মা হচ্ছেন কিম কার্দাশিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সন্তান প্রত্যাশা করছেন মার্কিন অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান এবং তাঁর প্রেমিক র্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্ট। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরই মধ্যে সামাজিক যোগাযোগ রক্ষার খুদে ব্লগসাইট টুইটারের মাধ্যমে কিম ও কেনিকে শুভেচ্ছাবার্তা পাঠানো শুরু করেছেন তাঁদের ভক্ত ও পরিবারের সদস্যরা। এক টুইটার বার্তায় কিমের বোন কার্টনি কার্দাশিয়ান লিখেছেন, ‘আমাদের পরিবারে ছোট্ট নতুন এক সদস্যকে স্বাগত জানানোর সুযোগ এসে গেছে। এমন দারুণ সুখবর পেয়ে আনন্দ একদমই ধরে রাখতে পারছি না। ছাদের ওপর উঠে আনন্দে চিত্কার করতে ইচ্ছে করছিল। এখন চাইলেই তা করতে পারি আমি।’ ৩০ ডিসেম্বর রোববার যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে আয়োজিত এক কনসার্টে গান করেন কেনি ওয়েস্ট। সেখানে মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন, তাঁর প্রেমিকা কিম কার্দাশিয়ান মা হতে চলেছেন। পরে সিএনএন সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন কেনির মুখপাত্র। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়েলিটি শোর মাধ্যমে পাঁচ বছর আগে তুমুল জনপ্রিয় তারকায় পরিণত হন কিম কার্দাশিয়ান। ২০১২ সালে ইয়াহু ওয়েবসাইটে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ৩২ বছর বয়সী কিমকে। ২০১১ সালের আগস্টে ঘটা করে বিয়ে করেছিলেন কিম ও বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিস। কিন্তু মাত্র ৭২ দিনের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর ২০১২ সালের এপ্রিল থেকে চুটিয়ে প্রেম করছেন কিম ও ৩৫ বছর বয়সী কেনি ওয়েস্ট।