মহিলা পরিষদের ‘এসো হে বৈশাখ’
লাল কাপড়ের ব্যানারে সাদা কালিতে লেখা আছে ‘এসো হে বৈশাখ’। ‘শুভ নববর্ষ’ শব্দ দুটির ছয়টি অক্ষর লেখা হয়েছে বাঁশের তৈরি ছয়টি কুলাতে। আছে হলুদ গাঁদা, টবে রাখা সবুজ পাতাবাহার এবং মাটির পাত্রে রাখা বেশ কিছু প্রদীপ। এভাবেই সাজানো হয়েছিল বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ। গতকাল রোববার বিকেলে পরিষদ তাদের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠান শুরু হয় পরিষদের শিল্পীদের সমবেত কণ্ঠের ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে। একক সংগীত পরিবেশন করেন আদৃতা হোসেন, সুজান্না চৌধুরী, কাজী মাহফুজা আক্তার, নাদিরা বেগম প্রমুখ। তাঁরা ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘বঙ্গ আমার জননী আমার’, ‘না পুরাইও রাধার অঙ্গ’, ‘আজি নতুন রতন ভূষণে যতনে’ এসব গান গেয়ে শোনান। রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’ আবৃত্তি করেন ফজিলাতুন নেসা এবং ‘বাঁশিওয়ালা’ আবৃত্তি করেন শিমুল পারভীন। ‘সাধের লাউ’ গানটির সঙ্গে সাবরিনা সুলতানা এবং ‘আবার আসিব ফিরে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ফারিয়ার নাওমি। সবশেষে সমবেত কণ্ঠের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে পরিষদের ঢাকা মহানগর সভাপতি সৈয়দা শামসে আরা হোসেনের সভাপতিত্বে ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে অংশ নেন কেন্দ্রীয় সভাপতি আয়শা খানম, সারাবান তহুরা ও মঞ্জু ধর।