মা-বাবাকে ছেড়ে নতুন বাড়িতে উঠছেন রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা নিতু সিং (বাঁয়ে) ও বাবা ঋষি কাপুরের সঙ্গে রণবীর কাপুর (মাঝে)
মা নিতু সিং (বাঁয়ে) ও বাবা ঋষি কাপুরের সঙ্গে রণবীর কাপুর (মাঝে)

বলিউডের তারকা দম্পতি ঋষি কাপুর ও নিতু সিংয়ের ছেলে ‘বরফি’ তারকা রণবীর কাপুর মা-বাবার সঙ্গে এক বাড়িতেই থাকেন। কিন্তু সম্প্রতি ‘হিন্দুস্তান টাইমস’-এর এক খবরে জানানো হয়েছে, মুম্বাইয়ের পালি হিল এলাকায় অবস্থিত কৃষ্ণরাজ বাংলো বাড়ি ছেড়ে নতুন অ্যাপার্টমেন্টে ওঠার পরিকল্পনা করছেন রণবীর। এরই মধ্যে নতুন অ্যাপার্টমেন্ট খোঁজার কাজও শুরু করে দিয়েছেন ৩১ বছর বয়সী এ তারকা অভিনেতা।
এ প্রসঙ্গে রণবীরের কাছের একটি সূত্র জানিয়েছে, নিজের জন্য বিশাল একটি অ্যাপার্টমেন্ট কেনার পরিকল্পনা করছেন রণবীর। এরই মধ্যে তিনি একাধিক আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করেছেন। বান্দ্রা ও জুহুর মধ্যবর্তী কোনো জায়গায় নিজের জন্য নতুন একটি অ্যাপার্টমেন্ট কিনতে চান তিনি।
সূত্রটি আরও জানিয়েছে, নতুন বাড়িতে ওঠার পরিকল্পনা করার পর ‘বোম্বে ভেলভেট’ ছবির শুটিংয়ের কাজে শ্রীলঙ্কা যেতে হয় রণবীরকে। তাঁর অনুপস্থিতিতে কয়েকটি অ্যাপার্টমেন্ট দেখে রাখা হয়েছে। শুটিংয়ের কাজ থেকে সাময়িক বিরতি পেয়ে সম্প্রতি মুম্বাই ফিরেছেন রণবীর। কয়েক দিন দেশেই থাকবেন তিনি। তাঁর জন্য যেসব অ্যাপার্টমেন্ট দেখে রাখা হয়েছে নিজে গিয়ে সেগুলো দেখবেন তিনি। পছন্দ হলে যত দ্রুত সম্ভব অ্যাপার্টমেন্ট কিনে ফেলার বন্দোবস্ত করবেন রণবীর।রণবীরের এমন পরিকল্পনার পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, রণবীরের সঙ্গে সময় কাটাতে প্রায়ই কৃষ্ণরাজ বাংলো বাড়িতে যান ক্যাটরিনা কাইফ। ক্যাটের এই ঘন ঘন যাতায়াতের বিষয়টিকে একদমই সমর্থন করেন না রণবীরের বাবা ঋষি কাপুর। মূলত এ কারণেই রণবীর মনে করছেন, নতুন বাড়িতে ওঠাটাই তাঁর জন্য ভালো হবে।

এ বিষয়ে জানার জন্য রণবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা ঋষি কাপুরকে ফোনে পাওয়া যায়। রণবীর বাড়ি ছাড়ার পরিকল্পনা করছেন কি না, জানতে চাইলে তেলেবেগুনে জ্বলে ওঠেন ঋষি কাপুর। তিনি বলেন, ‘কোন সাহসে আমাকে ফোন করেছেন? আমি কাজ নিয়ে ব্যস্ত আছি।’
প্রসঙ্গত, অনেকদিন থেকেই কৃষ্ণরাজ বাংলো বাড়িতে ঘন ঘনই যাতায়াত করেন ক্যাটরিনা। এমনকি মাঝরাতে সেখানে হাজির হয়ে মুখরোচক খবরের জোগানও দিয়েছেন ক্যাট। রণবীরের বাড়িতে ক্যাটরিনা তাঁর জন্মদিনও উদযাপন করেছেন। রণবীরের বাবা-মায়ের সঙ্গে তাঁর দারুণ সুসম্পর্ক।
কিন্তু স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে ছুটি কাটানোর সময় রণবীর ও ক্যাটরিনার অন্তরঙ্গ ছবি ফাঁসের ঘটনাকে সহজভাবে নিতে পারেননি ঋষি ও নিতু। ওই ঘটনা রণবীরের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই রায় দিয়েছিলেন তাঁরা। এমনকি কৃষ্ণরাজ বাংলো বাড়িতে ক্যাটরিনার ঘন ঘন যাতায়াতের ওপর নিষেধাজ্ঞাও জারি করেছিলেন রণবীরের বাবা ঋষি কাপুর। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন ঋষি।