মহিলা সমিতি থেকে জাতীয় নাট্যশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা নামলেই প্রতিদিন জাতীয় নাট্যশালার তিনটি মঞ্চের আলো জ্বলে ওঠে। বাইরে নাট্যকর্মীদের আড্ডায় গরম চায়ের চুমুকে সেই আলো যেন আরও উজ্জ্বল হয়। জাতীয় নাট্যশালার সামনের চত্বরে, নাট্যশালার নিচের আঙিনায়, পরীক্ষণ থিয়েটার হলের চিলেকোঠায় বা কফি হাউসের টেবিলে, থিয়েটার ক্লাবে—সবখানেই নাট্যকর্মীদের আড্ডা জমে ওঠে। নতুন প্রজন্মের নাট্যকর্মীদের সঙ্গে এই আড্ডায় কখনো কখনো পুরোনো নাট্যকর্মীরাও যোগ দেন। আড্ডার প্রাণচাঞ্চল্য আরও বেড়ে যায়। অমুক নাটকটি খুবই ভালো হয়েছে...তমুক নাটকটির আরেকটু মহড়া দিয়ে মঞ্চে আনা উচিত ছিল...অমুক নাটকে অমুক দুর্দান্ত অভিনয় করেছে—থিয়েটার নিয়ে সৃজনশীলতার নানা তর্কবিতর্কের মধ্য দিয়ে সেই আড্ডা গড়ায় অনেক রাত পর্যন্ত। এখন জাতীয় নাট্যশালার পুরো প্রাঙ্গণ নাট্যকর্মী আর দর্শকের মিলনমেলায় পরিণত হয় প্রতিদিন। আর এমন আড্ডায় দর্শক-নাট্যকর্মীদের ঢল তো নামবেই। কেননা, এখানে কী নেই? আধুনিক মিলনায়তন থেকে শুরু করে নাটকের মহড়াকক্ষ, সেমিনার হল, নাট্যকর্মীদের জন্য কফি হাউস। সম্প্রতি একটি থিয়েটার ক্লাবের যাত্রা শুরু হয়েছে। মোটকথা, জাতীয় নাট্যশালা মঞ্চনাটকের আধুনিক জায়গা হিসেবে সব সুযোগ-সুবিধাসহ দাঁড়িয়ে আছে। এখন দারুণ জমে গেছে নাট্যশালা। মাসের একটি দিনও মিলনায়তন খালি থাকে না। সব মিলনায়তনেই থাকছে প্রতিদিনই নাটক। এই জাতীয় নাট্যশালাকে ঘিরে যেমন নাটকের দলের সংখ্যা বাড়ছে, বাড়ছে নতুন নাটক। নাটক সরণিকে ঘিরে যখন নাট্যচর্চা আবর্তিত হয়েছে, তখন ঢাকায় দলের সংখ্যা ছিল প্রায় ৫০। আর এখন এসে নিয়মিত দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০-এ। প্রতিবছর এখন নতুন নাটকের সংখ্যা ১০ থেকে বেড়ে দাঁড়ায় প্রায় ২০ পর্যন্ত।অন্যদিকে মঞ্চনাটকের কেন্দ্রবিন্দু নাটক সরণির মহিলা সমিতি মঞ্চের নাট্যকর্মীদের আলো যেন নিভে যেতে বসেছে। ১৯৭২ সালে স্বাধীনতা-উত্তর মঞ্চনাটকের আনুষ্ঠানিক যাত্রা এখান থেকেই শুরু হয়েছিল। সন্ধ্যা নামলেই সারা বেইলি রোড নাট্যকর্মী আর দর্শকের আড্ডায় মুখর হয়ে উঠত। বেইলি রোডের মাথা ভিকারুন নিসা নূন স্কুল থেকে শুরু করে শান্তিনগর মোড় পর্যন্ত আড্ডা ছড়িয়ে যেত। এই মহিলা সমিতি আর মঞ্চনাটক ঘিরেই একটা সময় বেইলি রোড রাজধানীর আভিজাত এলাকা হিসেবে পরিচিত হয়ে ওঠে। শাড়ির দোকান আর ফাস্টফুড রেস্টুরেন্ট বেইলি রোডকে আরও ঝলমলে করে তোলে। মহিলা সমিতি থেকে মঞ্চনাটকের আলো প্রজ্বলিত হয়েছিল, যা আজ সারা দেশে ছড়িয়ে