মাইলির ওপর বেজায় চটেছেন বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলি সাইরাস-জাস্টিন বিবার
মাইলি সাইরাস-জাস্টিন বিবার

তবে কি মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাসের সঙ্গে ‘টিন সেনসেশন’খ্যাত কানাডীয় পপগায়ক জাস্টিন বিবারের দোস্তিতে চিড় ধরেছে! বরাবরই তাঁদের মধ্যে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সম্প্রতি বিবারকে নিয়ে মশকরা করায় মাইলির ওপর বেজায় চটেছেন এই ‘বেবি’ তারকা। মাইলিকে ফোন করে রীতিমতো গালিগালাজও করেছেন ১৯ বছর বয়সী বিবার। তিনি এখন মাইলিকে ঘৃণা করেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

একের পর এক উল্টাপাল্টা কাণ্ড-কীর্তি ঘটিয়ে তুমুল বিতর্কিত তারকায় পরিণত হয়েছেন বিবার। সম্প্রতি একটি টক শোতে বিবারকে নিয়ে বাঁকা মন্তব্য করেন মাইলি। তিনি মজা করে বলেন, ‘নিজের বাড়িতেই একটি নৈশক্লাব বানিয়ে সেখানে পার্টিতে মেতে ওঠা উচিত বিবারের।’

মাইলির মন্তব্যের বিষয়টি জানার পর বেজায় চটে যান বিবার। তিনি মাইলিকে ফোন করে অশালীন ভাষায় কড়া কথা শুনিয়ে দেন। তিনি মাইলিকে আজেবাজে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য হুমকিও দেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে শোবিজস্পাই ডটকম।

এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, একটা সময়ে মাইলি নিজেও তাঁর বুনো আচরণের জন্য সমালোচিত হয়েছেন। অনেক দিন থেকেই মাইলিকে সত্যিকারের বন্ধু ভাবতেন বিবার। কিন্তু প্রিয় বন্ধুটির মুখে বাজে মন্তব্য শুনে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন।


সূত্রটি আরও জানিয়েছে, বিবার রেগেমেগে ফোন করার পর মাইলি তাঁর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। মাইলি দাবি করেন, সমালোচনা করার জন্য কিংবা নেতিবাচক মনোভাব নিয়ে ওই মন্তব্য তিনি করেননি। বিবারের সঙ্গে সমঝোতার আগ্রহও প্রকাশ করেন মাইলি। কিন্তু বিবার সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এখন মাইলিকে ঘৃণা করেন।