মা-বাবার স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া। ছবি: আনন্দ
সোনিয়া। ছবি: আনন্দ

‘ইউটার্ন ছবির তৃতীয় নায়িকার জন্য পত্রিকায় একটি খবর বের হয়। খবরটি পড়ে মনে হলো, ইশ্! আমি যদি কাজটি করতে পারতাম। কদিন পর ছবির পরিচালক আলভী আহমেদ ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি আমাকে দেখা করতে বলেন। পরদিন কাজটি নিয়ে আমরা অনেকটা সময় আলোচনা করি। আমি রাজি হয়ে যাই,’ বললেন সোনিয়া হোসাইন।
ইউটার্ন ছবির তিন নায়িকার একজন তিনি। তাঁর চরিত্রের নাম বর্ষা। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি। বড় পর্দায় এটি সোনিয়ার প্রথম কাজ। চলচ্চিত্রে প্রথম অভিনয় করতে গিয়ে অভিজ্ঞতাও হয়েছে দারুণ। প্রেক্ষাগৃহে বড় পর্দায় নিজেকে দেখে রোমাঞ্চিত হয়েছেন সোনিয়া।
১৩ জুন সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় কথা হলো তাঁর সঙ্গে। বড় পর্দায় সাফল্যের জন্য তাঁর চোখে-মুখে আনন্দের ছোঁয়া।
সোনিয়া বললেন, ‘চলচ্চিত্রে কাজের ব্যাপারে আমার মধ্যে নেতিবাচক কিছু ধারণা ছিল। আর চলচ্চিত্রে শুটিংয়ের জন্য অনেকটা সময় দিতে হয়। তবে ইউটার্ন ছবির শুটিং শুরুর পর আমার সব ধারণা পাল্টে গেছে।’
শুটিং শেষ হওয়ার আট মাস পর মুক্তি পেয়েছে ইউটার্ন। প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখার সময় সোনিয়া নিজের অভিজ্ঞতার কথা জানালেন এভাবে, ‘ছবি মুক্তির প্রথম দিন প্রথম শো দেখতে হলে গিয়েছিলাম। আমার চরিত্রের মধ্যে মজা আছে। সংলাপগুলো একটু হাসির। প্রেক্ষাগৃহে বসে আমার দৃশ্যগুলোয় দর্শকের হাসি আর হাততালি দেখে খুব মজা পেয়েছি।’
ইউটার্ন মুক্তির পর চলচ্চিত্রের প্রেমে পড়েছেন সোনিয়া। বললেন, ‘এখন বুঝতে পারছি, চলচ্চিত্রের জায়গাটি একজন অভিনয়শিল্পীর জন্য অনেক সম্মানের। এখন বলছি, চলচ্চিত্রে কাজের আরও সুযোগ পেলে অবশ্যই করব।’
সোনিয়ার শুরুটা কিন্তু ছোট পর্দায়। এখানে নিয়মিত কাজ করছেন তিনি। এখন কাজ করছেন ধারাবাহিক নাটক দোস্ত দুশমন, এক ঘণ্টার নাটক কমিউনিকেশন গ্যাপ, পুরুষ এক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ক্যানভাস অব লাভ আর শূন্যতায়।
সোনিয়া টিভিতে কাজ করার স্বপ্ন দেখছেন সেই ছোটবেলা থেকে। তাঁর স্বপ্ন পূরণ হয় ২০০৩ সালে। ওই বছর ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। মাঝে দুই বছরের অপেক্ষা। প্রথম অভিনয়ের সুযোগ পান গিয়াসউদ্দীন সেলিমের প্রেমে পড়ার গল্প নাটকে। নাটকটি ভালোবাসা দিবসে প্রচারিত হয় এনটিভিতে।
সোনিয়া বলেন, ‘নাটকটি প্রচার হওয়ার পর দারুণ সাড়া পেয়েছি। এরপর অনেকগুলো নাটকে অভিনয় করেছি।’
২০০৯ সালে আইন বিষয়ে পড়াশোনা করতে সোনিয়া চলে যান যুক্তরাজ্যে। দেশে ফেরেন পাঁচ বছর পর। গত বছর হৃদি হকের চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে নাটকের মধ্য দিয়ে আবার অভিনয়ে ফেরেন। এরই মধ্যে কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেন সোনিয়া।
মেয়ে টিভি কিংবা চলচ্চিত্রে কাজ করবে, এ ব্যাপারে কোনো আগ্রহ ছিল না সোনিয়ার বাবার। বাবার ইচ্ছা, মেয়ে আইনজীবী হবেন। আর মা চাইতেন, মেয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করবে টিভি আর চলচ্চিত্রে। দুজনের স্বপ্নই পূরণ করেছেন সোনিয়া।
আইন বিষয়ে পড়া শেষ করে এখন বার কাউন্সিলের সদস্য হওয়ার জন্য পরীক্ষা দেবেন।
আর অভিনয়?
তা তো হবেই।