মা হচ্ছেন জেনেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনেলিয়া ডি’সুজার সঙ্গে রিতেশ দেশমুখ (ডানে)
জেনেলিয়া ডি’সুজার সঙ্গে রিতেশ দেশমুখ (ডানে)

‘হ্যাঁ, জেনেলিয়া অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। বিষয়টি নিয়ে আমরা দুজনই দারুণ উচ্ছ্বসিত।’ সম্প্রতি এভাবেই বলিউডের অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন তাঁর স্বামী ও বলিউডের অভিনেতা রিতেশ দেশমুখ।

জেনেলিয়ার সঙ্গে প্রথম পরিচয়, প্রেম ও বিয়ে নিয়েও খোলামেলা কথা বলেছেন রিতেশ। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘তুঝে মেরি কসম’ ছবিতে জুটি বেঁধে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন রিতেশ ও জেনেলিয়া। এ প্রসঙ্গে রিতেশ বলেন, ‘আমার প্রথম ছবিতে জেনেলিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলাম। একসঙ্গে কাজ শুরুর পরপরই আমাদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে আমরা একে অন্যের সবচেয়ে কাছের বন্ধুতে পরিণত হই। ছবির শুটিংয়ের মাঝামাঝি পর্যায়ে আমরা প্রেমের সম্পর্কে জড়াই। টানা ১০ বছর প্রেম করার পর ২০১২ সালে আমরা বিয়ের করার সিদ্ধান্ত নিই।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

রিতেশ আরও বলেন, ‘সবচেয়ে কাছের বন্ধুর প্রেমে পড়া এবং তাঁকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার চেয়ে আনন্দের ঘটনা একজন মানুষের জীবনে আর কি হকে পারে! জেনেলিয়া ও আমার সত্তা যেন একই। এখন আর আমরা দুজন মানুষ নই। দুজন মিলেমিশে একাকার হয়ে গেছি। জেনেলিয়ার কর্মশক্তি আর মিষ্টি হাসি আমাকে মুগ্ধ করে। আমাদের ভাবনা, পছন্দ-অপছন্দ, মূল্যবোধের মধ্যে অদ্ভুত সাদৃশ্য রয়েছে। আমরা দুজনই সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত। প্রায়ই আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে ভেলপুরি খাই। আমরা বস্তুবাদে বিশ্বাসী নই।’

জেনেলিয়ার সঙ্গে অভিসারের দিনগুলোর স্মৃতিচারণা করে রিতেশ বলেন, ‘অভিসারের দিনগুলোতে কখনোই আমার কাছ থেকে উপহার নিতে চাইত না জেনেলিয়া। কারণ, উপহার পেলে সে খুবই অস্বস্তিবোধ করে। তার পরও আমি একরকম জোর করেই তাকে উপহার দিতাম। তবে তার কড়া নির্দেশ মেনেই আমাকে উপহার কিনতে হতো। নির্ধারিত মূল্যের ওপরে কোনো উপহার আমি তার জন্য কখনোই কিনতে পারিনি।’

রিতেশের বাবা মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত বিলাসরাও দেশমুখ। মুখ্যমন্ত্রীর ছেলে হওয়ায় শুরুর দিকে রিতেশকে এড়িয়ে চলতেন জেনেলিয়া। এ প্রসঙ্গে রিতেশের সরল স্বীকারোক্তি, ‘মুখ্যমন্ত্রীর ছেলে হওয়ায় শুরুর দিকে আমাকে এড়িয়ে চলত জেনেলিয়া। এক অর্থে সে আমাকে ঘৃণাই করত। তার ধারণা ছিল, আমার মধ্যে ঔদ্ধত্য থাকতে পারে। কিন্তু বাবার কাছ থেকে পাওয়া দুটি শিক্ষা আমি সব সময় মেনে চলতাম। প্রথমত, ব্যক্তিস্বাতন্ত্র্য। বাবা বলতেন, কখনোই নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়া যাবে না। ক্ষমতা, সাফল্য, খ্যাতি সবই ক্ষণস্থায়ী। যে কোনো সময়ে তা বদলে যেতে পারে। কিন্তু মানুষ হিসেবে আমি কেমন তা কখনো কেউ ভুলবে না। দ্বিতীয়ত, আত্মসম্মানবোধ। এ ক্ষেত্রেও বরাবরই বাবার শেখানো পথে আমি হাঁটার চেষ্টা করেছি। কারও সঙ্গে সাক্ষাত্ হলে তাঁর প্রতি আমি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করি। তাঁর কাছ থেকেও শ্রদ্ধা প্রত্যাশা করি আমি।’


