মহিলা সমিতিতে 'হেফাজত' মঞ্চস্থ

ঢাকার মঞ্চে এল আরেকটি নতুন নাটক। বৃহস্পতিবার সন্ধ্যায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে ভাঙা গড়া নাট্যোৎসবে মঞ্চস্থ হলো ঢাকা পদাতিকের নতুন নাটক হেফাজত। আজ সন্ধ্যায় ছিল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
নাটকটি লিখেছেন হারুনর রশিদ এবং নির্দেশনা দিয়েছেন নাদের চৌধুরী।
পুলিশ হেফাজতে নেওয়া বিদেশ থেকে উদ্ধারকৃত শিশু ও নারীদের কথা, পাচার হয়ে যাওয়া নারীদের জীবনের নানা সুখ দুঃখ এবং হেফাজতে নেওয়া মানুষগুলোর বিভিন্ন সমস্যা আর গল্প, এ নাটকের মূল উপজীব্য। এখানে হেফাজতকারীদের জীবনও জড়িয়ে গেছে গল্পের প্রয়োজনে।

নাটকে অভিনয় করেছেন ফিরোজ হোসাইন, শ্যামল হাসান, কাজী শিলা, মঞ্জুরুল ইসলাম, মোতালেব হোসেন, নিপা শিল্পী, শুভ্রা, তন্বী, নিপা, প্রমুখ। সেট পরিকল্পনা করেছেন কিরীটী রঞ্জন বিশ্বাস, আলোক পরিকল্পনায় আছেন আমিনুর রহমান আযম, সংগীত পরিকল্পনায় শিশির রহমান এবং মঞ্চ ব্যবস্থাপনায় মনির।

হেফাজত নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো মাসব্যাপী ভাঙাগড়া নাট্যোৎসব। ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে নবযাত্রার সূচনায় মহিলা সমিতি মঞ্চটিতে শুরু হয়েছিল এ উৎসব। ‘মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন’ স্লোগানে উৎসবের আয়োজক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।