
প্রায় ছয় বছর পর আবারও নাটকপ্রেমী দর্শকের জন্য মহিলা সমিতির মঞ্চে বাতি জ্বলল। স্বাধীন বাংলার নাট্য আন্দোলনের কথা বলতে গেলে বারবার এই মঞ্চের কথা ঘুরেফিরে আসবে। টিনের ছাদ থেকে এখন আধুনিক ভবনে রূপায়িত হয়েছে বেইলি রোডের ঐতিহ্যবাহী এই নাট্যমঞ্চ।
গতকাল রোববার সন্ধ্যায় ‘ভাঙা-গড়া নাট্য উৎসব’-এর মধ্য দিয়ে জনসাধারণের জন্য পুনরায় উন্মুক্ত হলো এই নাট্যমঞ্চ। সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দর্শক, অতিথি ও নাট্যজনেরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে শুরু করেন আনুষ্ঠানিকতা। অতিথিরা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন উৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অন্য অতিথিরা হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ। স্বাগত বক্তব্য দেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যসচিব আখতারুজ্জামান।
আসাদুজ্জামান নূর নাট্যকর্মীদের উদ্দেশে বলেন, দলগুলো এখন নতুন ভালো নাটক করছে কম। বরং বেশি বেশি উৎসব করছে। ভালো নাটক লেখক, নির্দেশক ও অভিনেতা প্রয়োজন। তাহলে নাটকের মান আরও বাড়ানো যাবে। কিছু কিছু নাটক দেখে খুবই হতাশ হতে হয়। সবাই মিলে ভালো নাটক তৈরির পরিবেশ সৃষ্টি করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টিকিট কেটে সারি বেঁধে লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) সোনাই মাধব নাটকটি দেখেন দর্শকেরা। গতকাল থেকে শুরু হয়ে মার্চ মাসজুড়ে প্রতিদিন সন্ধ্যা থেকে এই মিলনায়তনে দেখানো হবে বিভিন্ন দলের নাটক। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।