মহিলা সমিতিতে দুটি আধুনিক নাট্যমঞ্চ
বাংলাদেশ মহিলা সমিতিতে সর্বোচ্চ আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ৩০০ আসনবিশিষ্ট ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন ও ২০০ আসনবিশিষ্ট আইভি রহমান মিলনায়তন নির্মিত হতে যাচ্ছে।রাজধানীর মহিলা সমিতিতে গত শনিবার সকালে মহিলা সমিতির নেতাদের সঙ্গে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতাদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থপতি এহসান খান মিলনায়তন দুটির নক্শা উপস্থাপন করেন। নকশায় দুটি আধুনিক মিলনায়তন ছাড়াও মহিলা সমিতির অন্যান্য কর্মকাণ্ড পরিচালনার সামগ্রিক সুযোগ-সুবিধা থাকছে। সভায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফেডারেশনের সম্মানিত সদস্য রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, সভাপতিমণ্ডলীর সদস্য কেরামত মওলা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান ও সম্পাদক (অনুষ্ঠান) চন্দন রেজা এবং বাংলাদেশ মহিলা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসানউল্লাহ ও সাধারণ সম্পাদিকা তানিয়া বখ্ত।