মহড়াকক্ষ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এই আমাদের দেেখা’, মহড়ার ফাঁকে সেলফি তুলতে তুলতে চাঁদনীকে এ কথাই কি বলছিলেন ইন্তেখাব দিনার?
‘এই আমাদের দেেখা’, মহড়ার ফাঁকে সেলফি তুলতে তুলতে চাঁদনীকে এ কথাই কি বলছিলেন ইন্তেখাব দিনার?

নাচের মহড়ায়—ধা-গে-তে-টে-না-গে-ধি-না
‘না, তোমার স্টেপিং ঠিক হয়নি, আবার আমার সঙ্গে পা মেলাও।’ শিল্পকলা একাডেমীর নৃত্যশালার মহড়াকক্ষে ঢুকতেই দেখি একজনকে কথাটি বলছেন নৃত্য পরিচালক শর্মিলা বন্দ্যোপাধ্যায়। এবার মেরিল-প্রথম আলো পুরস্কারের দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর তাই রবীন্দ্রসংগীতের সঙ্গে তাঁর নেতৃত্বে ২০ জনের দলের একটি পরিবেশনা থাকছে অনুষ্ঠানে। ১ সপ্তাহ ধরে শিল্পকলার নৃত্যশালায় আবার কখনো ছায়ানট ভবনে চলছে অনুশীলন। পুরো পরিবেশনাতেই থাকবে নতুনত্ব, চমক—শর্মিলা জানলেন এমনটাই। দেখা গেল, নাচের তাল ঠিকঠাক করতে বারবারই সবাইকে দেখিয়ে দিচ্ছেন তিনি। আবার নৃত্যশিল্পীরা কী ধরনের পোশাক পরবেন, সেটিও তদারক করছেন নিজ হাতে। মহড়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন শপিং মল ঘুরে কিনছেন নাচের পোশাক। ‘মেরিল-প্রথম আলো পুরস্কারই একমাত্র আয়োজন যেখানে দেশের তথা বিনোদন জগতের সম্মানিত মানুষেরা এক হওয়ার সুযোগ পান। আর এত বড় একটা আয়োজনের নিজেদের পারফরম্যান্সে কোথাও যাতে ঘাটতি না থাকে সেই চেষ্টাটাই এখন করছি’, কথাটি বলে শর্মিলা আবারও একজনকে দেখিয়ে দিলেন নাচ। তবলায় সে সময় বোল উঠছে—ধা-গে-তে-টে-না-গে-ধি-না।

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে...শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের দলের নাচের মহড়া
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে...শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের দলের নাচের মহড়া

খালি আমার নায়ককে আসতে দেন
নৃত্যপরিচালক সোহাগের এক সহকারী অভিনয়শিল্পী পিয়াকে নিয়ে নাচ তুলছিলেন রোমান্টিক একটি গানে। নায়ক-নায়িকা গানের কথার সঙ্গে তৈরি করবেন এক আবেগঘন পরিবেশ। নৃত্যের সঙ্গে ফুটে উঠবে সেই চিত্র। পরিচালকের নির্দেশনা এমনই। বিষয়টি বেশ কয়েকবার পিয়াকে দেখিয়ে দিলেন সহকারী। কিন্তু পিয়া যেন জুতসইভাবে করে উঠতে পারছেন না সেটি। সহ-অভিনেতা না থাকার কারণেই কি পিয়ার এই হাল? ওদিকে তখনো দেখা নেই পিয়ার নায়কের। নাচের মহড়ায় তাই হয়তো একা একা লাগছে পিয়াকে! এর মধ্যে নৃত্য সহকারী পিয়াকে উদ্দেশ করে বললেন, ‘আপা, গানের সঙ্গে নিজেকে ফিল...ফিল তৈরি করেন।’ এ কথায় হেসে ফেললেন পিয়া। নাচ থামিয়ে বললেন, ‘খালি আমার নায়ককে আসতে দেন, দেখবেন কত ফিল তৈরি করি। আরও বেশি ফিল দিয়ে নাচতে চাই। হা হা হা...।’
কী নাচ, তা বলা বারণ!
ঘড়ির কাঁটা তখন বেলা তিনটায়। ধানমন্ডির ভাবনা একাডেমিতে চলছে মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণ অনুষ্ঠানের নাচের মহড়া। নৃত্য পরিচালক সামিনা হোসেন, সবার কাছে যাঁর পরিচিতি প্রেমা নামে, কিছু সময়ের জন্য বাইরে গেলেন তিনি। আর এর মধ্যে মহড়া বাদ দিয়ে শুরু হলো সেলফি তোলা। কে কার আগে মহড়ার সেলফি তুলে ফেসবুকের মাধ্যমে সবাইকে জানাবেন যে এবারের মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের একজন অংশগ্রহণকারী তিনিও, এ নিয়ে যেন চলছে নীরব প্রতিযোগিতা। তবে মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে একাধিকবার কাজ করার অভিজ্ঞতা রয়েছে এঁদের অনেকেরই। কিন্তু যাঁরা নতুন, তাঁদের মধ্যে উত্তেজনাটা একটু বেশিই। এঁদেরই একজন মোস্তাফিজুর সাকিব। জানালেন, ‘সব সময়ই টিভিতে এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতাম। আর এবার আমি নাচব সেই অনুষ্ঠানে! ভাবতেই অন্য রকম আনন্দ হচ্ছে।’ মহড়ায় প্রেমার সঙ্গে আরও আছেন নাদিয়া আর সাবরিনা শফি নিসা। অভিনেত্রী নিসা বললেন, ‘আমার স্বামীর আগ্রহটা খুব বেশি কাজ করছে। প্রতিদিনই তিনি নিজেই এই অনুশীলনে নিয়ে আসছেন আমাকে। এর মধ্যে বাইরে থেকে ফিরে এলেন প্রেমা। আবার শুরু হলো অনুশীলন। আচ্ছা, কোন গানের সঙ্গে কী ধরনের নাচ নাচবেন প্রেমার দল?—উঁহু, সেটি এখন বলা বারণ!

