মা-ছেলের যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মে, ২০১৩। গোটা বিশ্ব এ দিনটিকে ‘মা দিবস’ হিসেবে পালন করেছে। রোশন পরিবারেও এ দিনটিতে আনন্দের রোশনাই বয়ে গেছে। তবে ‘সুপার হিরো’ হৃতিক রোশন দিনটি নিয়ে খুব বেশি ঢাকঢোল পেটাতে পছন্দ করেন না। তাঁর ভাষায়, ‘পৃথিবীতে শুধু মায়েরাই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন। তাই বছরের একটি দিন তাঁদের জন্য আলাদা করে রাখার চিন্তাটা ভালো। শুধু একটি দিনেই মাকে বিশেষভাবে সময় দেওয়া, আর ৩৬৪ দিন তাঁর খোঁজখবরও না নেওয়া—গুরুতর অপরাধ! আমার কাছে মা আমার স্বর্গ। আমার মন্দির। জীবনে চলার পথে ছোট ছোট শিক্ষা, মূল্যবোধ—সবকিছু তো মা-ই শিখিয়েছেন। সময় হয়েছে মাকেও আমার তরফ থেকে কিছু দেওয়ার। এবারের মা দিবসে তাই আমি আমার জননীকে ‘ফিটনেস’ উপহার দিয়েছি! মা নিয়ম মেনে আমার নায়িকাদের ঈর্ষার কারণ হয়েছেন। হা হা হা! একজন ছেলের কাছে এর চেয়ে বড় খুশির খবর আর কী হতে পারে?’সত্যিই তা-ই। ৬০ বছরের পিঙ্কি রোশনকে সম্প্রতি যাঁরা দেখেছেন, সবাই তাজ্জব বনে যাচ্ছেন। এ কী বাস্তব না জাদু? হূতিকের মা বলেন, ‘মাত্র কয়েক মাস আগেও আমার ওজন ২৫ কেজি বেশি ছিল। ছেলে আমার যত ব্যস্তই থাকুক, আমাকে নিয়ে সব সময় ভাবে। একদিন রাতের খাওয়া শেষে আমাকে ডেকে নিয়ে বলল, “মা, তুমি তো জীবনভর আমাদের অনেক কিছু দিয়েছ। আমি যদি তোমাকে কোনো উপহার দিতে চাই, তুমি কি তা নেবে?” স্বাভাবিকভাবেই আমি ‘হ্যাঁ’ বলেছিলাম। আমার উত্তর পেয়ে হূতিক বলে, “তবে ঠিক আছে, কাল থেকে তুমি আমার ছাত্রী। সময়মতো আমার জিমে চলে আসবে। আমি তোমাকে শরীরচর্চার মাধ্যমে যথার্থভাবে বেঁচে থাকার দীক্ষাটা দিতে চাই।” অনেক হেসেছিলাম সেদিন। কিন্তু ভেতরে ভেতরে খুব অনুপ্রাণিতও হয়েছিলাম। পরদিন থেকে আজ পর্যন্ত আমি আমার ছেলের ছাত্রী। ও আমাকে রুটিন করে ঘুম, খাদ্যাভ্যাস, শরীরচর্চার চার্ট করে দিয়েছে। আর ওর রুটিন মেনেই আজ আমার এই পরিবর্তন। অনেক সন্তান আছে, যারা বোঝে না কিংবা বুঝলেও ভুলে যায়, তাদের বেড়ে ওঠা, সফল হওয়ার পেছনে মা-বাবার কত বড় ভূমিকা থাকে। হূতিক কখনো তা ভোলে না। ও জানে, কিসে আমি খুশি হব। হূতিক যেমন প্রায়ই ওর দুই ছেলে হূহান, হূদান, হূতিকের বোন সুনয়না, সুনয়নার মেয়েকে ফুল, ট্রফি, মেডেল দিয়ে ভালো কাজের স্বীকৃতি জানায়, ঠিক তেমনিভাবে আমাকে ও প্রতিনিয়ত উৎসাহ দিয়েছে। কড়া শিক্ষক বটে। তবে আমি কোনো টার্গেটে উতরে গেলে ফুল, মেডেল দিয়ে বাহবা জানাতেও হূতিক কার্পণ্য করে না। আমিও বোধ হয় হূতিককে সারা জীবন এতটা ভালোবাসা দিইনি, ও যতটা আমাকে যত্ন করে। ছেলের সঙ্গে জিমে সময় কাটানো আমার জীবনের সেরা অধ্যায়গুলোর একটি।’