মাইলসে ফিরলেন শাফিন
জানুয়ারি মাসের গোড়ার দিকে মাইলস ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শাফিন আহমেদ। ১০ মাসের মাথায় আবার মাইলসে যোগ দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে শাফিন এই খবরের সত্যতা নিশ্চিত করেন। ওই সময় এর বেশি কিছু তিনি জানাতে চাননি।জানা গেছে, ওই দিন সন্ধ্যায় ঘরোয়া একটি অনুষ্ঠানে মাইলসের সঙ্গে গান করেছেন তিনি।গতকাল শুক্রবার সকালে এ ব্যাপারে কথা হলো মাইলসের আরেক সদস্য এবং শাফিনের বড় ভাই হামিন আহমেদের সঙ্গে। তিনি জানান, মাইলসে শাফিনের ফেরার ব্যাপারটি নিশ্চিত হয়েছে। গত সোমবার থেকে মাইলসের প্র্যাকটিস প্যাডে নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন শাফিন। আগামী ৩ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে বামবা আয়োজিত কনসার্টে গান করবে মাইলস। ওই দিন মঞ্চে পুরোনো মাইলসকেই দেখতে পাবে সবাই। হামিন আহমেদ, মানাম আহমেদ এবং ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে থাকবেন শাফিন আহমেদও।হামিন আহমেদ বললেন, ‘শাফিন, হামিন কিংবা মানাম—কাউকে বাদ দিয়ে দর্শক-শ্রোতারা মাইলসকে দেখতে চায় না। আমরাও সেটা জানতাম। ৩০ বছর একসঙ্গে পথ চলেছি। এই দীর্ঘ সময়ে কারও মনে মতভেদ হতেই পারে। দর্শক-শ্রোতার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে আমরা নিজেরা আলোচনার মাধ্যমেই তা দূর করেছি। আর আমরা সবাই বিশ্বাস করি, আমাদের মতো শাফিনও মনে-প্রাণে মাইলসের সঙ্গেই আছে।’তিনি আরও বললেন, ‘পারিবারিকভাবে আমাদের মধ্যে নিয়মিতই দেখা হয়, কথা হয়। এরই ফাঁকে মাইলস নিয়েও আলোচনা করেছি। এবার কোরবানি ঈদে আমরা ফরিদপুরে নানাবাড়ি গিয়েছিলাম। ওই সময়টায় নিজেরা খুব কাছাকাছি ছিলাম। পুরো সময় মাইলসের জন্য খুব ইতিবাচক ছিল।’উল্লেখ্য, গত ১১ জানুয়ারি মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে শাফিন জানান, ‘ব্যক্তিগত কারণে আমি আর মাইলস ব্যান্ডের সঙ্গে থাকছি না।’ তখন অবশ্য মাইলস ব্যান্ডের অন্য সদস্যরা এ ব্যাপারে কিছুই বলতে চাননি। মাইলস ছাড়ার দুই দিন পরই নতুন ব্যান্ড গড়ার কাজ শুরু করেন শাফিন। দুই সপ্তাহ পর গঠন করেন ‘রিদম অব লাইফ’। আর ওদিকে নিজেদের নবম অ্যালবাম তৈরির কাজ শুরু করে মাইলস।