মা, আমার মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। মেঘের তর্জন-গর্জন। বৃষ্টির কবল থেকে রক্ষা পেতে অনেকেই এসেছেন মিলনায়তনের ভেতরে। এমন বৃষ্টিস্নাত দিনে মায়ের কথা শুনে আপ্লুত হলেন অনেকে। সেই ছোট্টবেলায় মায়ের নানান স্মৃতি ফিরে এল কারও কারও মনে।গতকাল বুধবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শতকত ওসমান স্মৃতি মিলনায়তনের কক্ষজুড়ে ‘মা, আমার মা’ নামে আবৃত্তির আয়োজন করেছিল চারুকণ্ঠ আবৃত্তি সংসদ। সাজসজ্জায় সবুজের স্নিগ্ধতা। মঞ্চে পত্রপল্লব সন্নিবেশিত শাখার নান্দনিক বিন্যাস। সেই পাতায় ছাওয়া মঞ্চে শিল্পীরাও সজ্জিত সবুজ বেশভূষায়। কণ্ঠে মায়ের বন্দনা।শুরুতেই লুৎফর রহমানের প্রবন্ধ থেকে পাঠ করা হলো ‘লক্ষ ঘরে দেউটি জ্বলে, দোলায় দোলে শিশু। মা জননী, গান করে ঘুম আনে’। এরপর শিল্পীরা বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করেন মাকে নিবেদিত পঙিক্তমালায়। শামসুর রাহমানের ‘কখনো মাকে’ আবৃত্তি হলো একক কণ্ঠে। এরপর কবি জসীমউদ্দীনের ‘রাত থম থম স্তব্ধ নিঝুম অন্ধকার’, শঙ্খ ঘোষের ‘বল তারে শান্তি শান্তি’, আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে’সহ আরও বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করলেন শিল্পীরা।শুধুই কি কবিতা? বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত চিঠিপত্র, নিবন্ধ, চিঠি, অনুভূতি—সবকিছুই আবৃত্তি করা হলো। আর আবৃত্তিতে বারবার ফিরে এল মায়ের কথা। কখনো একক কণ্ঠে কখনো দ্বৈতে বা সম্মিলিত কণ্ঠের পরিবেশনা।মাকে নিয়ে এই আবৃত্তিসন্ধ্যায় ছিলেন জি এম মোর্শেদ, আনোয়ার পারভেজ, উম্মে সামিয়া আফরিন, ঝিনুক হালদার ও রঞ্জন অধিকারী। গ্র্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন নিরঞ্জন অধিকারী।