এ প্রসঙ্গে হূতিকের যুক্তি, ‘অনেকেই বলেন, সংসার মানে একসঙ্গে খাওয়া, প্রার্থনা করা। তাহলে একসঙ্গে শরীরচর্চা কেন নয়? শরীরচর্চা শুধু শরীরকে নয়, মনকে শক্তিশালী করে তোলে। আত্মবিশ্বাস বাড়ায়। ছোটবেলায় সবাই আমাকে ‘তোতলা’ বলে খ্যাপাত। শরীরচর্চা আমার মাথার ওপর থেকে ওই অপবাদটি ঘুচিয়েছে। খুব ইচ্ছা ছিল, পর্দায় মাইকেল জ্যাকসনের মতো নাচব। সুপারম্যানের মতো উড়ন্ত কোনো চরিত্রে নিজেকে দেখব। ২১ বছর বয়সে চিকিৎসক বলেছিলেন, সুপার হিরো হওয়া তো দূরের কথা, আমি কখনো হিরোই হতে পারব না। চিকিৎসকের আদেশ অমান্য করে যদি কিছু করি, অকালেই হুইলচেয়ারকে আপন করতে হবে। শরীরচর্চা আমার সেই প্রতিবন্ধকতাকেও কাকতালীয়ভাবে জয় করিয়েছে। আর আমার শরীরচর্চায় জীবনভর সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন যিনি, তিনি আর কেউ নন—আমার মা।’পিঙ্কি রোশন বলেন, ‘মা হওয়ার পর সবাই প্রশ্ন করতেন, তারকা পরিচালক-অভিনেতা রাকেশ রোশনের পরিবারে তো জৌলুশ-আভিজাত্যের কমতি নেই। এমন পরিবেশে দুই বাচ্চাকে মানুষ করাটা কতটুকু কঠিন? উত্তরে সব সময়ই বলেছি, আমি আমার বাচ্চাদের আর দশটা সাধারণ বাচ্চার মতোই মানুষ করেছি। সব সময় যা চেয়েছে, তা দিইনি। এ কারণেই হয়তো হূতিক আজ একজন সংবেদনশীল পুরুষ। হূতিক-সুনয়নার ক্লাস পরীক্ষার সময় আমার বাড়িতে কখনোই অতিথি আসতেন না। আদর করতাম বলেই হয়তো শাসনের অধিকার রাখতাম। হৃতিকও সেই গুণটি পেয়েছে। হূহান, হূদান ছোটবেলায় চকলেট খেতে চাইলেও হূতিক কখনো ওসব ওদের ছুঁতে দিতো না। এখন আমার নাতিরাও চকলেট পছন্দ করে না। শুধু ওদের জন্মদিনে চকলেট কেকের অর্ডার দেওয়া হয়।’লেখক মাইকেল ল একবার বলেছিলেন, ‘পারফেকশন মানেই শুধু নির্ভুলভাবে জীবন কাটানো নয়। পারফেকশন একটি ভয়। ভুল করার ভয়। ব্যর্থতার ভয়। প্রিয় মানুষকে হতাশ করার ভয়।’ এই বিবৃতি বিবেচনায় হূতিক শুধু একজন অভিনেতা হিসেবেই পারফেকশনিস্ট নন, ব্যক্তিজীবনেও ‘সুপার পারফেক্ট’ তিনি। রুম্মান রশীদ খানইন্ডিয়া টিভি, ডেইলি ভাস্কর, ইন্ডিসিনে, বলিউড হাঙ্গামা ডট কম অবলম্বনে