তাঁর মুখে হাসিবাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৩ নম্বর মহড়া কক্ষ। বাইরে থেকে কানে ভেসে আসে রণনৃত্যের চঞ্চল আবহ ধ্বনি। ভেতরে ঢুকতেই চোখে পড়ল বাংলার প্রাচীন এক নৃত্যশিল্প। বেশ গুরুগম্ভীর ভাব নিয়ে মহড়া করাচ্ছেন একজন। কী সেই নৃত্য? ‘দুঃখিত, এখন তা বলা যাবে না’—বললেন নৃত্যটির পরিচালক সামিনা হোসেন, প্রেমা নামেই তাঁর পরিচয় সংস্কৃতিজগতে। লাঠি হাতে ছয়জন তরুণ। তাঁদের শরীর-ভঙ্গিমায় মূর্ত হয়ে উঠেছে আত্মরক্ষার একটি দৃষ্টিনন্দন কসরত। হ্যাঁ, এটি গুরুদত্তের রায়বেশী রণনৃত্যের একটি মুদ্রা। ঔপনিবেশিক শাসনামলে রাজ্য রক্ষায় ব্যবহার করা হতো এটি। কিন্তু ‘ভাবনা নৃত্য দল’-এর এই শিল্পীরা কাদের রক্ষা করছেন এখানে? সেটা না হয় গোপনই থাকুক! ২৬ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেখা যাবে সেই দৃশ্য, যেখানে সেজেছে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের রঙিন মঞ্চ। লাটিম, সুতা ও বাঁশের কঞ্চিতে তৈরি চরকি নিয়ে মঞ্চে আসবেন একঝাঁক তরুণ-তরুণী। মুহূর্তেই তৈরি হবে পিরামিডের অবয়ব। মহড়াতেই দেখা গেল একজনের কাঁধে উঠে পড়ছেন অন্যজন...পেছন থেকে একজন গেয়ে উঠলেন বাংলা চলচ্চিত্রের কোনো গান। এ দুই মিলে বাংলা চলচ্চিত্রের কোনো গানের দৃশ্যায়নের মুহূর্ত তৈরি হলো খানিকটা। হাসি আর চেপে রাখতে পারলেন না প্রেমা।রেকর্ডিংয়ে রাতদুপুরেকোনাল সন্ধ্যায় বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করেই চলে এসেছেন মগবাজারে, সংগীত পরিচালক শওকত আলী ইমনের রেকর্ডিং স্টুডিওতে। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর অনুষ্ঠানের গানের রেকর্ডিং হবে। বাংলা সিনেমার দুটি জনপ্রিয় গানে নতুন করে কণ্ঠ দেবেন কণ্ঠশিল্পী কোনাল। কাজটা দুই থেকে তিন মিনিটের। কিন্তু গানের মিউজিক তৈরি হতেই পার হলো অনেক সময়। যেহেতু গান দুটি পরিচিত আর জনপ্রিয়, তাই খুব বেশি চিন্তিত মনে হলো না কোনালকে। মিউজিক ট্রাক তৈরি। কোনাল দাঁড়ালেন কণ্ঠ দিতে। কণ্ঠ দিয়ে বেরিয়ে আসতেই উচ্ছ্বাস শওকত আলী ইমনের কণ্ঠে, ‘বাহ্! তুমি তো খুব ভালো গাইলে।’ শুনে বিনয় ঝরে পড়ল কোনালের কণ্ঠেও, ‘দোয়া করবেন, ভাইয়া।’ ততক্ষণে বেজে গেছে রাত একটা। এরই মধ্যে চলে এসেছেন আরেক সংগীতশিল্পী পান্থ কানাই। জানা গেল, আবার রাত দুইটার দিকে কিশোর এসে দাঁড়াবেন রেকর্ডিংয়ের জন্য। আরে, একে একে সব বলে দিচ্ছি যে! না, আর বলা যাবে না। বাকিটা অনুষ্ঠানের মঞ্চেই দেখবেন।‘দায় কেবল আমার, তাই না!’মহড়ায় কষ্ট কম নয়। তার পরও একেবারে নিখুঁত করার জন্য বারবার মহড়া করতে হয়। সেদিন সেভাবেই মহড়া চলছে। এর মধ্যে খাবারদাবার চলে এল—শিল্পীদের জন্য প্লেটে প্লেটে খাবার। সবাই খাচ্ছেন, কিন্তু যত দোষ নন্দ ঘোষ—দায় চাপছে কেবল তুষার খানের ওপর! সবাইকে খাবার দিচ্ছিল একটি ছেলে। হঠাৎ সাজু খাদেম তাকে ধমকের সুরে বললেন, ‘তুষার ভাইকে এত ছোট প্লেটে খাবার দিয়েছ কেন? তাঁকে সব সময় বড় প্লেটে বেশি বেশি খাবার দেবে, বুঝেছ? ওনার খাবার একটু বেশিই লাগে।’ তবে আসল ঘটনা হলো, তুষার খানের প্লেটের খাবার তিনি যতটা না খাচ্ছেন, অন্যরা সাবাড় করছেন তার চেয়ে বেশি। তাই মুখ বন্ধ না রেখে নিজের কষ্টের কথাটা একসময় বলেই দিলেন তিনি, ‘ও, খাচ্ছ তোমরা সবাই আর দায় কেবল আমার, তাই না!’আসছে নতুন টেলিভিশন!প্রথম আলো অফিসে চলছে অনুষ্ঠানের মহড়া। আর সেখানে হঠাৎই দেখা মিলল এক নতুন টিভি সাংবাদিকের। শুধু টিভি সাংবাদিক নন, তাঁর হাতে যে বুম, সেটা দেখেও বোঝা গেল, এটি একটি নতুন টিভি চ্যানেল! নতুন চ্যানেলের সাংবাদিক তিনি। ঘটনার ভেতরে দাঁড়িয়ে তরতর করে খবর জানাচ্ছেন মেয়েটি। খবর প্রচারের ধরন দেখে মনে হলো, চ্যানেলটির অনেক সাহস। নাম জানতে চান নতুন এই চ্যানেলের? তাহলে যে অপেক্ষা করতে হবে মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১২-এর অনুষ্ঠানের জন্য।প্রক্সিগত রোববার। প্রথম আলো কার্যালয়ে চলছে মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মহড়া। সবাই ব্যস্ত মহড়ায়। কিন্তু গোল বাধল অন্য জায়গায়। মহড়ায় চরিত্রের প্রয়োজনে ছেলে আর মেয়ে দরকার সমান সমান। কিন্তু এই দিন কেন যেন মহড়াকক্ষে দেখা গেল ছেলেদের আধিক্য, মেয়ে মোটে কয়েকজন। এখন কীভাবে শেষ হবে মহড়া? মেয়েদের অংশগুলোও তো করতে হবে, বুঝিয়ে দিতে হবে।অগত্যা কোরিওগ্রাফার কয়েকজন ছেলেকে ডেকে নিয়ে বললেন, ‘শোন, তোরা কয়েকজন কিন্তু মেয়ে; তবে সত্যিকারের নয়। মনে কর, তোরা মেয়ে। এবার মেয়েদের প্রক্সি দিয়ে নাচ তো দেখি।’ ব্যস, ছেলেদের মুখে রা নেই, বেজায় বেজার তাঁরা। ছেলে হয়ে মেয়ে সাজতে, প্রক্সি দিতে কারই বা ভালো লাগে!‘মামুর বেটা, এসেছেন?’মহড়া চলছে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের। মহড়ায় যোগ দিতে অভিনেতা অপুও এসে পৌঁছালেন মহড়াকক্ষে। সিটি বাস নাটকের মাধ্যমে রাজশাহী অঞ্চলের ভাষা তাঁর মুখেই বেশি পরিচিতি পেয়েছে। ফলে রাজশাহীর আদরের ডাক ‘মামুর বেটা’ বলে তাঁকে সম্বোধন করেন অনেকেই। মহড়াকক্ষে এসেও তিনি শুনলেন সেই ডাক। তিনি ঘরে ঢুকতেই সবাই সমস্বরে বলে উঠলেন ‘মামুর বেটা, এসেছেন?’ সঙ্গে সঙ্গে সবার প্রতি কপট রাগ দেখালেন অপু। তবে সবাই অপুর জবাবটাও কিন্তু পেলেন রাগমিশ্রিত স্বরে সেই রাজশাহীর টানেই, ‘যেমন করে এসেছি, তেমন করেই কিন্তু বেরিয়ে যাব, বুঝলেন?’তারাদের খুনসুটিরাত তখন ১০টা পেরিয়ে ১১টা ছুঁইছুঁই। মহড়ায় নিবিড় মনোযোগী তুষার খান, শামীম জামান, মাজনুন মিজান, সাজু খাদেম, রাশেদ মামুন ও পেসার শামীম। কঠিন সব নাচের মুদ্রা! মুদ্রাগুলো দেখিয়ে দিচ্ছিলেন কোরিওগ্রাফার তানজিল ও খালেদ। এই তারকাদের সঙ্গে নাচে অংশ নিয়েছেন ঈগল ডান্স গ্রুপের প্রায় ৪০ জন সদস্য। নাচের সব মুদ্রা বুঝিয়ে দেওয়ার পর্ব শেষ। ক্যাসেট প্লেয়ারে বেজে উঠল গান। শুরু হলো গান ও নাচের সমন্বয়ে চমৎকার এক পরিবেশনা।