মাইকেল জ্যাকসনের পর অ্যাডেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর পর দুই বছর একই অ্যালবাম নিয়ে বিক্রির তালিকায় শীর্ষে থাকা—এমন ঘটনা শেষ ঘটেছিল ১৯৮৩ ও ১৯৮৪ সালে। মাইকেল জ্যাকসনের থ্রিলার অ্যালবাম পর পর দুই বছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল যুক্তরাষ্ট্রে। আর ২০১১ ও ২০১২ সালে এই অর্জন করেছেন অ্যাডেলে, তাঁর টোয়েন্টিওয়ান অ্যালবাম নিয়ে। ২০১১ সালে তাঁর এই অ্যালবামটি শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি হয়েছে ৫৮ লাখ ২০ হাজার, আর ২০১২ সালে ৪৪ লাখ ১০ হাজারটি। সেই সঙ্গে টেইলর সুইফটকেও ছাড়িয়ে গেছেন অ্যাডেলে। এ বছর সর্বাধিক বিক্রীত অ্যালবামের তালিকায় অ্যাডেলের পরই আছেন সুইফট রেড অ্যালবাম নিয়ে। তাঁর এই অ্যালবামটি বিক্রি হয়েছে ৩১ লাখ ১০ হাজারটি। ‘সামওয়ান লাইক ইউ’, ‘রেলিং ইন দ্য ডিপ’-এর মতো জনপ্রিয় গান আছে এই অ্যালবামে। ২০১২ সালে ছয়টি গ্র্যামিও পেয়েছিলেন অ্যাডেলে। রয়টার্স।