
বাবা ছিলেন বিখ্যাত অভিনেতা। ছিলেন কী, জন ভইট এখনো ৭৪ বছর বয়সে দাপটের সঙ্গে হলিউড শাসন করছেন। সেই তুলনায় তাঁর মা ছিলেন অখ্যাত, প্রায় অচেনা একজন। একটা টিভি সিরিজ আর দুটো চলচ্চিত্রে নিতান্তই অগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়েই শেষ ক্যারিয়ার। কিন্তু অ্যাঞ্জেলিনা জোলিকে যদি জিজ্ঞেস করেন, জোলি এখনো বলবেন, বাবা নয়; মাকে দেখেই তিনি খুঁজে নিয়েছেন পথ। মা যে তাঁর অন্তহীন অনুপ্রেরণার উৎস।

অথচ এটা স্বীকার না করে উপায় নেই, রূপ তিনি মায়ের কাছে পেলেও অভিনয়প্রতিভা পেয়েছেন বাবার কাছ থেকেই। উত্তরাধিকারসূত্রে সেটা খেলা করে তাঁর রক্তেই। জোলির যখন দুই বছর বয়স, তখনই বাবা জিতেছেন সেরা অভিনেতার অস্কার। যে অস্কারে তিনি মনোনয়ন পেয়েছেন আরও তিনবার। জোলির জন্মের আগেই মিডনাইট কাউবয় আর ডেলিভারেন্স নামের দু-দুটো অবিস্মরণীয় ছবি দিয়ে পোক্ত করেছেন হলিউডে তাঁর আসন।
নিজেও বাবার পথ ধরে একদিন অস্কার জিতেছেন। তবে বাবার অস্কার জয়টা জোলি মনে রাখবেন আরেক কারণে। এই অস্কার জেতার পরই মায়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় বাবার। মা মার্সেলিন বার্ট্রান্ডের সঙ্গে হাত ধরে তিনি লস অ্যাঞ্জেলেসের হলিউড জগৎ ছেড়ে চলে আসেন অনেক দূরে। যেখানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের কোরাস নেই। যে জগতে আছে সাপ, বিচ্ছু, ব্যাঙ, টিকটিকি! হ্যাঁ, ছোট্ট জোলি যে এসব পুষতে বেশ ভালোবাসতেন। তাঁর প্রিয় পোষা সাপটার নাম ছিল হ্যারি ডিন স্ট্যানটন। কাছের বন্ধু টিকটিকির নাম ছিল ভ্লাদিমির।
আর দশটা মেয়ে যেখানে তেলাপোকা দেখলেই তারস্বরে চিৎকার করে পাড়া কাঁপিয়ে ফেলে, সেখানে জোলির এই অদ্ভুত শখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, টুম্ব রেইডারের লারা ক্রফট তাঁর মধ্যে বাস করত ছেলেবেলাতেই। মেয়েবেলা? না, কথাটা জোলির সঙ্গে মানায় না। এ জন্যই মানায় না, দস্যিপনায় জোলির তুলনা ছিল না আর কেউই।
বাবার ভইট কিংবা মায়ের বার্ট্রান্ড পদবির কোনোটাই নেননি। তিনি হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। যে নামের অর্থ ছোট্ট তুলতুলে একটা পরির মতো মেয়ে। তা তিনি দেখতে ছোটবেলা থেকেই পরি। তবে নামটা শুনে যতটা পুতুল-পুতুল মনে হয়, জোলি ছিলেন ঠিক তাঁর উল্টো। কিসি গার্লস নামের একটা দল ছিল তাঁর। যে দলটা অদ্ভুত সব ফ্যাশনের জামা-কাপড় পরে বেড়াত। তবে দলটার নামকরণের মাহাত্ম্য বুঝবেন এই তথ্যে, এই দলের মেয়েরা ঝাঁপিয়ে পড়ে সমবয়সী ছেলেদের ওপর চুমু-আক্রমণ করত! ততক্ষণ পর্যন্ত চুমু খেত, যতক্ষণ না ভয়ে আক্রমণের শিকার ছেলেটি চিৎকার করে উঠছে!
