মা হলেন শিল্পা শেঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেসন্তানের মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। ২১ মে সোমবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি মা হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। সম্প্রতি সন্তান-সম্ভবা শিল্পা মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর পুরো পরিবারের বরাতে দিয়ে এনডিটিভি সংবাদটি প্রকাশ করেছেন। এদিকে এক টুইটার বার্তায় সন্তানের বাবা হওয়ার আনন্দে রাজ কুন্দ্রা তাঁর স্ত্রী শিল্পা শেঠিকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ আমার স্ত্রীকে, জীবনের সবচেয়ে সেরা উপহারটি দেওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার কিরন ও হিন্দুজা হাসপাতালের সবাইকে।’কর্নাটকের মেয়ে শিল্পা শেঠির সঙ্গে পাঞ্জাবের ছেলে রাজের পরিচয় হয় ২০০৭ সালে। এরপর তাঁদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ২০০৯ সালের ২২ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক ভারতীয় শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। শিল্পার প্রথম বিয়ে হলেও রাজের জন্য এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়েতে রাজ তাঁর স্ত্রী শিল্পা শেঠিকে ২ কোটি রুপি মূল্যের একটি আংটি উপহার দিয়েছিলেন।উল্লেখ্য, ১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে আব্বাস মাস্তানের ‘বাজিগর’ ছবির মধ্য বলিউডে শিল্পা শেঠির অভিনয় জীবনের শুরু হয়েছিল। প্রথম ছবি দিয়েই আলোচনায় চলে আসেন শিল্পা শেঠি। ১৯ বছরের ক্যারিয়ারে প্রায় অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন শিল্পা। তাঁর সর্বশেষ অভিনীত ছবির নাম হচ্ছে ‘দ্য ডিজায়ার’। তিন ভাষায় নির্মিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে।