মা হলেন কিম কার্দাশিয়ান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ১৫ জুন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান। পিপল ও ইউএস উইকলি ম্যাগাজিনের প্রকাশিত খবরে এ দাবি করা হয়েছে। ম্যাগাজিন দুটির অনলাইন সংস্করণে অজ্ঞাত এক সূত্রের বরাতে কিমের মা হওয়ার খবর প্রকাশ করা হয়েছে।অবশ্য এ বিষয়ে কিম ও তাঁর স্বামী র্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্টের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পিপল ম্যাগাজিনে প্রকাশিত খবরে বলা হয়, জুলাই মাসের শুরুর দিকে মা হওয়ার কথা ছিল ৩২ বছর বয়সী কিমের। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ১৫ জুন শনিবার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দ্বিতীয় স্বামী ও মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হ্যামফ্রিসের সঙ্গে মাত্র ৭২ দিনের সংসার শেষে গত বছরের এপ্রিলে দীর্ঘদিনের বন্ধু কেনি ওয়েস্টকে সঙ্গী হিসেবে বেছে নেন কিম। অথচ তখনও আইনগত ভাবে ক্রিসের স্ত্রী ছিলেন কিম। গত বছরের ৩১ ডিসেম্বর কিম ও কেনি ওয়েস্ট জানান, প্রথম সন্তান প্রত্যাশা করছেন তাঁরা।কাগজে-কলমে ক্রিস এবং কিমের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে গত ৩ জুন। এর আগে ক্রিস দাবি করেছিলেন, বনিবনা না হওয়াকে কিম বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করলেও, আদতে কখনোই সে সংসার টিকিয়ে রাখতে চায়নি। ক্রিসের দাবি, কিম তাঁর রিয়েলিটি শোয়ের অংশ হিসেবেই বিয়ে নামের এ নাটক করেছেন।