মা হলেন ফারহানা মিলি
মা হয়েছেন জনপ্রিয় টিভি ও চলচ্চিত্রাভিনেত্রী ফারহানা মিলি। ২৪ নভেম্বর দিবাগত রাত একটা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ছেলেসন্তানের জন্ম দেন। চিকিত্সক কাশিফা নাজনীনের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রক্রিয়ায় মাতৃত্বের স্বাদ নেন ফারহানা মিলি। জানা গেছে, জন্মের সময় নবজাতকের ওজন ছিল সাড়ে তিন কেজি। প্রথমবারের মতো মা হওয়া প্রসঙ্গে মিলি বলেন, ‘মা হওয়ার পরই বুঝতে পেরেছি, আমার মা আমাদের জন্য কী কষ্ট করেছেন! এটা সত্যিই অনেক কষ্টের অভিজ্ঞতা। তবে যখন সন্তানের মুখটা দেখলাম, তখন মুহূর্তেই সব কষ্ট দূর হয়ে গেল।’ মিলি আরও বলেন, ‘মা হওয়ার পর মনে হচ্ছে, নারীজীবনের পূর্ণতা পেলাম। সত্যিই, অন্য রকম অনুভূতি। এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।’ স্কয়ার হাসপাতালে এক দিন কাটিয়ে ২৫ নভেম্বর বিকেলে মিলি তাঁর নবজাতককে নিয়ে ঢাকার মিরপুরের বাসায় ফেরেন।২০১১ সালের ১৮ মার্চ রাশিদুল ইসলামের সঙ্গে আকদের পর একই বছরের ৪ জুন তাঁদের বিয়ে সম্পন্ন হয়।