গেছে। সেই কেন্দ্রের আলোই বা নিভে যাবে কেন? যে মহিলা সমিতিতে মঞ্চনাটকের আলো বেইলি রোডকে আলোকিত করেছে, এই মহিলা সমিতির মঞ্চ থেকে সাড়া জাগানো মঞ্চাভিনেতা তৈরি হয়েছে। সেই অভিনয়ের আলো একাধিক মাধ্যমে ছড়িয়ে গিয়ে সারা দেশ আলোকিত করেছে। সেই মহিলা সমিতি, সেই নাটক সরণির মঞ্চনাটকের আলো এখন জাতীয় নাট্যশালায় গিয়ে আছড়ে পড়েছে। এখন মহিলা সমিতি নয়, জাতীয় নাট্যশালাই নাট্যকর্মীদের কাছে প্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী বলেন, মহিলা সমিতিও নাট্যকর্মীদের কাছে প্রিয়। এই মিলনায়তন ঘিরেই মঞ্চনাটকের ইতিহাস রচিত হয়েছে। এখানকার মঞ্চনাটকের আলো সারা দেশে ছড়িয়েছে। কিন্তু এখন জাতীয় নাট্যশালায় তিনটি মিলনায়তন হয়েছে। মঞ্চনাটকের সব আধুনিক সুযোগ-সুবিধা এখানে আছে। আছে নাটকের অনেক মহড়াকক্ষ। এখানে থিয়েটার ক্লাব, নাট্যকর্মীদের কফি হাউস আছে। নাট্যশালার আঙিনা বড় পরিসরে। নাট্যকর্মী, দর্শক প্রাণ খুলে এখানে ঘুরেফিরে আড্ডা দিয়ে সময় কাটানোর সুযোগ পেয়েছে। তিনি বলেন, নাটক সরণির মহিলা সমিতি ভেঙে শিগগিরই একটি কমপ্লেক্স হবে। যেখানে নাটকের একটি আধুনিক মিলনায়তন থাকবে। তখন হয়তো আবার মহিলা সমিতিতে অনেক দলই নাটক মঞ্চায়ন করতে ফিরে আসবে। সেই সঙ্গে নাট্যকর্মী ও দর্শক আবার নাটক সরণিতে আড্ডায় মেতে উঠবে।জাতীয় নাট্যশালার নাটক বিভাগের পরিচালক গোলাম সারোয়ার বলেন, ‘জাতীয় নাট্যশালা আরও জমবে। এখানে কিছুদিনের মধ্যেই সবার জন্য থিয়েটার আর্কাইভ ও থিয়েটার গ্রন্থাগার উন্মুক্ত করে দেওয়া হবে। জাতীয় নাট্যশালা আরও উজ্জ্বল হবে। তবে মহিলা সমিতি নাট্যকর্মীদের কাছে যে অনুজ্জ্বল হয়ে যাচ্ছে, এটা আমরা চাই না। থিয়েটারের সূতিকাগার হলো মহিলা সমিতি। যে নাটক সরণি নাট্যকর্মীদের প্রিয় আড্ডায় জমে উঠত, সেটা আবার নাট্যকর্মীদের পদচারণে ভরে উঠবে, এটাই চাই। মহিলা সমিতি কর্তৃপক্ষ যেন সীমিত আকারে হলেও সেই ব্যবস্থা করে; যাতে নতুন করে আবার নাট্যদল, নাট্যকর্মীদের ফিরিয়ে আনতে পারে।’নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, জাতীয় নাট্যশালা জমে উঠেছে—এটা একটা ভালো দিক। তবে মঞ্চনাটকের ইতিহাস যে জায়গাটা—নাটক সরণি—সেটা তো হারিয়ে যেতে পারে না। মহিলা সমিতিতে প্রতিদিন সন্ধ্যায় এক ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সেখানে কীভাবে দলগুলো নাটক করবে? বিষয়টিতে নজর দিয়ে সব নাট্যকর্মী, মহিলা সমিতি কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। তা না হলে নাট্যকর্মীদের প্রিয় আঙিনা নাটক সরণি হারিয়ে যাবে।