মা ও স্ত্রীকে নিয়ে এক মঞ্চে রুমি
এত দিন ব্যান্ড সদস্যদের সঙ্গে নিয়ে গান করলেও এবারই প্রথম মা ও স্ত্রীকে একসঙ্গে নিয়ে পারিবারিক একটি অনুষ্ঠানে গান করলেন এ সময়ের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও গায়ক আরফিন রুমি। গতকাল রোববার পুরান ঢাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যার দিকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলে গভীর রাত পর্যন্ত। অনুষ্ঠানে আগত সব অতিথি এক মঞ্চে মা, স্ত্রী এবং রুমির গান বেশ উপভোগ করেন। স্ত্রী অনন্যার সঙ্গে দ্বৈত গানে অংশ নিলেও মা নাসিমা আকতার দ্বৈত গান পরিবেশন করেন দুরবীন ব্যান্ডের আরেক সদস্য কাজী শুভর সঙ্গে। রুমির স্ত্রী অনন্যা বলেন, ‘আমি প্রায় তিন বছর পর স্টেজে গান করছি। বিয়ের আগে দুজন গান করলেও বিয়ের পর এবারই প্রথম আমরা একসঙ্গে মঞ্চে গান করলাম। বেশ ভালো লেগেছে রুমির সঙ্গে গান করতে পেরে।’রুমি বলেন, ‘গানে আমার সবকিছু আজ মায়ের জন্যই। উনার সঙ্গে একসঙ্গে গান করতে পেরে ভালোই লাগছে।রুমির মা নাসিমা আকতার বলেন, ‘ছেলের সঙ্গে মঞ্চে গান করার মজাই আলাদা। আমি খুব খুশি ছেলে ও ছেলের বউসহ একমঞ্চে গান করতে পেরে।’ অনুষ্ঠানে বেশ কটি একক গান করেন দূরবীন ব্যান্ডের সদস্য শহীদ, আইয়ুব প্রমুখ।