নাচের মধ্যে চলছে যত খুনসুটি। একেকজনের দৃষ্টি অন্যজনের মধ্যপ্রদেশের দিকে। আকারে-ইঙ্গিতে বোঝাচ্ছিলেন তাঁরা, নাচতে হলে ওজন কমাতে হবে। চলতে থাকে নাচ। নাচের দৃশ্যটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শামীন জামানের কণ্ঠে বিস্ময়। সবার মনোযোগ আকর্ষণ করে হঠাৎ জিগ্যেস করে বসলেন, ভূমিকম্প হচ্ছে নাকি! ততক্ষণে ঘটনাটি সবার বোঝা সারা। সবার দৃষ্টি চলে গেল তুষার খানের দিকে। হাসি আটকে রাখতে পারলেন না কেউ। এই সুযোগে আবার সবার মনোযোগ কেড়ে নিলেন সাজু খাদেম। তুষার খানকে নিয়ে ঝটপট বলে ফেললেন কয়েকটি মজার চুটকি। অট্টহাসিতে যেন সবার পেট ব্যথা হয়ে যাচ্ছিল। আবার মহড়ার ডাক, বেশ কয়েকবার দৃশ্যটির মহড়া চলে। মহড়া শেষে কক্ষে আসেন পোশাক পরিকল্পনাকারী রামীন। পোশাকের কথা বলতেই সবাই এমনভাবে ছুটে এলেন রামীনের দিকে, মনে হচ্ছিল সেই শৈশবে বাবার হাতে ঈদের জামাকাপড় পাওয়ার আগ্রহ। কেউ বলেন, আমি পাঞ্জাবি, কেউ বলেন আমি কোটি—এই নিয়ে সবার মধ্যে যত সব হাসির কাণ্ড। তারাদের এসব ছেলেমানুষি আর খুনসুটিতে মহড়ার পুরো সময়টা ছিল অন্য যেন রকম উৎসবের রঙে আঁকা ক্যানভাস।দুই ‘হ্যালো’-এর দুই স্বর!মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে একটি অংশ এমন, যেখানে শিল্পীদের মধ্যে ফোনালাপ চলবে। সব ঠিকঠাক। নির্দিষ্ট শিল্পী এবার ফোন ধরে সংলাপ বলবেন। কিন্তু ফোনে ওই শিল্পীর সংলাপ বলার সময় হতেই দেখা গেল, আসলেই কার ফোনে রিংটোন বাজছে! এ ঘটনায় হকচকিত সবাই। একজন তাকাচ্ছেন অন্যজনের দিকে, এমন তো হওয়ার কথা ছিল না! ফিসফিস করে একজন বললেন, ‘আরে ফোনে কথা বলার কথা, ফোন তো বাজার কথা নয়! তাহলে?’ এর মধ্যে টের পাওয়া গেল, বাজছে মাজনুন মিজানের ফোন। যিনি অভিনয় করছেন এবং সত্যি যাঁর পকেট ফোন বাজছে, দুজনেই একসঙ্গে ফোন বের করলেন। দুজনেই বলছেন, ‘হ্যালো।’ তবে তাঁদের মধ্যে পার্থক্য হলো, একজন তারস্বরে ‘হ্যালো’ বলছেন নিজের সংলাপ দিতে গিয়ে, আর অন্যজন বলছেন একেবারে নিচু স্বরে, কারও সঙ্গে কথা বলার প্রয়োজনে।‘এটা কি যেমন খুশি তেমন নাচোর প্রতিযোগিতা!’মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে একটা পর্বে নাচবেন অনেক ছেলেমেয়ে। আর তারই মহড়া চলছে রাত-দিন। সকাল থেকে রাত পর্যন্ত একটানা নেচেই যাচ্ছেন তাঁরা। একটা গানে পা মেলাচ্ছিলেন একঝাঁক মেয়ে। হঠাৎ নাচ বন্ধ। ঘটনা কী? কোরিওগ্রাফার বললেন, ‘বাহ, ভালোই নাচলে তো।’ এ কথা শুনে সবার খুশি আর ধরে না। কিন্তু পরক্ষণেই তাঁদের মুখ বেজার। কারণ, কোরিওগ্রাফার এরপর যে কথাটি বললেন, তা মন খারাপ করার মতোই। মেয়েদের উদ্দেশে তিনি বললেন, ‘কারোর পা মিলছে না। এটা কি যেমন খুশি তেমন নাচোর প্রতিযোগিতা! তোমাদের নাচ দেখে মনে হচ্ছে, তোমরা যেমন খুশি তেমন নাচো প্রতিযোগিতায় নেমেছ।’যাঁদের সহযোগিতায় এই আনন্দলিখেছেনআলতাফ শাহনেওয়াজ, শফিক আল মামুন, সুজাত হোসেন, শর্মিলা সিনড্রেলা ও হাসান ইমাম