মাইমে লোকমানের প্রয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর লোকমান
মীর লোকমান

পৃথিবীতে প্রত্যেকেই যেন একই চক্রে ঘুর্ণায়মান। চক্রের কেউ খারাপ কাজ করলে ঘুরতে ঘুরতে তা তাঁর ওপরেই এসে পড়ে। এই ধারণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাইম প্রযোজনা ‘সার্কেল’। ধনী-দরিদ্রের বৈষম্য, তৃতীয় লিঙ্গের প্রতি খারাপ দৃষ্টিকোণ, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির দ্বন্দ্ব, অতিরিক্ত সেলফি আসক্তির মতো বিষয়গুলো ব্যঙ্গাত্মকরূপে দেখা গেল আলিয়ঁস ফ্রঁসেসের মিলনায়তনে। মীর লোকমানের একক মূকাভিনয় ‘সার্কেল’-এর প্রথম প্রদর্শনী ছিল গতকাল সন্ধ্যায়।
বিকেল থেকেই দর্শক আসতে শুরু করে। সন্ধ্যায় মিলনায়তন কানায় কানায় পূর্ণ। মঞ্চ নাটকে যেখানে দর্শক-সমস্যা একটি পুরোনো কথা হয়ে দাঁড়িয়েছে, সেখানে মাইমের মতো অনুষ্ঠানের শুরুতেই মিলনায়তন ভরে যাওয়া নিঃসন্দেহে সুখের খবর। মাইমের মতো বললাম এ কারণে যে, পরিবেশনা শিল্পকলার অন্য মাধ্যমগুলো বাংলাদেশে যতটা জনপ্রিয়, মাইম এখনো ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি। যদিও লোকজ পরিবেশনায় প্রচুর মাইমের উপাদান থাকলেও পরিবেশনা শিল্পকলা হিসেবে মাইম আমাদের দর্শকের কাছে ততটা জনপ্রিয় নয়।
লোকমান তাঁর প্রদর্শনী শুরু করলেন ‘পৃথিবী: সৃষ্টির প্রারম্ভে’ দিয়ে। পৃথিবী সৃষ্টির শুরুর একটি প্রক্রিয়া দেখানো হলো বটে, তবে বৈজ্ঞানিকভাবে এটা কেমন ছিল তা মনে হয় একটু অস্পষ্ট থেকে গেল। এটা সময়-সংক্ষেপের কারণেও হতে পারে।
তারপরেই ‘সেলফিম্যানিয়া’ দেখানো হয়। এই উপস্থাপনাটি নিয়ে বলার কিছু নেই। দর্শকের করতালিই বলে দিচ্ছিল সব। ‘তৃতীয় লিঙ্গ’সহ অন্যান্য উপস্থাপনাগুলোতে উঠে এসেছে সমসাময়িক সংকটগুলো। যদিও এই সংকট উত্তরণের পথ সরাসরি বলা নেই সেখানে। তবে এমনভাবে উপস্থাপন করা হয়েছে দর্শক বুঝে নেবেন এই অবস্থায় তাঁর কী করা উচিত।
‘আপনার অনুভূতি কী?’ উপস্থাপনায় লোকমান যেন কথা না বলেই বুঝিয়ে দিলেন সাংবাদিকের জন্য আগে পেশাদারি না কি মানবিকতা। সবার আগে যে আমরা একজন মানুষ, তা-ই ফুটেছে এই উপস্থাপনায়।
বিষয় নির্বাচনের দিক থেকে সবগুলো উপস্থাপনা সমসাময়িক বলা চলে। লোকমানের মাইমও ভালো। তবে মনে হয় মহড়ার একটু অভাব ছিল। আলোকসজ্জায় কোনো পরিকল্পনা ছিল বলে মনে হলো না। শব্দ নিয়ন্ত্রণেও কোনো কুশলতা ছিল না।
কাজ করলে ভুলত্রুটি থাকবে এই স্বাভাবিক। তবে তরুণ বয়সে মীর লোকমানের পৃথিবীর প্রাচীন এই মাধ্যমকে নিয়ে এগিয়ে যাওয়ার সাহসকে শ্রদ্ধার্ঘ্য জানাতে হয়। এদিক দিয়ে লোকমান দশে দশ পেতে পারেন।
মীর লোকমান ২০১১ সাল থেকে নিজ দল ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’ নিয়ে যাত্রা শুরু করেছিলেন। এ পর্যন্ত ২৫০টির বেশি প্রদর্শনী করেছে দলটি। এটি ছিল লোকমানের সপ্তম একক প্রদর্শনী এবং ‘সার্কেল’-এর প্রথম প্রদর্শনী।
চুয়াত্তরে পার্থ প্রতিম মজুমদারের মাধ্যমে মাইমের যে পথচলা শুরু হয়েছিল, তা গতি পায় কাজী মশহুরুল হুদার মাধ্যমে। এরপর জিল্লুর রহমান তৈরি করেন ‘ঢাকা প্যান্টোমাইম’। তাঁর নেতৃত্বে উৎসব, সেমিনারসহ বেশ কিছু আয়োজন হলেও মাইম বাঙালির কাছে নতুনই থেকে গেল। এ ছাড়া ‘নাটুয়া’ ও ‘স্বপ্নদল’ নামক দুটি নাট্যদলের মাইম নিয়ে কিছু কাজ চোখে পড়ে। ঢাকায় হাতেগোনা কয়েকটি মাইমের দল কিছু কাজ করছে। ঢাকার বাইরে মাইমের অবস্থাও চোখে পড়ার মতো নয়। শিল্পটির এই অবস্থায় তরুণ লোকমানের প্রয়াস মাইমে নতুন জোয়ার আনবে বলে আশা করি।