এই হিন্দু-মুসলমান ভেদাভেদ এসব তিনি কখনোই ভাবেননি। মানুষ হিসেবে ভেবেছেন নিজেকে। কাজ করেছেন মানুষের জন্য। আজ এ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে কেবল একটি বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে না, আমাদের দেশের এক মহামানবের জীবনের উন্মোচন হলো।’সভাপতি আনিসুজ্জামান বলেন, ‘এই বইটি প্রকাশ করা হলো রণদাপ্রসাদ সাহার কাছে দেশের মানুষের যে ঋণ তা শোধ করার জন্য নয়, বরং তা প্রকাশ করার জন্য। তাঁকে যখন স্মরণ করছি তখন দেশে মানবতাবিরোধীদের যে বিচার-প্রক্রিয়া চলছে, তার যথাযথ বাস্তবায়নের নিশ্চয়তা চাই।’ অনুষ্ঠানে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় সংগীত ও নৃত্য।রণদাপ্রসাদ সাহা স্মারকগ্রন্থে ৭৫টি প্রবন্ধ রয়েছে। সম্পাদনা পরিষদে রয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান, প্রতিভা মুৎসুদ্দি. অধ্যাপক করুণাময় গোস্বামী, অধ্যাপক দ্বিজেন শর্মা, মফিদুল হক ও হেনা সুলতানা এবং প্রচ্ছদ এঁকেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ।খুদে শিল্পীদের চিত্র প্রদর্শনী ‘শিশুরাই সুন্দর’গতকাল শনিবার ধানমন্ডির দৃক গ্যালারিতে ৬ থেকে ১৪ বছরের শিশু-কিশোরদের এক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। চিত্রশিল্পী আবু সেলিম এ প্রদর্শনীর আয়োজন করেছেন। ৪০ জন খুদে শিল্পীর আঁকা ৮৮টি ছবি নিয়ে এ প্রদর্শনীর শিরোনাম ‘শিশুরাই সুন্দর’। এর উদ্বোধন করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী আহসান হাবীব, অভিনেতা জাহিদ হাসান প্রমুখ। ৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।