মহিলা সমিতির নতুন ভবনের নকশায় নাট্যমঞ্চ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা সমিতি মঞ্চ ১৯৭২ সাল থেকে ব্যবহার করে আসছেন নাট্যকর্মীরা। নাটকের অগ্রগতির ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই মঞ্চবাংলাদেশের থিয়েটার চর্চার আদিভূমি হিসেবে পরিচিত নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির ঐতিহ্যবাহী নাট্যমঞ্চ ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মহিলা সমিতি বর্তমান ভবনটি ভেঙে নতুন করে একই স্থানে কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, প্রস্তাবিত মহিলা সমিতি কমপ্লেক্সের নকশায় নাট্যমঞ্চ রাখা হয়নি। এতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট সংস্কৃতজনেরা। এ ছাড়া নাটক সরণির অন্য মঞ্চ গাইড হাউস মিলনায়তনও সংস্কারের অজুহাতে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে। তবে মহিলা সমিতি কর্তৃপক্ষ দাবি করেছে, নাট্যমঞ্চ না রাখার বিষয়টি সঠিক নয়। কমপ্লেক্স হলে নাট্যমঞ্চ থাকবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, মহিলা সমিতি মঞ্চ ১৯৭২ সাল থেকে ব্যবহার করে আসছেন নাট্যকর্মীরা। নাটকের অগ্রগতির ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে এ মঞ্চ। এখানে অভিষেক হয়েছে বহু নামীদামি মঞ্চ ও টেলিভিশন তারকার। শুধু তা-ই নয়, মহিলা সমিতি ও গাইড হাউসকেন্দ্রিক নাট্যচর্চার স্বীকৃতিস্বরূপ বেইলি রোডের নামকরণ করা হয় নাটক সরণি।সূত্র জানায়, সম্প্রতি মহিলা সমিতি কর্তৃপক্ষ তাদের জায়গায় অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণ নিয়ে একাধিক সভা করেছে। সভায় উপস্থিত শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের উপপরিচালক গোলাম সরোয়ার প্রথম আলোকে জানান, প্রস্তাবিত ভবনটিতে কোনো নাটকের মঞ্চ রাখা হয়নি। সমিতির কয়েকজন কর্মকর্তা নির্মিতব্য কমপ্লেক্সে নাট্যমঞ্চ রাখার পক্ষে মত দিলেও জ্যেষ্ঠ অনেক সদস্য দ্বিমত পোষণ করেছেন। এ কারণে প্রস্তাবিত নকশায় ভবনের পঞ্চম তলায় ২০০ আসনবিশিষ্ট একটি সেমিনার হল রাখা হলেও কোনো নাট্যমঞ্চ রাখার কথা বলা হয়নি। মহিলা সমিতি সূত্র জানায়, সরকারি অনুদানে তারা কমপ্লেক্সটি তৈরির পরিকল্পনা করছে। এদিকে ২০০২ সালে থেকে গাইড হাউস মিলনায়তনও বন্ধ রাখা হয়েছে। তাই মহিলা সমিতির নাট্যমঞ্চ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় উদ্বিগ্ন সাংস্কৃতজনেরা। এ প্রসঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘মহিলা সমিতি চাইলে একটি নাটকের মঞ্চ রাখতে পারে। মহিলা সমিতি মঞ্চটি ছাড়া নাটক সরণির গুরুত্ব হারাবে।’ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, ‘এ খবর আমাদের কানেও এসেছে। এটি উদ্বিগ্ন হওয়ার মতো খবর। আমরা আশা করব, এ ব্যাপারটি পরিষ্কার করে সমিতি সবাইকে জানাবে।’যোগাযোগ করা হলে মহিলা সমিতির সাধারণ সম্পাদক তানিয়া বখ্ত দাবি করেন, ‘মহিলা সমিতিতে কোনো নাট্যমঞ্চ থাকবে না, এটা ঠিক না।’ তিনি বলেন, ‘আমাদের নিজস্ব কোনো তহবিল নেই। যদি সরকারি অনুদানে কমপ্লেক্স করা হয়, তাহলে আমরা ভবন তৈরি করে নাটকের মঞ্চ রাখব। সেটা হবে আরও আধুনিক।’