মহড়াকক্ষ থেকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেরিল-প্রথম আলো পুরস্কার? এতা আবার খি?’ প্রশ্ন করেছেন এক পারফরমার। এবারের পুরস্কারে বন্ধুদের সঙ্গে পারফর্ম করবেন, অথচ মহড়ার আগে জানতেনই না এ আয়োজন সম্পর্কে। অবশ্য না জানাটাই স্বাভাবিক। সুদূর পেরুর মেয়ে তিনি। নাম দিয়ানা। আধো আধো বাংলা বলতে পেরে বেজায় খুশি। শুধু দিয়ানা নন, তাঁর বন্ধু অস্ট্রেলিয়ার সোফি, জেসিকা, আদ্রিয়ানা—প্রত্যেকেই প্রথমবারের মতো কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। মহড়াকক্ষে বসে দেশের তারকাদের সঙ্গে পরিচয়, দেশীয় খাবার খাওয়া, নাচের মহড়া—সব মিলিয়ে ভীষণ উত্তেজিত চার বন্ধু। অনুষ্ঠান শেষে নিজেরা নিজেরা একটা ‘ধামাকা’ পার্টিরও আয়োজন করছেন চারজন মিলে।চিত্রনায়ক ফেরদৌস দুই বছর ধরে অনুষ্ঠান সঞ্চালনা করে আসছেন। এবার তিনি কী করবেন? চমকই থাকুক। তবে টানা মহড়া করে ফেরদৌস তাঁর সহকর্মীদের তো বটেই, বিদেশিদেরও মন জয় করে নিয়েছেন। বিয়ের পরই ১ এপ্রিল মধুচন্দ্রিমায় উড়াল দেওয়ার কথা ছিল লাক্স-চ্যানেল আই সুপারস্টার মম ও এজাজ মুন্নার। কিন্তু এ অনুষ্ঠানের জন্য মধুচন্দ্রিমা পেছানো তো বটেই, বিয়ের এক দিন পরই মহড়ায় চলে এসেছিলেন মম। তাঁর কথা, ‘গত বছর অসুস্থতার জন্য পারফর্ম করতে পারিনি। এবার মিস করতে চাইনি। মেরিল-প্রথম আলো পুরস্কারের এক যুগ বলে কথা।’ মমর বিয়ে আর প্রভার জন্মদিন—দুটোই এক দিন ধুমধাম করে উদ্যাপন করা হয় মহড়াকক্ষে। একজন সদ্য বিয়ে করেছেন, আরেকজন বিয়ে করতে যাচ্ছেন—প্রভা ও মম নিজেরা কেক কেটে সবাইকে আপ্যায়ন করেছেন। দুই দিন পর স্বামীসহ মম এসেছিলেন। বিপাকে পড়েছিলেন নওশীন। দর্শক তাঁকে কথাই বলতে দেখেন। এবার তিনি নাচবেন। প্রত্যাশা আর পরিশ্রম—দুটোই বেশি। কিন্তু নওশীনের জন্য ঠিক করা নায়ক শেষ মুহূর্তে বেঁকে বসলেন। এক দিন মহড়া করেই দে ছুট! নওশীন অবশ্য ভাবলেশহীন। নওশীনের জন্য লম্বা নায়ক লাগবে। অনেক হিসাব-নিকাশ করে ফারদিন চূড়ান্ত হলো। ফারদিনের আন্তরিকতা, নাচ দেখে নৃত্য পরিচালকও খুশি, নওশীনও খুশি। খুশি তপু, সারিকা দুজনই প্রথমবারের মতো মেরিল-প্রথম আলো পুরস্কারে পারফর্ম করবেন। তাঁদের সঙ্গে ব্যস্ত তারকা তিশা-সজল রয়েছেন। যানজট ঠেলে প্রায় প্রতিদিনই পরিচালকের কাছ থেকে ছুটি নিয়ে সময়মতো মহড়ায় হাজির হয়েছেন দুজন। মহড়াকক্ষে অবশ্য সবাই-ই নিজের সেরাটি তুলে নেওয়ার চেষ্টা করছেন। মুনমুন এর আগে এ অনুষ্ঠানে পারফর্ম করেননি। এবার প্রস্তাব পেয়ে হাতছাড়াও করতে চাননি। ঘড়ি ধরে সময়মতো মহড়ায় চলে আসছেন। মহড়া শেষ করেই বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতে ছুটছেন মুনমুন। ঢালিউডের ‘কিং খান’ শাকিব খান এবারও মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চ কাঁপাবেন।বাঁধন, মোনালিসা, প্রভা, মম, মুনমুন একসঙ্গে হলেই নাচের মুদ্রা তুলে নিচ্ছেন। সেই সঙ্গে ঠিক করে নিচ্ছেন, কে কী পরবেন। মোনালিসার সিঙ্গাপুরে যাওয়ার কথা। মহড়ার জন্য এক সপ্তাহ পিছিয়ে দিয়েছেন সেই সফর। তারিখ পেছাতে পারেননি তারিন। দীর্ঘদিন তিনি পিঠের ব্যথায় ভুগছিলেন। বাধ্য হয়েই তড়িঘড়ি করে ভারতে ছোটেন। সেখান থেকে চিকিত্সা নিয়ে দেশে নামামাত্রই শুরু হয়ে যায় মহড়ার প্রস্তুতি। সরাসরি প্রথম আলোর কার্যালয়ে মহড়া করতে চলে আসেন তারিন। অপি করিম ও তারিন দুই বছর আগেও মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে নেচেছিলেন। এবারও দুজন একটি পর্বে থাকবেন। এ পর্যন্ত চমকের কিছু নেই। আসল চমকটি দেখার জন্য অপেক্ষা করতে হবে মূল অনুষ্ঠান পর্যন্ত।