মহড়ায়, প্রস্তুতিতে ব্যস্ত একাডেমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ নাটকের মহড়া। আজ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী l ছবি: সাহাদাত পারভেজ
বন্দুকযুদ্ধ নাটকের মহড়া। আজ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী l ছবি: সাহাদাত পারভেজ

‘দশ টাকার মুড়ি দিয়েন, ঝাল কম হবে।’ শিল্পকলা একাডেমীর দ্বিতীয় ফটকের দুই পাশে মুড়ি আর বাদামওয়ালারা ক্রেতা সামলাচ্ছেন। তাঁরা ছাড়াও গেটের দুই পাশে লম্বা লম্বা ফেস্টুন পাশাপাশি দাঁড়িয়ে বা ঝুলে আছে। হরেক রকম অনুষ্ঠানের তথ্য জানাচ্ছে সেগুলো। গেটের বাঁ পাশে এস এম সোলায়মানের ছবি, তাঁকে নিয়ে আজ বৃহস্পতিবার স্মারক বক্তৃতা। ডান পাশে ইউডার ১৪ বছরে পদার্পণের অনুষ্ঠান। সেই গেট থেকে ভেতরে প্রবেশ করলেই সংগীত ও নৃত্যকলা ভবন। ভবনের একটা জানালা দিয়ে মুখ বের করে সেগুনবাগিচা এলাকার একাংশের শব্দ দূষিত করছে একটা চোঙা মাইক। তাতে যে একটা গান বাজছে সেটা বোঝা যাচ্ছে, কথাগুলো বোঝা যাচ্ছে না। গতকাল বুধবার সন্ধ্যায় সেই ভবনের মিলনায়তনে চলছিল শিশু সপ্তাহ অধিকার উপলক্ষে ‘আমরা কুঁড়ি’র শিশুদের নাচের অনুষ্ঠান।
জাতীয় নাট্যশালার দিকে এগোলে দেখা যায়, গঙ্গা-যমুনা উৎসবের সজ্জা এখনো ঝুলছে। মূল মঞ্চের প্রবেশমুখে লম্বা একটা সারি। আরণ্যকের একজন নাট্যকর্মী টিকিট ছিঁড়ে দর্শকদের ভেতরে পাঠাচ্ছেন। অনেক দিন পর তাঁরা এবং বিদ্যাসাগর নাটক দেখতে ঢুকছেন। এই নাটকের লেখক মান্নান হীরাকে দেখা যায় প্রবীর মিত্রসহ বেশ কজন অতিথির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

আয়না বিবির পালা নাটকের মহড়া
আয়না বিবির পালা নাটকের মহড়া

জানা গেল, নতুন নাটকের মহড়া চলছে চিলেকোঠায়। সেটা দেখে আসা যাক। আটতলায় যাওয়ার পথে লিফট থেমে যায় পাঁচতলায়। সেখানে একজন আরোহী নেমে যাওয়ার মুহূর্তে শোনা যায় একটা চিৎকার। সেই আওয়াজ ধরে এগিয়ে যাই ৫০৩ নম্বর মহড়াকক্ষের দিকে। সেখানে চলছে আয়না বিবির পালা নাটকের মহড়া। সেখানে ঢোল বাজাচ্ছিলেন সব্যসাচী চঞ্চল, হাসান মাহমুদ হারমোনিয়াম। নাট্যধারার সবাই মিলে গান ধরেছেন, ‘হৃদমন্দিরে বসত করে প্রভু নিরঞ্জন/ আলো আর আঁধারের মাঝে বসিয়া দুইজন।’ এই কক্ষে একটিমাত্র আলমারি, সেটাও দেয়ালের দিকে মুখ ঘোরানো। বসার জন্য একটা লম্বা টুল আছে, চার-পাঁচজন বসা যায় তাতে। একজন তাতে বসে পেঁয়াজু খাচ্ছিলেন। দলের এক সদস্য অনুযোগের সুরে বললেন, ‘সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি। বাসায় যাব ভাই।’ যাকে বলা হলো, প্রত্যুত্তরে তিনি রসিকতা করে বললেন, ‘বিয়া তো করস নাই, বাড়ি যাইয়া কী করবি?’ এই দলটি আজ ১৫তম বারের মতো নতুন একজন নাট্যকর্মীকে তনুশ্রী পদক দেবে।
সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠলেই দেখা মেলে খাকি পোশাক পরা একজন চৌকিদারের। হাতে বন্দুক, শীতকালের মতো মাফলারে পেঁচানো মুখ। ‘কোথায় যাচ্ছেন, এদিকে যাওয়া নিষেধ!’ তাঁকে অনুরোধ করে ঢুকে পড়ি স্টুডিও থিয়েটারে। সেখানে মহড়া চলছে বন্দুকযুদ্ধ নাটকের। আজ বৃহস্পতিবার এটার উদ্বোধনী প্রদর্শনী। তারিক আনাম খান চিৎকার করে বলছেন, ‘অল সেট’। স্টুডিওর বাতি নিভে গেলে অন্ধকারেও তাঁর কণ্ঠ শোনা গেল। বললেন, ‘দুবার চেষ্টা করবে। ধুপ হবে নাকি, রেডি সেটা?’ বোঝা গেল, কর্মীদের সঙ্গে কথা বলছেন তিনি, এসব সংলাপ নয়। নেপথ্যে ঝিঁ ঝিঁ ডাকছে, ধীরে শোনা যাচ্ছে নেকড়ের ডাক। ভয়াবহ পরিবেশ! এই পরিবেশে বেশিক্ষণ থাকা যায় না। কারণ শিল্পীরা ছাড়া আর কেউ নেই সেখানে। আজ বৃহস্পতিবার নিশ্চয়ই অনেক দর্শক থাকবেন। সেখান থেকে বের হয়ে চিলেকোঠায় পৌঁছালে দেখা যায়, মুক্ত বাতাসে আড্ডা দিচ্ছেন নাট্যাঙ্গনের এক ঝাঁক মানুষ। শিল্পকলার ছাদের সন্ধ্যাটা তখন রাতের দিকে মুখ ঘুরিয়েছে।