মায়ের হাত ধরেই সিনেমা দেখতে যাওয়া। জোলি পরে বলেছেন, ছবির নেশাটা এভাবেই পেয়ে বসেছিল তাঁকে। অভিনেতা ও সুরকার চাচা চিপ টেলর নন, গডমাদার জ্যাকুলিন বিসেটও নন, বাবা জন ভইট তো অবশ্যই নন!—জোলির অভিনয়ের প্রেরণা তাঁর মা-ই। যদিও চলচ্চিত্রে তাঁর অভিষেক হলো সাত বছর বয়সে, ছবির নাম লুকিন টু গেট আউট, যে ছবিটি রচনার পাশাপাশি অভিনয় করেছিলেন তাঁর বাবাই।
মায়ের কার্বন-কপি ছিলেন। দেখতে যেন মায়ের মতোই। যেন তিনি আরেক মার্সেলিন। নিজে কখনো বিখ্যাত অভিনেত্রী হতে পারেননি। সেই অপূর্ণ স্বপ্ন মার্সেলিন নিশ্চয়ই চেয়েছিলেন পূরণ হোক মেয়ের হাতেই। আর তাই জোলির ১১ বছর বয়সে কন্যা-পুত্রসমেত আবার লস অ্যাঞ্জেলেসে ফিরে এসেছিলেন মার্সেলিন। জোলির সেই ভাই জেমস হ্যাভেনও পরে অভিনেতা হয়েছিলেন, এখন কাজ করছেন পরিচালক হিসেবে।
বাবাকে ছাড়াই মায়ের এই নিঃসঙ্গ লড়াইটা ছোটবেলা থেকে দেখেছেন। নিজের জীবনে মা যে সব সময় ছায়া হয়ে আছেন, সে কথা বলেছেন বারবার। বললেন আবারও। গত সপ্তাহে জোলির হাতে তুলে দেওয়া হলো সম্মানসূচক অস্কার। বিশ্বজুড়ে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া, জাতিসংঘের শরণার্থী কর্মসূচির সক্রিয় কর্মী হিসেবে কাজ করার স্বীকৃতি মিলল। আর বিশেষ এই অস্কার হাতে তুলে নিয়ে মাকে স্মরণ করলেন জোলি, ‘তিনি কখনোই আমার কোনো সমালোচনা করেননি।
সত্যি বলতে কি, কেউ আঘাত পায় এমন কোনো শব্দই যেন তাঁর জানা ছিল না। তিনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, দিয়েছেন অফুরন্ত আত্মবিশ্বাস। সবচেয়ে বড় কথা, তিনি আমাকে এই শিক্ষা দিয়েছেন, নিজের জীবনটা যদি অন্যের কাজে না লাগে, সেই জীবনের কোনো মূল্য নেই। কথাটা আমি প্রথম প্রথম বুঝতে পারিনি। কিন্তু নিজের কাজ আর জগৎটার বাইরে যখন গেলাম, বুঝতে পারলাম, অন্যের প্রতি আমার দায়িত্বটা আসলে কী।
’১৯৯৯ সালে যখন প্রথম অস্কার জিতলেন, মা পাশেই ছিলেন। এবার মা পাশে নেই। জীবনযুদ্ধে জিতেও ক্যানসারের সঙ্গে লড়াইটায় হেরে স্বর্গে গেছেন ২০০৭ সালে। তবে এইবারই নিশ্চয়ই তাঁর মা সবচেয়ে গর্বিত হয়েছেন মেয়ের হাতে সোনার নারীমূর্তির ট্রফিটা উঠতে দেখে। মার্সেলিনের সত্যিকারের স্বপ্ন যে পূরণ হলো এবার!
রাজীব হাসান
সূত্র: হাফিংটন পোস্ট