মা-মেয়ের দ্বন্ধ নিয়ে প্রতিপক্ষ
রিয়ার মা নাশিত জামান দেশের বিশিষ্ট চিকিৎসক। রোগী আর দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার নিয়ে তিনি ব্যস্ত। মেয়েকে খুব একটা সময় দিতে পারেন না। এ নিয়মটা শুরু হয়েছে রিয়ার বাবা মারা যাওয়ার পর থেকে। নাশিত জামান মেয়েকে ভালোবাসেন ঠিকই, কিন্তু মেয়ের জন্য রয়েছে তাঁর গভীর উদ্বেগও। এটা রিয়া কখনোই বিশ্বাস করতে রাজি নন। অপর দিকে এক গভীর অভিমান রিয়াকে মায়ের কাছ থেকে অনেক দূরে নিয়ে গেছে। রিয়া এখন মাকে একেবারেই সহ্য করতে পারেন না। মাকে অপমান করা, মায়ের পছন্দের বাইরে কাজ করা রিয়ার অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। নাশিত জামান মেয়ের এ ধরনের আচরণে বেশ কষ্ট পান। আর এসব কষ্ট ও যন্ত্রণার কথা তিনি জানান ছাত্রজীবনের বন্ধু মোরশেদের কাছে। নাশিত জামানের বাড়িতে মোরশেদের আসাটাও রিয়ার পছন্দ নয়। তাঁকেও রিয়া অপমান করতে ছাড়েন না। এমনি একটি জটিল কাহিনি নিয়ে এগোতে থাকে ‘প্রতিপক্ষ’ নাটকের গল্প। নাটকটিতে নাশিত জামান চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন দিতি এবং মেয়ে রিয়ার চরিত্রে আছেন মৌসুমী বিশ্বাস।প্রতিপক্ষ নাটকে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, এস এম মোহসীন, সায়কা আহমেদ, হারুন উর রশীদ, তানভির, আফরি, শিশুশিল্পী ঐশী প্রমুখ। ইরাজ আহমেদের রচনা ও সতীর্থ রহমানের পরিচালনায় নাটকটি আগামীকাল বৈশাখী টিভিতে রাত আটটা ৩০ মিনিটে প্রচারিত হবে।