মাইলসের ‘প্রতিচ্ছবি’র পাঁচটি গান মুঠোফোনে
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস তার শ্রোতা ও ভক্তদের জন্য ঈদে এক দারুণ উপহার দিয়েছে। পাঁচ বছর পর মাইলসের নতুন গান শুনতে পারছেন সবাই। ঈদ উপলক্ষে এসেছে মাইলসের নতুন অ্যালবাম ‘প্রতিচ্ছবি’। আর তা মুঠোফোনে। তবে পুরোটা নয়, পাঁচটি গান। জানা গেছে, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সহযোগিতায় ঈদে বাজারে এসেছে ‘প্রতিচ্ছবি’র এই পাঁচটি গান।গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, গ্রাহকরা ওয়েলকাম টিউন, ফুল ট্র্যাক ডাউনলোড, মিউজিক রেডিওর মতো ভ্যালু অ্যাডেড সার্ভিসের (ভ্যাস) মাধ্যমে গানগুলো উপভোগ করতে পারবেন। শুরুতে গ্রামীণফোন মিউজিক প্ল্যাটফর্মে অ্যালবামের গানগুলো শোনা যাবে। গ্রাহকদের ভালো গান শোনানোর জন্য গ্রামীণফোনের এই মিউজিক প্ল্যাটফর্ম সেবা চালু করা হয়েছে। ডিজিটাল রাইট ম্যানেজমেন্টের (ডিআরএম) মাধ্যমে সবগুলো গান সুরক্ষিত বলে গ্রামীণফোন মিউজিক প্ল্যাটফর্ম একটি অনন্য মাধ্যম। পাশাপাশি ডিআরএম প্ল্যাটফর্ম গান ও অন্যান্য উপকরণে শিল্পী ও সংগীত আয়োজকদের অধিকার রক্ষা করে।শুরুতে শুধুমাত্র গ্রামীণফোন গ্রাহকেরাই গ্রামীণফোন মিউজিক প্ল্যাটফর্মে এই অ্যালবামের গানগুলো শুনতে পাবেন। পরে অ্যালবামটির অডিও সিডি আকারে বের করা হবে।গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির বলেন, ‘বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ প্রতীক্ষিত অ্যালবামের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এরই মধ্যে আমরা সোলস, কুমার বিশ্বজিত্ এবং আরও অনেক গুণী ও জনপ্রিয় শিল্পীর গান গ্রামীণফোনের গ্রাহকদের উপহার দিয়েছি। আর তা অব্যাহত থাকবে। এমনি ভাবে বাংলাদেশের অডিও শিল্পে আমরা আরও বেশি করে অবদান রাখার আশা রাখছি।’ মাইলসের অন্যতম সদস্য হামিম আহমেদ বলেন, ‘গ্রামীণফোন ও মাইলসের এই বন্ধন এক সম্ভাবনাময় আগামীর সূচনা। অডিও শিল্পের জন্য এটা খুবই প্রত্যাশিত ছিল। ডিজিটাল মিউজিকের ভাবনাটি বিশ্বজুড়ে এখন খুবই জনপ্রিয়। বাংলাদেশে এমন উদ্যোগ নেওয়ার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের অডিও শিল্পে অবশেষে ডিজিটাল বিপ্লবের সূচনা হলো। আমার বিশ্বাস এই বিপ্লবের অংশ হতে পেরে সব মিউজিশিয়ানই খুশি হবে।’ নতুন অ্যালবাম সম্পর্কে হামিম আহমেদ আরও বলেন, ‘মাইলসের নিজস্বতাকে খুঁজে পাওয়া যাবে এই অ্যালবামে। আমাদের বিশ্বাস মাইলসের ভক্তরা প্রতিচ্ছবি অ্যালবামটির পাঁচটি গানই পছন্দ করবে।’