নৃত্যছন্দে সামিনা হোসেন প্রেমার দল নাকি অনেক ফুল ফোটাবেন, চলছে তার প্রস্তুতি
নৃত্যছন্দে সামিনা হোসেন প্রেমার দল নাকি অনেক ফুল ফোটাবেন, চলছে তার প্রস্তুতি

ক্লান্তি যতই হোক, সেলফিতে থাকুন
তখন রাত ১০টা পেরিয়ে গেছে। সবে মাত্র শেষ হলো মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪-এর বিভিন্ন পর্বের মহড়া। শিল্পীদের সবার চোখেমুখেই ক্লান্তির ছাপ। বাসায় যাওয়ার তাড়া। হঠাৎ কেউ একজন বললেন, এই যা,...ভাইয়ের সঙ্গে তো সেলফি তোলা হলো না। ব্যস! পড়ে গেল সেলফি তোলার তোড়জোড়, হইচই। কিন্তু যে ভাইয়ের সঙ্গে সেলফি তোলার কথা বলা হলো, তিনি কে? জানতে হলে অপেক্ষা করতে হবে, এখনই বলা যাবে না সেই নাম। তবে এটুকু বলা যায়, তিনি একটি নাটকের জনপ্রিয় চরিত্র।
আপাতত সেই ভাইয়ের চরিত্রে অবতীর্ণ হয়েছেন ইন্তেখাব দিনার। তাই সেলফির কথা বলতেই সবাই হুড়মুড় করে দাঁড়িয়ে গেলেন সেলফির ফ্রেমে। কাকে ফেলে কে দাঁড়াবেন, যেন এই নিয়েই শুরু হলো প্রতিযোগিতা। মুহূর্তেই বদলে গেল সবার মুখ—একটু আগেই যে মুখে ছিল ক্লান্তি, এখন সেখানে হাসি-উচ্ছলতা। সবার অভিব্যক্তিগুলো যেন বলছে একটি কথা—ক্লান্তি যতই হোক, সেলফিতে থাকুন।
পরীক্ষার হল থেকে মহড়ায়
মেরিল-প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠান। তাই পরীক্ষার হল থেকে বের হয়ে সরাসরি শিল্পকলা একাডেমীর নৃত্যশালার মহড়াকক্ষে হাজির অহল্যা শংকর দাস আর আনিকা তেহেসিন। ওরা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। জানাল, মেরিল-প্রথম আলো পুরস্কারের আগের দিন হবে তাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পর্বের পরীক্ষা। এ কারণে দিনভর নাচের মহড়া করে রাত জেগেই নিতে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি। সঙ্গে আসা অহল্যার মা বললেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের সেরা আয়োজন। এমন একটা আয়োজনে পারফরম্যান্স করার সুযোগ তো সব সময় মেলে না। তাই মেয়ের এইচএসসি পরীক্ষা চললেও শর্মিলাদির ফোন পাওয়া মাত্রই রাজি হয়েছি।’

তুমি আমার চেয়েও ফরসা...
প্রথম আলোর কার্যালয়ে চলছে মেরিল-প্রথম আলো পুরস্কারের একটি অংশের মহড়া। ঘড়িতে সময় চারটা, মহড়াকক্ষে নৃত্যভূমির সদস্যের সবাই বসে আছেন অভিনেত্রী পিয়ার জন্য। এদিকে তাঁদের মহড়া দেখবেন বলে আশপাশে ঘোরাঘুরি করছেন অনেকেই। খানিক বাদে মহড়াকক্ষে প্রবেশ করলেন পিয়া। শুরু হলো ল্যাপটপে গান। পিয়াকে নাচ দেখিয়ে দিচ্ছিলেন নৃত্যভূমির সদস্য সঞ্জয়। নাচের বিরতিতে তিনি হঠাৎ পিয়াকে বলে উঠলেন, ‘পিয়া, আমি এত দিন ভাবতাম তোমার ও আমার গায়ের রং একই। কিন্তু আজকে আমি অনেক কষ্ট পাইলাম! কারণ, বুঝলাম তুমি আমার চেয়েও ফরসা।’
এ কথা শুনে পিয়ার না হেসে কি উপায় থাকে।