নিজের দোষের কথা জানাতে গিয়ে রিতেশ বলেন, ‘আমার সময়জ্ঞান ভয়ংকর রকমের খারাপ। জেনেলিয়া ও আমার মা বিষয়টিকে একদমই সহ্য করতে পারে না। অথচ জেনেলিয়া ঠিকই পেশাগত কাজের পাশাপাশি খুব সুন্দরভাবে ঘর সামলাতে পারে। জীবনে কোন বিষয়টিকে আগে বেশি গুরুত্ব দিতে হবে তা ঠিক করে নেওয়ার দারুণ এক ক্ষমতা আছে তার মধ্যে।’

জেনেলিয়া ডি’সুজা
জেনেলিয়া ডি’সুজা



ব্যক্তিজীবনে বাবার মতোই ধৈর্যশীল এবং মজা করতে ভালোবাসেন ৩৬ বছর বয়সী রিতেশ। আশপাশের মানুষ ও পরিবেশের সঙ্গে খুব সহজেই খাপ খাইয়ে নেওয়ার দারুণ ক্ষমতা রয়েছে তাঁর ভেতর। জীবনে তিনি অনেক কিছুই করতে চান। অভিনয়ের পাশাপাশি স্থাপত্য পেশার সঙ্গে জড়িত রিতেশ। চলচ্চিত্র জাদুঘর নির্মাণের পরিকল্পনাও রয়েছে তাঁর।

স্থাপত্য পেশা সম্পর্কে জানতে চাইলে রিতেশ বলেন, ‘আমি অভিনয়ের বাইরে স্থাপত্য পেশার সঙ্গে যুক্ত আছি। শাহরুখ খানের রেড চিলিস প্রতিষ্ঠানের নকশা করেছিলাম। সেটিই ছিল আমার প্রথম প্রোজেক্ট। একদিন শাহরুখ আমাকে ডেকে বললেন, ‘আপনি কি স্থপতি? আপনি কি আমার অফিসের নকশা করে দেবেন?’ তাঁর অনুরোধে কাজটি করেছিলাম। সম্প্রতি নির্মাতা করণ জোহরের বাসার নকশা করে দিয়েছি।’

রিতেশ অভিনীত নতুন ছবি ‘হামসকলস’ মুক্তি পাচ্ছে ২০ জুন। সাজিদ খান পরিচালিত পুরোদস্তুর কমেডি ঘরানার ছবিটিতে আরও অভিনয় করেছেন সাইফ আলী খান, রাম কাপুর, বিপাশা বসু, এষা গুপ্তা, তামান্না ভাটিয়া প্রমুখ।

সম্প্রতি ‘হামসকলস’ ছবির ‘খোল দে দিলকি খিড়কি’ গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর রীতিমতো তোলপাড় পড়ে গেছে। গানটির জন্য মেয়ে সেজে অদ্ভুত ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে সাইফ, রাম ও রিতেশকে। গানের দৃশ্যে তাঁদের তিনজনকেই দ্বৈত চরিত্রে দেখা গেছে। গানটিতে অদ্ভুত পোশাক পরে মেয়ে সেজে জুটি বেঁধে নাচতে দেখা গেছে সাইফ ও রিতেশকে। আর ছেলে ও মেয়ে সেজে নেচেছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। গানটিতে ক্যামেরা ও প্রযুক্তির সুনিপুণ কারসাজি দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা।